× হোম রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া সিটিজেন জার্নালিজম বিচিত্র ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন ইউরোপ অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ মানসিক স্বাস্থ্য ব্লকচেইন অন্যান্য ভাষান্তর ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বিশেষ
Helicopter service and a forgotten accident in the sixties
google_news print-icon

ষাটের দশকের সেই হেলিকপ্টার সার্ভিস ও ভুলে যাওয়া দুর্ঘটনা

ষাটের-দশকের-সেই-হেলিকপ্টার-সার্ভিস-ও-ভুলে-যাওয়া-দুর্ঘটনা
যে সময় সড়ক যোগাযোগও তেমন একটা ছিল না, রেলপথ ছিল ব্রিটিশ আমলের, তাতে লক্কর-ঝক্কর রেলগাড়ি ছুটতো, দেশ জুড়ে বিমানবন্দরই ছিল সাকুল্যে চারটি – সে সময় হেলিকপ্টারের এমন রমরমা অবাক হওয়ার মতো।

হেলিকপ্টারের পাখার শব্দে কান ঝাঁঝা করে। তবু গ্রামের নানাবয়সী মানুষ ভিড় করেছে হেলিপ্যাডে। ফাঁকা মাঠে হেলিপ্যাড। সেটিকে ঘিরে একটা জটলা। এ সুযোগ কাজে লাগিয়েছে ফেরিওয়ালার দল। বাদাম, চানাচুরসহ মনোহারি সব খাবার বিক্রি হচ্ছে। খোলা মাঠে যেন মেলা বসে গেছে।

হেলিকপ্টারের পাখার ঘুর্ণি বাতাসে উড়ে যাচ্ছে দর্শনার্থীদের ছাতা। উড়ছে মাথার চুল।

বরিশালের একটি মাঠে নামছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) সিকোরস্কি এস-সিক্সওয়ান এন এস মডেলের একটি ঢাউস হেলিকপ্টার। আরোহী নানা ধরনের পেশাজীবী। তারা এ হেলিকপ্টারের নিয়মিত যাত্রী।

ষাটের দশকে দেশের জেলা-মহকুমা শহরের এটি একটি নিয়মিত দৃশ্য। এখন এটা শুনতে বিস্ময়করই লাগবে - ষাট বছর আগে তখনকার পূর্ব-পাকিস্তান, অর্থাৎ আজকের বাংলাদেশে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল করত হেলিকপ্টার। যাত্রী নিয়ে ছুটত ঢাকা থেকে অন্তত ২০টি গন্তব্যে, নিয়মিত।

যে সময় এমনকি সড়ক যোগাযোগও তেমন একটা ছিল না, রেলপথ ছিল ব্রিটিশ আমলের, তাতে লক্কর-ঝক্কর রেলগাড়ি ছুটতো, দেশ জুড়ে বিমানবন্দরই ছিল সাকুল্যে চারটি – সে সময় হেলিকপ্টারের এমন রমরমা অবাক হওয়ার মতো।

১৯৬২ সালে পিআইএ যুক্তরাষ্ট্র থেকে কিনে আনে তিনটি ব্র্যান্ড নিউ সিকোরস্কি এস-সিক্সওয়ান হেলিকপ্টার। মাত্র এক বছর আগে হেলিকপ্টারের এই মডেলটি বাণিজ্যিক ব্যবহারের অনুমতি পায়। বড় আকৃতির এ হেলিকপ্টারে আসন সংখ্যা ছিলো ২৫টি। দুই পাইলট সহ ক্রু ছিলেন চারজন।

ষাটের দশকের সেই হেলিকপ্টার সার্ভিস ও ভুলে যাওয়া দুর্ঘটনা
পিআইএর কাছে ছিল তিনটি সিকোরস্কি এস-সিক্সওয়ান হেলিকপ্টার। ছবি: নিউজবাংলা

এই সিডিউল হেলিকপ্টার সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৯৬৩ সালে। শুরুর দিকে বরিশাল, খুলনা ও ফরিদপুরে চলাচল শুরু করে এ সেবা। ধীরে ধীরে গন্তব্য বেড়ে হয় ২০টি।

বর্তমানে দেশের সরকারি এভিয়েশন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম সে সময় ছিলেন কিশোর বয়সী। বাবার কর্মসূত্রে তখন তিনি ছিলেন বরিশালে। বরিশাল জিলা স্কুলের ছাত্র তিনি তখন। ওয়াহেদুল আলমের সুযোগ হয়েছিল এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘তখন ট্রান্সপোর্ট সিস্টেম খুব খারাপ ছিল। আমরা বিশেষ করে খুলনা বরিশাল বা সন্দ্বীপ এসব জায়গায় যেতে হলে অনেকগুলো ফেরি পার হতে হতো। ঢাকা থেকে চট্টগ্রাম যেতেও তিন চারটা ফেরি পার হতে হতো। অনেক সময় লাগতো। সারা দিনেও পৌছানো যেতো না। সে সময় এই সার্ভিসটি খুব জনপ্রিয় হয়েছিলো। আমার খুব ভালো করেই মনে আছে এটার উদ্বোধনী অনুষ্ঠান হলো, সেই ১৯৬৩ সালের কথা বলছি। উদ্বোধনী আনুষ্ঠানে আব্বা দাওয়াত পেয়েছিলেন, তার সাথে আমিও সেখানে ছিলাম। এটা এখনো স্মৃতিতে রয়েছে।

‘এরপর বরিশাল থেকে ৬৪ সালে আব্বা খুলনায় বদলী হয়ে আসলেন। সেখানে দেখা গেল যে আমরা যে বাসাটা ভাড়া নিলাম, সেটা হেলিপ্যাডের পাশেই ছিলো, ফায়ার ব্রিগেড রোডে। আমরা ওখান থেকে দেখতে পেতাম যে হেলিকপ্টার উঠা-নামা করছে নিয়মিতভাবে। সে সময় প্রচুর মানুষ এই হেলিকপ্টার দেখতে গ্রামগঞ্জ থেকে খুলনায় আসত। যাত্রীও কিন্তু সে সময় অনেক হতো। তখনকার দিনে পূর্ব পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল।’

ঢাকা থেকে চাঁদপুর, বগুড়া, সিরাজগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, চালনা বরিশাল, হাতিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম, রংপুর, পার্বতীপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, পাবনা, সিলেট, শমশেরনগর, হবিগঞ্জ, ভৈরব, কুমিল্লা, যশোর, ভোলা, রাঙ্গামাটি, কক্সবাজারেও চলতো হেলিকপ্টার। বলতে কী এটিকে বলা হতো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক হেলিকপ্টার সেবা। অন্তত তখনকার এভিয়েশন বিষয়ক ম্যাগাজিনগুলোর বিজ্ঞাপনে সেরকমই দাবি করতে দেখা যায়। এ দাবি কতটা সঠিক ছিল, নিশ্চিত করা কঠিন। তবে উপমহাদেশে আর কোথাও এরকম হেলিকপ্টার সেবা ছিল না। এমনকি পূর্ব পাকিস্তানে এ সেবা চালু করা হলেও এরকম কোনো সেবা পশ্চিম পাকিস্তানে চলেনি।

হেলিকপ্টার সেবাটি জনপ্রিয় হওয়ার একটি বড় কারণ এর টিকেটের দাম ছিল কম। টিকেটের গড় দাম ছিল ২৫ টাকা। কায়সার হোসেন নামে একজন স্মৃতিচারণ করতে গিয়ে ফেসবুকে লিখেছেন, সে সময় ঢাকা থেকে কুমিল্লা হেলিকপ্টার ভাড়া ছিল ১২ টাকা, চাঁদপুর ছিল ১৫ টাকা, বরিশাল ছিল ৩৫ টাকা।

মাহবুবুল হক নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী তার বাবার কাছে শোনা একটি অভিজ্ঞতা ফেসবুকে বর্ণনা করেছেন এভাবে :

আমার আব্বা ও মেজ মামা এই হেলিকপ্টার সার্ভিস ব্যবহার করতেন। আব্বা ও মামা ঢাকা, বরিশাল, ভোলা, ফরিদপুরের ভিতর যাতায়াত করতেন। ভাড়া ছিলো ১০ থেকে ৫০ টাকার মধ্যে। উনারা এবং অন্যরা হেলিকপ্টারে মুরগী, হাঁস, ইলিশ মাছ, মহিষের দই নিয়ে উঠতেন। আমার আব্বা আমাকে এই গল্প বলেছেন।

ছোটবেলায় এই হেলিকপ্টারে ওঠার বর্ণনা পাওয়া যায় নবী এন মাহমুদ নামে একজনের লেখায়। ফেসবুকে তিনি লিখেছেন:

এই ভ্রমণ খুবই উপভোগ্য ছিল। হেলিকপ্টারগুলো খুব নিচে দিয়ে উড়ে যেত। জানালা দিয়ে নিচে গাছ-পালা ঘর-বাড়ী এমনকি মানুষ পশু-পাখি পর্যন্ত স্পষ্ট দেখা যেত। পথ-ঘাট মাঠ নদী সব দৃশ্য অতুলনীয় মনে হতো। ভ্রমণের সময় ইচ্ছামতো চকলেট নেয়া যেতো।

প্রশ্ন হলো, যে সেবার এতো রমরমা, সেটা কোথায় হারিয়ে গেল? কেন? কী করে সেটা সবার স্মৃতি থেকে মুছে গেল?

কারও স্মৃতিতে এটা না থাকার কারণ এ সেবা খুব বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র তিন বছর। যেভাবে হুট করে সেটা শুরু হয়েছিল, হুট করেই সেটা বন্ধ হয়ে গেছে। রাতারাতি। আর এর জন্য দায়ী একটি দুর্ঘটনা। সেই দুর্ঘটনা ছিল ভয়াবহ।

১৯৬৬ সালের দোসরা ফেব্রুয়ারি ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে উড়াল দেয় সেই তিন হেলিকপ্টারের একটি। তিন ক্রুসহ ২৪ আরোহী ছিল তাতে। গন্তব্য থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে সেটি বিধ্বস্ত হয়।

এতে থাকা ২৪ আরোহীর ২৩ জনেরই মৃত্যু হয়, ঘটনাস্থলে। বেঁচে যান মাত্র একজন।

কেন বিধ্বস্ত হয়েছিল হেলিকপ্টারটি? তখনকার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন বা পিআইএ-এর প্রেসিডেন্ট এয়ার মার্শাল আসগর খান বলেছিলেন, হেলিকপ্টারটির পেছনের অংশ এবং মূল পাখায় শকুনের ধাক্কা লেগেছিল। পরদিন তেসরা ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকের আট কলাম জুড়ে প্রধান সংবাদ ছিল এই দুর্ঘটনাটি। সেই প্রতিবেদনে বলা হয়েছে:

ফরিদপুরে হেলিকপ্টার দুর্ঘটনার অব্যহিত পর ঘটনাস্থল পরিদর্শনের পর ইত্তেফাকের নিজস্ব সংবাদদাতা টেলিফোনযোগে জানান যে, একটি উড়ন্ত শকুনের সহিত সংঘর্ষই যে ফরিদপুরের অদূরে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ, সে সম্পর্কে কাহারও মনে আর সংশয় থাকিতে পারে না। হেলিপোর্টের তিন মাইল দক্ষিণ-পূর্বের তুলাগ্রামে যখন অগ্নি প্রজ্বলিত অবস্থায় হেলিকপ্টারটি মাটিতে পড়িয়া বিধ্বস্ত হইতেছে, তাহার কয়েক সেকেন্ড পূর্বে বায়তুল আমানের টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে ক্রীড়ারত ছাত্র আবদুর রাজ্জাক ও তাহার সঙ্গীরা আকাশ হইতে একরাশ পাখীর পালক ঝরিয়া পড়িতে দেখে ও পরক্ষণেই একটি দ্বিখণ্ডিত শকুন আসিয়া ধপাস করিয়া তাহাদের সামনে পড়ে। এ ঘটনা হইতে কাহারও আর বুঝিতে বাকী থাকে না যে, শকুনের সহিত সংঘর্ষের ফলেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ষাটের দশকের সেই হেলিকপ্টার সার্ভিস ও ভুলে যাওয়া দুর্ঘটনা
দৈনিক ইত্তেফাক পত্রিকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর। ছবি: নিউজবাংলা

এই ঘটনায় যে একজন মাত্র যাত্রী বেঁচে যান, বর্তমানে সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনিও ঘটনার স্মৃতিচারণ করেছেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হয়ে কর্মসূত্রে তিনি সেদিন ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘হেলিকপ্টারটা দুপুর ২টায় ঢাকা বিমানবন্দর থেকে ছাড়ল। আমি টিকিট কিনে উঠলাম। আমি যখন উঠলাম, তখন সামনের দিকে বসার চেষ্টা করলাম হেলিকপ্টারের। তখন কম বয়স, দেখতে চাই পাইলটের কাজ কারবার। কিন্তু ওরা আমাকে সামনে বসতে দিলো না। যে স্টুয়ার্ট ছিল, সে আমাকে বলল, আপনি পেছনে যান। সবার পেছনে নিয়ে আমাকে বসিয়ে দিলো। ফ্লাইটে সব মিলিয়ে ২৪ জন মানুষ ছিলো। আমি একটু বিরক্ত হলাম, মন খারাপ যে সামনে বসতে পারলাম না। হেলিকপ্টার উড়াল দিলো।

‘এর ২০ মিনিটের মাথায় বলল যে, আমরা ফরিদপুরের কাছাকাছি এসে গেছি, নামব এখন। সে সময় শুরু হলো একটা কড়্-কড়্ আওয়াজ, ইঞ্জিনের আওয়াজ, মাথার উপরে ব্লেড যেখানে ঘোড়ে। এরপর দেখি ফ্লাইটটা মাথা ঘুড়ছে, এদিক সেদিক যাচ্ছে। মানুষের মধ্যে এক ধরনের চাপা কান্না মনে হচ্ছে, কী জানি হচ্ছে। তাকিয়ে দেখি মাটি দেখা যাচ্ছে আর হেলিকপ্টারটা চক্কর খাচ্ছে। মিনিট খানেকের মধ্যে এটা ধপাস করে মাটিতে পড়ে গেল। আমি তখন সিটে বসা, কেন জানি না বেল্টটা খুলে ফেললাম। মাটিতে পড়েই আগুন জ্বলে উঠলো, সেটা আমি দেখলাম। সঙ্গে সঙ্গে হুশও চলে গেল আমার। বেহুশ হয়ে গেলাম। মিনিট খানেক পরেই হুশ আসলো। দেখি যে মাটিতে পড়ে আছে সবাই। কোনো আওয়াজ নেই নিস্তব্ধ, সামনে আগুন দেখা যাচ্ছে। আমি তখন সচেতন হয়ে গেছি। দেখি যে আমার বাঁ দিকে জানালা নাই। তখন আমি সেদিকে পা বাড়িয়ে মাটিতে পড়ে গেলাম।’

স্থানীয়দের সহায়তায় এম এ মান্নানকে প্রথমে গ্রামেই একটি বাড়িতে নেয়া হয়। পরে তাকে নিয়ে আসা হয় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে। সেই সময় ফরিদপুরের ডিসি ছিলেন এম কে আনোয়ার, যিনি পরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে মন্ত্রী হয়েছিলেন। এই দুর্ঘটনাটি এম এ মান্নানের মনে এমন দাগ কেটেছিল, যেটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে ট্রমা।

এই দুর্ঘটনা ১০ মাস পর আরেকটি দুর্ঘটনা ঘটে। ১০ ডিসেম্বর রাজধানীর অদূরে রূপপুর এলাকায় বিধ্বস্ত হয় দ্বিতীয় একটি হেলিকপ্টার। প্রাণ হারান পাইলট সৈয়দ হাবিবুল হাসান। আরেক পাইলট আহত হলেও প্রাণে বেঁচে যান। হাবিবুল হাসান একই সাথে এই হেলিকপ্টার সার্ভিসের চিফ পাইলট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পরদিন ১১ ডিসেম্বর দৈনিক আজাদির প্রধান খবর ছিল এই হেলিকপ্টার দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী বিবরণে প্রকাশ যে, রূপপুর গ্রামের আকাশে উড্ডীয়নকালে অকস্মাৎ বিকট শব্দ করিয়া হেলিকপ্টারের পেছনের চাকা পড়িয়া যায় এবং সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটি সম্পূর্ণ ঘুরিয়া যায়। এই সময় বিমানটির একটি ব্লেড ভাঙ্গিয়া নিকটবর্তী একটি বাড়ির রান্নাঘরের উপর গিয়া পড়ে, ফলে রান্নাঘরটি বিধ্বস্ত হয়। প্রায় সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটি অসমতল ভূমির উপর নিক্ষিপ্ত হয় এবং ভূতলে পড়িবার সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারটির মাঝখানে আগুন ধরিয়া যায়। প্রকাশ পায়, হেলিকপ্টার চালকের উপস্থিত বুদ্ধির ফলে উহা দিক পরিবর্তন করিয়া উল্লিখিত গ্রামের পার্শ্ববর্তী মাঠে বিধ্বস্ত হয়। অন্যথায় লোকালয়ের উপর বিধ্বস্ত হইলে নিহতের সংখ্যা আরও অধিক হইতে পারিত। বিধ্বস্তের পর ক্যাপ্টেন হাসানের মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয় নাই। প্রচন্ড আঘাতে তাহার মুখমন্ডল বিকৃত হইয়া যায় এবং আগুনে পুড়িয়া দেহ শনাক্তের বাহিরে চলিয়া যায়।

আগেই বলা হয়েছে, সে সময় পিআইয়ের কাছে এ ধরনের হেলিকপ্টার ছিল মাত্র তিনটি। যার একটি ফেব্রুয়ারিতে, আরেকটি বিধ্বস্ত হয় ডিসেম্বরে। ফলে তাদের বহরে অবশিষ্ট থাকে আর মাত্র একটি হেলিকপ্টার। এ ঘটনার পর সাময়িকভাবে এই হেলিকপ্টার সেবা বন্ধ করে দেয় পিআইএ। পরে আর কখনই সেটি চালু করা যায় নি।

ষাটের দশকের সেই হেলিকপ্টার সার্ভিস ও ভুলে যাওয়া দুর্ঘটনা
দৈনিক আজাদে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর। ছবি: নিউজবাংলা

এভাবেই বন্ধ হয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক হেলিকপ্টার সার্ভিস। অক্ষত থাকা শেষ হেলিকপ্টারটি ব্রিটিশ এয়ারওয়েজের কাছে বিক্রি করে দেয় পিআইএ।

স্বাধীনতার ৫০ বছরে দেশে আকাশপথে যাত্রী বেড়েছে কয়েক গুণ। এক সময় যেখানে শুধু রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস দেশের ভেতরে এবং আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করত, সেখানে এখন যুক্ত হয়েছে বেসরকারি এয়ারলাইনসও। এক সময় যে আকাশপথে চলাচল করাকে বিলাস হিসেবে দেখা হতো, সেটি এখন পরিণত হয়েছে প্রয়োজনে।

শুধু যাত্রী পরিবহনই নয়, ব্যবসা বাণিজ্যের বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এই আকাশপথ। বিশেষ করে বিদেশ থেকে আসা বিনিয়োগকারীরা সড়ক বা রেলে ভোগান্তি কমাতে আরামে চলাচল করছেন এই আকাশপথে। কিন্তু সমস্যা হলো দেশের সব জেলায় তো আর বিমানবন্দর নেই। দেশের ভেতরে বিমানবন্দর মাত্র সাতটি।

ষাটের দশকের সেই হেলিকপ্টার সার্ভিস ও ভুলে যাওয়া দুর্ঘটনা
সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান। ছবি: নিউজবাংলা



খুব সহসাই বিমানবন্দরের সংখ্যা যে বাড়বে, তা ভাবারও কোনো কারণ নেই। প্রত্যন্ত অঞ্চলসহ যে কোনো এলাকায় ভ্রমণের জন্য বিত্তশালীরা এখন বেছে নিচ্ছেন ভাড়ার হেলিকপ্টার সেবা। কিন্তু তা ঠিক সাধারণের বাহন আর হয়ে উঠতে পারেনি। কেন তা হয়নি তা ব্যাখ্যা করেছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম।

তিনি বলেন, ‘হেলিকপ্টার সার্ভিস সম্বন্ধে বলা হয়ে থাকে যে এটা একটু এক্সপেনসিভ। এখানে যে ফুয়েলটা ব্যবহার হয় এটার দাম বেশি, এটার মেইনটেন্যান্স কস্ট বেশি। এ কারণে এখন অনেকে এটাতে উৎসাহ দিতে চায় না বা কেউ হয়তো এভাবে চিন্তাও করে নি।

‘এটা কমার্শিয়ালি অপারেশনের জন্য যে ধরনের উদ্যোগ বা ইনিশিয়েটিভ নেয়া দরকার সেটা হয় নি। যার ফলে স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা হেলিকপ্টার সার্ভিসটা প্রচলন করতে পারি নি।’

ষাটের দশকের সাধারণের সেই হেলিকপ্টার সেবা আর ফিরে না এলেও দেশে এখন ভাড়ায় হেলিকপ্টার সেবা নেয়া যায়। শুরুতে ব্যক্তিগত ব্যবহারের জন্য এই হেলিকপ্টারগুলোর অনুমোদন দেয়া হলেও এগুলো দিয়ে বাণিজ্যিক সেবাও মিলছে। এখন দেশে প্রায় ১০টি প্রতিষ্ঠানের ৩০টি হেলিকপ্টার বাণিজ্যিক সেবা দিচ্ছে। এগুলো সাধারণত চার্টার্ড সেবা দিয়ে থাকে।

এর মধ্যে স্কয়ার লিমিটেডের তিনটি, মেঘনা এভিয়েশনের চারটি, আর অ্যান্ড আর এভিয়েশনের সাতটি, সাউথ এশিয়ান এয়ারলাইনসের চারটি, বসুন্ধরা এয়ারওয়েজের চারটি, ইমপ্রেস এভিয়েশনের একটি, বিআরবি এয়ার লিমিটেডের দুটি, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি, পারটেক্স এভিয়েশন ও বিসিএলে দুটি করে হেলিকপ্টার বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। তবে এগুলো আকারে অনেক ছোট। আসন সংখ্যা ৪ থেকে ৮টি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) হিসেবে কয়েক বছর আগেও মাসে হেলিকপ্টারের ফ্লাইটসংখ্যা ছিল ১ হাজারের মতো। এখন প্রতি মাসে হেলিকপ্টারের ফ্লাইট রয়েছে প্রায় ৫ হাজারেরও বেশি। সাধারণত করপোরেট প্রয়োজন কিংবা মেডিকেল ইমারজেন্সিতে ব্যবহার হয় এই হেলিকপ্টারগুলো। প্রতি ঘণ্টায় খরচ হয় ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা।

সেই ষাটের দশকে যদি সুনির্দিষ্ট গন্তব্যে নিয়মিত হেলিকপ্টার সেবা থেকে থাকে এবং সেটা আর্থিকভাবে লাভজনক হয়, তাহলে এ যুগে সেটি আবার চালু হচ্ছে না কেন? জানতে চাওয়া হয়েছিল দেশি এয়ারলাইনসগুলোর সংগঠন এভিয়েশন অপারেটরস এসোসিয়েশনের উপদেষ্টা এ টি এম নজরুল ইসলামের কাছে।

তিনি বলেন, ‘আগে যেমন ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল আগে যেটা ছিলো সেটার চেয়ে কিন্তু এখন অনেক নিয়ম বদল হয়ে গেছে। আগের এয়ার স্পেসগুলো ছিল জাস্ট ইনফরমেশন সার্ভিস। একটা এয়ারক্রাফট যে টেকঅফ করে যাবে, যেখানে ল্যান্ড করবে সেটা কিন্তু জানানো হতো না। সেই দায়বদ্ধতা কে নেবে?

‘যতক্ষণ পর্যন্ত না হেলিপ্যাড নির্মাণ হবে আর সিভিল এভিয়েশন সেখানে একটা শ্রেণী বা নিয়ম তৈরি করবে, ততক্ষণ পর্যন্ত সূচি হিসেবে যাওয়াটা কঠিন। আর যদি এয়ারপোর্ট টু এয়ারপোর্ট যায় তাহলে মানুষ হয়তো শখের বসে যাবে, কিন্তু কমার্সিয়ালি এটা ভায়াবেল হবে না। হেলিকপ্টারের ভাড়াটা কিন্তু অনেক বেশি হবে।’

আবার এ ধরনের সেবা চালাতে গিয়ে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রে দায় কার হবে, তা নিয়েও রয়েছে সংশয়। যেমন ধরা যাক যদি উড়োজাহাজ দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হন, তাহলে ইন্সুরেন্সের মাধ্যমে নিহতের আইনসিদ্ধ উত্তরাধিকারী বা আহত ব্যক্তি নির্দিষ্ট হারে ক্ষতিপূরণ পেয়ে থাকেন। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা আইকাও-এর নিয়ম এ ক্ষেত্রে অত্যন্ত কড়া। এটির ব্যতয় ঘটানোর সুযোগ নেই। কিন্তু হেলিকপ্টারের ক্ষেত্রে এমনটা করা বেশ জটিল। পাশাপাশি নিরাপত্তার ঝুঁকির বিষয়টিও রয়েছে।

এভিয়েশন অপারেটরস এসোসিয়েশনের উপদেষ্টা এ টি এম নজরুল ইসলাম বলেন, ‘পিআইএ যখন এটা করেছিল, তারা নিজেদের অ্যারেঞ্জমেন্টে করেছিল। সেখানে সিভিল এভিয়েশনের নিয়মগুলো কতটা ফলো করা হয়েছে, আমার জানা নেই। তখন হয়ত এমন একটি এয়ারস্পেসের কথা চিন্তা করা হয়েছে, যেখানে দায়ভার সম্পূর্ণভাবে পাইলট বা অপারেটরের উপরে থাকবে।

‘ওই অবস্থান এখন নেই। এখানে নিরাপত্তার একটি বিষয়ও আছে। এয়ারপোর্ট থেকে যদি একটা আননোন প্লেসে যায়, আবার সেখান থেকে যাত্রী নিয়ে আসে বিমানবন্দরে, সেখানে যদি সিকিউরিটি চেকগুলো না হয়, তাহলে সেটা অন্যদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে।’

আশার কথা হচ্ছে, রাজধানীর অদূরে কাওলা এলাকায় দেশের প্রথম হেলিপোর্ট নির্মাণ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু হেলিপোর্ট নামের এই হেলিপোর্টে অন্তত ৮০টি হেলিকপ্টার রাখার ব্যবস্থা থাকবে। একই সময়ে একাধিক হেলিকপ্টার ওঠানামার প্রযুক্তিও সংযুক্ত থাকবে এতে। হয়তো অদূর ভবিষ্যতে আবারও ষাটের দশকের সেই হেলিকপ্টার সার্ভিসের মতো কোনো সেবার দেখা মিলতে পারে।

মন্তব্য

আরও পড়ুন

বিশেষ
The bus terminal is moving from the heart of Dhaka
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা

ঢাকার বুক থেকে সরছে বাস টার্মিনাল

ঢাকার বুক থেকে সরছে বাস টার্মিনাল
# যানজটমুক্ত তিলোত্তমা নগরীর নতুন রোডম্যাপ

দীর্ঘদিনের তীব্র যানজট, হর্ন আর বিশৃঙ্খলার অভিশাপ থেকে রাজধানী ঢাকাকে মুক্ত করতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে বর্তমান সরকার। ঢাকার প্রবেশপথ এবং অভ্যন্তরের ট্রাফিক জটলা চিরতরে দূর করার লক্ষ্যে সায়দাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল রাজধানীর ভেতর থেকে সরিয়ে ঢাকার বাইরে বা উপযুক্ত প্রান্তিক (আউটার) স্থানে পর্যায়ক্রমে স্থানান্তরের কঠোর ও সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক তৃতীয় দফার এক উচ্চপর্যায়ের বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক ট্রাফিক ব্যবস্থার আমূল সংস্কার এবং নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে অত্যন্ত সুক্ষ্ম ও বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে ঢাকা মহানগরের দুই প্রশাসক সাংবাদিকদের এই মেগা পরিকল্পনার কথা নিশ্চিত করেন।

যানজটের ‘রুট কজ’ বা মূল উৎস দূর করার উদ্যোগ: ঢাকা আজ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং ধীরগতির শহর হিসেবে পরিচিত। এর অন্যতম প্রধান কারণ হলো শহরের ভৌগোলিক বিন্যাস ও অপরিকল্পিত পরিবহন ব্যবস্থা। রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়দাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দূরপাল্লার বাস এই টার্মিনালগুলোতে প্রবেশ করে এবং বের হয়। ফলে সায়েদাবাদ দিয়ে যাত্রাবাড়ী-চিটাগাং রোড, মহাখালী দিয়ে টঙ্গী-উত্তরা রুট এবং গুলিস্তানের কারণে পুরান ঢাকা ও মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর সার্বক্ষণিক যানজট লেগেই থাকে। এই সংকটের কারণে প্রতিদিন লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। এই দীর্ঘস্থায়ী সংকট দূর করতে নগরীর ভেতর থেকে এসব টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে প্রয়োজনীয় ও দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নীতি-নির্ধারণী সভায় শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই নীতি-নির্ধারণী সভায় সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক ও অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় ঢাকার ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম নিজেদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন রূপরেখা তুলে ধরেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক, ডিএমপি কমিশনার, রাজউক, বিআরটিএ, বিআরটিসি এবং সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঢাকাকে বাসযোগ্য

করতে হলে শহরের ভেতর দূরপাল্লার বাসের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

সম্ভাব্য বিকল্প স্থানসমূহ: সংশ্লিষ্ট সূত্র ও নগর পরিকল্পনাবিদদের পূর্ববর্তী সমীক্ষা অনুযায়ী, টার্মিনালগুলো এক দিনে সরানো সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে ঢাকার বাইরে চারপাশের উপযুক্ত প্রান্তিক স্থানগুলোতে এগুলোকে পুনর্বাসন করা হবে। সম্ভাব্য বিকল্প স্থানগুলোর তালিকায় রয়েছে:

কাঁচপুর উত্তর ও দক্ষিণ: সিলেট ও চট্টগ্রাম বিভাগের বাসগুলোর জন্য। কেরানীগঞ্জ (বাউরিয়া): খুলনা ও বরিশালসহ দক্ষিণবঙ্গের বাসগুলোর জন্য।

সাভার (হেমায়েতপুর বা আমিনবাজার): রাজশাহী ও রংপুরসহ উত্তরবঙ্গের বাসগুলোর জন্য।

গাজীপুর বা বাউলিয়াসংলগ্ন এলাকা: ময়মনসিংহ বিভাগের বাসগুলোর জন্য।

এই প্রান্তিক টার্মিনালগুলো নির্মিত হলে দূরপাল্লার বাসগুলো ঢাকার মূল সীমানার বাইরে থেকেই তাদের যাত্রী নামিয়ে আবার চলে যেতে পারবে। ফলে শহরের ভেতরের রাস্তায় বাসের অতিরিক্ত চাপ প্রায় ৮০ শতাংশ কমে যাবে।

বাস্তবায়নের মূল চ্যালেঞ্জসমূহ: জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণ: ঢাকার বাইরে বিশাল আকৃতির আধুনিক টার্মিনাল তৈরির জন্য বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা এবং সেখানে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করা একটি দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল প্রক্রিয়া।

পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বয়: পরিবহন সেক্টরের শক্তিশালী সিন্ডিকেট এবং শ্রমিক ইউনিয়নগুলোকে এই সিদ্ধান্তের পক্ষে আনা এবং তাদের পুনর্বাসন নিশ্চিত করা একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ।

কানেক্টিভিটি বা লিংক ট্রান্সপোর্ট: দূরপাল্লার যাত্রীরা যখন ঢাকার বাইরে নামবেন, তখন তারা কীভাবে সহজে এবং কম খরচে শহরের ভেতরে ঢুকবেন, সেই সুব্যবস্থা করা।

নগর পরিকল্পনাবিদ এবং বুয়েটের বিশেষজ্ঞরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে তারা সতর্ক করে বলেছেন, শুধু টার্মিনাল সরালেই ঢাকার যানজট কমবে না, যদি না এর সাথে সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায়।

তারা বলেছেন, এই সিদ্ধান্ত ঢাকার ট্রাফিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করতে পারে। তবে প্রান্তিক টার্মিনালগুলোর সাথে শহরের মূল অংশের যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত ও সহজলভ্য করতে হবে। দূরপাল্লার যাত্রীদের শহরের ভেতর নিয়ে আসার জন্য এই আউটার টার্মিনালগুলোর সাথে মেট্রোরেল, বাস র‍্যাপিড ট্রানজিট অথবা বিশেষ চক্রাকার বাস সার্ভিসের সংযোগ নিশ্চিত করতে হবে।

একই সাথে ঢাকার অভ্যন্তরীণ বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে শহরের ভেতরের লোকাল বাসগুলোর ফিটনেস ও শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নতুন আশার আলো: রাজধানীবাসীর বহু বছরের পুরনো এবং যৌক্তিক দাবি ছিল আন্তঃজেলা বাস টার্মিনালগুলো শহরের বাইরে নিয়ে যাওয়া। অবশেষে সরকারের এই কঠোর ও দূরদর্শী নির্দেশনা সেই দাবি বাস্তবায়নের পথ সুগম করল। এই মহাপরিকল্পনা যদি দ্রুত, দুর্নীতিমুক্ত এবং সমন্বিতভাবে মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়, তবে ঢাকাবাসী আগামীতে একটি আন্তর্জাতিক মানের যানজটমুক্ত, দূষণমুক্ত এবং আধুনিক তিলোত্তমা নগরী উপহার পাবে—এমনটাই এখন টেকসই উন্নয়নের মূল প্রত্যাশা।

মন্তব্য

বিশেষ
Officially not setting up new jute mills Everything will be under private management Jute Minister in Parliament

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয় সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: সংসদে পাটমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়
সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: সংসদে পাটমন্ত্রী

দেশে সরকারি উদ্যোগে নতুন কোনো পাটকল স্থাপনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ খাতে সরকারি নীতি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য।

সোমবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। এদিন বিকেল ৩টায় শুরু হওয়া সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

পাটমন্ত্রী বলেন, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন ২৫টি মিলের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯টি মিল চালু আছে। সরকারঘোষিত ৩১ দফার আলোকে বাকি মিলগুলোও বেসরকারি ব্যবস্থাপনায় ডিসেম্বরের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছি।

সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল লিখিত প্রশ্নে জানতে চান, সোনালি আঁশ পাট শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাটের উৎপাদন বৃদ্ধি ও বন্ধ পাটকল চালুসহ নতুন পাটকল স্থাপনের কোনো পরিকল্পনা মন্ত্রণালয়ের আছে কিনা?

জবাবে মন্ত্রী বলেন, সোনালি আঁশ পাটশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি আগামী ৩০ জুন শেষ হবে। পরবর্তীতে একই ধরনের কার্যক্রম নিয়ে নতুন প্রকল্প রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়নের পরিকল্পনা সরকারের রয়েছে।

বিজেএমসির আওতাধীন ২৫টি মিলের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯টি মিল চালু আছে। ২০২০ সালের ১ জুলাইয়ের সরকারি সিদ্ধান্তে বিজেএমসির আওতাধীন ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ২০টি মিলবে সরকারি ব্যবস্থাপনায় ইজারা ভিত্তিতে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে এরই মধ্যে ১৪টি মিলের ইজারা সম্পাদন করা হয়েছে, যার মধ্যে ৯টি মিল চালু করা হয়েছে।

অবশিষ্ট ৬টি মিল ইজারা দেওয়ার কার্যক্রম চলছে, যার মধ্যে ৩টি মিলের বিপরীতে চূড়ান্ত প্রস্তাব আহ্বান করা হয়েছে, একটি মিলের বিপরীতে দাখিল করা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (আগ্রহপত্র) প্রস্তাব মূল্যায়নের কাজ চলছে, ১টি মিলের জন্য আগ্রহপত্র আহ্বান করা হয়েছে এবং ১টি মিলের ইজারা কার্যক্রম প্রক্রিয়াধীন। আর বাকি মিলগুলোও সরকার ঘোষিত ৩১ দফার আলোকে বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা করা যায়।

মন্ত্রী বলেন, ইজারা বহির্ভূত ৫টি মিলের মধ্যে সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ায় ৩টি মিল এবং মামলাজনিত কারণে ২টি মিল লিজের বাইরে রাখা হয়েছিল। এই অবস্থায় সরকারিভাবে দেশে নতুন কোনও পাটকল স্থাপনের পরিকল্পনা নেই বরং সরকারি নীতি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে এই সেক্টরে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করাই সরকারের লক্ষ্য।

মন্তব্য

বিশেষ
In the hands of students before Christmas New books to be delivered Education Minister

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে 
নতুন বই পৌঁছে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, খ্রিষ্টধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগেই শিক্ষার্থীরা ২০২৭ সালের পাঠ্যবই হাতে পাবে। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করছি, এই বছরে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে তাদের বই পৌঁছে দেব। বইগুলি পরিমার্জিত বই এবং বইগুলোর কারিকুলাম অনেকটা পরিবর্তন হয়েছে। ২০২৮ সালে আমরা নতুন কারিকুলাম নিয়ে নতুন সিলেবাস নিয়ে আমরা আসতে পারব।’

মন্ত্রী আরও বলেন, ‘ইতিমধ্যে মাধ্যমিক স্তরের বইগুলো পরিমার্জন হয়েছে। চারটি বিষয়ে আমরা বই নতুনভাবে দিচ্ছি এবং এই কর্মযজ্ঞ শিক্ষা মন্ত্রণালয় চালিয়ে যাচ্ছে।’

সাধারণত বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হয়। তবে এবার ২৫ ডিসেম্বরের আগেই তাদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার কথা বললেন শিক্ষামন্ত্রী।

আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আপনারা দেখেছেন, মাধ্যমিক স্তরের এসএসসি পরীক্ষা সমাপ্ত হয়েছে সুন্দরভাবে। প্রশ্নপত্র আউট (ফাঁস) হয়নি, নকল হয়নি এবং দুই মাসের ভেতরে আগামী ২০ জুলাইয়ের ভেতরে রেজাল্টও আউট (ফল প্রকাশ) হয়ে যাবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এর পরবর্তীতে সেশন জট এবং এই যে গ্যাপ রয়েছে আমাদের এসএসসি, এইচএসসি এবং ইউনিভার্সিটি এডুকেশনের, এই গ্যাপগুলোকে আমরা সমন্বয় সাধন করছি। আশা করছি, ২০২৮-এর মধ্যে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই কলেজ অ্যাডমিশন এবং কলেজ শেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন...। এটাকে আমরা সিংক্রোনাইজ করছি। আমরা কোনো অবস্থায়ই অবহেলায় সময় কাটাব না আমাদের শিক্ষার্থীদের জন্য।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা এই যে সিংক্রোনাইজ করছি এসএসসি, এইচএসসি এবং ইউনিভার্সিটি এডুকেশন, এখানে যেন ছেলেমেয়েরা বসে না থাকে এবং অযথা যেন কোচিং সেন্টারে যেতে না হয় এবং ক্রিয়েটিভ এডুকেশন, সৃজনশীল লেখাপড়া যেন তারা করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সিলেবাস কারিকুলাম তৈরি করছি।’

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য

বিশেষ
Prevention of mosquito borne diseases including dengue Reorganization of the National Committee

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে 
জাতীয় কমিটি পুনর্গঠন

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির পুনর্গঠন করেছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রীকে সভাপতি করে এই কমিটি পুনর্গঠন করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন করে প্রতিনিধিকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

এ ছাড়া স্বরাষ্ট্র, প্রাথমিক ও গণশিক্ষা; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; গৃহায়ণ ও গণপূর্ত, প্রতিরক্ষা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, রেলপথ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবদের কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

এর বাইরে সব ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক, সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টামলজি বিভাগের চেয়ারম্যান, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) এন্টামলজি বিভাগের প্রধানকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটিকে সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা, মূল্যায়ন, তদারকি ও সমন্বয় সাধন করতে বলা হয়েছে। এছাড়া কমিটিকে প্রয়োজনীয় গবেষণা পরিচালনা, জাতীয় নীতিমালা বা কৌশলপত্র প্রণয়ন ও হালনাগাদ করা ছাড়াও প্রয়োজন অনুযায়ী অন্যান্য কার্যক্রম করতে হবে। বছরে কমপক্ষে চারটি সভা করতে হবে। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

মন্তব্য

বিশেষ
One of the masterminds of the illegal election is Benazir Ahmed Chief Prosecutor

অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর

অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া অবৈধ তিন নির্বাচনের অন্যতম কারিগর ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘বেনজীর আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড নন। তিনি একসময় সরকার চালাতেন। কোনো কোনো জায়গায় শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন। এই পরিচিতির কারণ হলো, তার হেন দুষ্কর্ম নেই যেটা তিনি নিজের কর্মজীবনে করেননি। তবে আওয়ামী লীগের শেষ সময়ে তাদেরই কোনো অভ্যন্তরীণ কোন্দলে তার এসব কুকীর্তি প্রকাশ হয়ে যায়। গণমাধ্যমের মাধ্যমে বেনজীরের সবকিছু দেখেছিল এ জাতি। এ কারণে তার বিরুদ্ধে তখনই মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন।’

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল ইসলাম বলেন, ‘বেনজীরের বিরুদ্ধে আমাদের প্রায় ১০টির মতো মামলার তদন্ত চলছে। প্রত্যেকটি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এর মধ্যে যখন র‌্যাবের প্রধান ছিলেন, তখন গুমের ঘটনায় হওয়া একটি মামলার বিচার চলছে। তিনি শাপলা চত্বরের অন্যতম কুশীলব ছিলেন। তিনি দায়িত্বে থাকাকালীন অসংখ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া প্রত্যেকটি নির্বাচনে বেনজীরের বিতর্কিত ভূমিকা ছিল। অবৈধ নির্বাচন করার অন্যতম কারিগর ছিলেন তিনি। এ দেশের গণতন্ত্র নস্যাৎ করতে হাজারো মানুষকে বিনাবিচারে হত্যা করাসহ অসংখ্য দায় রয়েছে তার। অতএব তার বিচারের ব্যাপারে আমরা সর্বোচ্চ নজর দেব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার, মার্জিনা রহমানসহ অন্যান্য প্রসিকিউটররা।

মন্তব্য

বিশেষ
Shahjalal with huge foreign currency Detained French national remanded

শাহজালালে বিপুল বৈদেশিক মুদ্রাসহ আটক ফরাসি নাগরিক রিমান্ডে

শাহজালালে বিপুল বৈদেশিক মুদ্রাসহ 
আটক ফরাসি নাগরিক রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণাবিহীন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধারের মামলায় ডেভিড পিয়েরে আন্দ্রে ডেলন (৪৪) নামের এক ফরাসি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোস্তাফিজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ এই আবেদনের পক্ষে শুনানি করে। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের সময় ডেভিড পিয়েরে নামের ওই ফরাসি নাগরিকের আচরণ সন্দেহজনক মনে হয়। বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে তার ব্যাগ ও লাগেজ তল্লাশি করে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

জব্দকৃত মুদ্রার মধ্যে রয়েছে ২ লাখ ৯৮ হাজার ৫২০ ইউএই দিরহাম, ১০ হাজার ৬৬০ সোম, ২ হাজার ৮০০ ইউরো, ১ হাজার ৭০০ মার্কিন ডলার, ৪৭০ সৌদি রিয়াল এবং ২০০ মরক্কান দিরহাম।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা বহনের ক্ষেত্রে ঘোষণা ও অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হলেও ওই বিদেশি নাগরিক তা করেননি। এই ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মামলার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রকৃত উৎস কী, এগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোন উদ্দেশে পাচার করা হচ্ছিল—তা উদ্‌ঘাটনের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এই মুদ্রা পাচারের পেছনে কোনো দেশি-বিদেশি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

বিশেষ
He got bail in three cases Musician Mumtaz Begum

তিন মামলায় জামিন পেলেন সংগীতশিল্পী মমতাজ বেগম

তিন মামলায় জামিন পেলেন
সংগীতশিল্পী মমতাজ বেগম

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলাসহ ৩টি মামলায় জামিন পেয়েছেন সাবেক এমপি ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম। সোমবার হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এদিন আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট খায়রুন নেছা।

শুনানি শেষে আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে বর্তমানে মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় হাইকোর্ট জামিন মঞ্জুর করেছেন। অবশিষ্ট ৩টি মামলার জামিন আবেদন শুনানির জন্য আগামী ১৮ জুন দিন ধার্য করেছেন আদালত। তিনি আরও বলেন, ‘আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা মোকাবিলা করব।’

উল্লেখ্য, ২০২৫ সালের মে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন শিল্পী মমতাজ। পুলিশ জানিয়েছে, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পরে গত ১৭ মে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

মমতাজ বেগম একাধারে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এবং সাবেক এমপি। তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার কার্যক্রম বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এর আগে রাজধানীর মিরপুর থানায় করা সাগর হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ বেগমকে কোন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

মন্তব্য

p
উপরে