দেশকে স্বাধীন করতে পাকিস্তানি বিমান বাহিনীতে কাজ করা বাঙালি অফিসার আর সেনাদের অবদানও কোনো অংশেই কম নয়।
শোষণ-বঞ্চনায় পাকিস্তানি বিমান বাহিনী ও সিভিল এভিয়েশনে কর্মরত বাঙালিরাও ছিলেন ক্ষুব্ধ।
যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন তারা মন দেন নিজেদের বিমান বাহিনী গঠনে। প্রায় ৫০০ জন সৈনিক ও ৩৫ জন অফিসার পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে আসেন যুদ্ধ করতে।
একই পথ ধরেছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সসহ সিভিল এভিয়েশনে কর্মরত ১৭ জন পাইলটও।
স্থলবাহিনীর তুলনায় বিমান বাহিনী তৈরির কাজটি জটিল। আন্তরিকতা আর সাহসের পাশাপাশি দরকার অবকাঠামো, বিমান, অর্থকড়ি, যার কোনোটি ছিল না সে সময়ের প্রবাসী বাংলাদেশ সরকারের।
তবে মুক্তিবাহিনী গড়ে তুলতে সহায়তা দেয়া ভারত হাত বাড়ায় বিমান বাহিনী গঠনেও। ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর মাসে আসে সেই কাঙ্ক্ষিত ক্ষণ। ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরের পরিত্যক্ত বিমানঘাঁটিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে জন্ম নেয় বাংলাদেশ বিমান বাহিনী। প্রথম যে বিমানবহর যুক্ত হয় তার নাম দেয়া হয় ‘কিলো ফ্লাইট’।
কিলো ফ্লাইটে বিমান চালনা ও অপারেশনের জন্য সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন নয় জন। স্বাধীন বাংলা তাদের স্বীকৃতি দিয়েছে বীর উত্তম ও বীর প্রতীক হিসেবে।
তারা হলেন এক নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ (বীর উত্তম), ক্যাপ্টেন বদরুল আলম (বীর উত্তম), ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ (বীর উত্তম), ক্যাপ্টেন আকরাম আহমেদ (বীর উত্তম), ক্যাপ্টেন আলমগীর সাত্তার (বীর প্রতীক), ক্যাপ্টেন খালেক (বীর প্রতীক), ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মাদ শামসুল আলম (বীর উত্তম), ক্যাপ্টেন মুকিত (বীর প্রতীক) এবং ক্যাপ্টেন শরফুদ্দিন আহমেদ (বীর উত্তম)।
ক্যাপ্টেন শাহাবউদ্দিন আহমেদ এখন থাকেন রাজধানীর গুলশানের নিজ বাড়িতে। বিজয়ের মাসে ৭১ এর স্মৃতির আকাশে উড়াল দেন তিনি, সঙ্গী নিউজবাংলা।
মুক্তিযুদ্ধে কীভাবে এলেন?
আমি তখন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে (পিআইএ) পাইলট হিসেবে কাজ করি। পাকিস্তানিদের তুলনায় বাঙালি অফিসারদের অধিকারের জায়গাটা সবসময়ই থাকত ছোটো। প্রশিক্ষণ থেকে অন্যান্য সুযোগ সুবিধা সব জায়গায় ছিল বৈষম্য। এক পর্যায়ে বাধ্য হয়েই ১৯৬৮ সালে ইস্ট পাকিস্তান পাইলট অ্যাসোসিয়েশন গঠন করে বাঙালি পাইলটরা।
সেটাও খুব সহজ ছিল না। কাঠখড় পুড়িয়ে আদালতের বারান্দায় ঘুরে তবেই মিলেছিল নিবন্ধন। আমরা পাকিস্তানে বিশ্বাসী না এমন তকমা দিয়ে রাজনৈতিক রঙে রাঙানো হল পাইলটদের। ২৫ মার্চের নৃশংসতা আমাদের আর সহ্য হয় না। এরপর আমাদের অ্যাসোসিয়েশনের চার বাঙালি পাইলটকে মেরে ফেলল। এরপরই ঠিক করি যুদ্ধে যাব, স্বাধীন দেশ লাগবে।
সে সময় তো কারফিউ ছিল, কঠোর নজরদারি আপনাদের ওপর। ভারত পৌঁছালেন কীভাবে?
কিছুটা পায়ে হেঁটে, কিছুটা নৌকায় এভাবে পরিবার নিয়ে গ্রামের বাড়ি ফরিদপুর পৌঁছাই। সেখানে তাদের রেখে কুষ্টিয়া হয়ে বর্ডার পার হবার চেষ্টা করি।
পাকিস্তানিরা তখন হামলা চালিয়ে জ্বালিয়ে ছারখার করে দেয় গোটা কুষ্টিয়া অঞ্চল। সে সময় ভারতীয় কিছু সাংবাদিক কুষ্টিয়া আসেন সংবাদ সংগ্রহের জন্য। তাদের মধ্যে সাংবাদিক অনিল ভট্টাচার্যের সহায়তায় কলকাতায় পৌঁছাই।
সে সময় আপনারা সুসংগঠিত হলেন কী করে?
কলকাতার স্বনামধন্য শিশু চিকিৎসক সুজিত মুখার্জির বাড়িতেই আমাদের থাকার ব্যবস্থা হয়। সেখানে ২ নম্বর সেক্টরের কমান্ডার খালেদ মোশাররফের সঙ্গে দেখা হলে স্থল যুদ্ধে অংশ নিতে চাই বলি। তখন তিনি আমাদের বলেন, ‘এ কে খন্দকার সাহেব ব্যবস্থা করছেন পাইলটদের নিয়ে কিছু করার, অপেক্ষা করো।’
এর কিছুদিন পর আমাদের সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর অফিসাররা যোগাযোগ করে পাকিস্তানের এয়ারপোর্ট ও এভিয়েশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেয়।
তাজউদ্দিন আহমেদ ও মুক্তিযুদ্ধের উপপ্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারের চেষ্টায় বাংলাদেশ বিমান বাহিনী গঠনে সাহায্য করতে ভারত সরকার রাজি হয়।
নাগাল্যান্ডের ডিমাপুরে কীভাবে প্রশিক্ষণ নিলেন?
ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বিমান ঘাঁটি ছিল। খুব গোপনে সেখানে আমাদের বেইস ক্যাম্প করে দেয় ভারত সরকার। চারপাশ পাহাড় আর ঘন জঙ্গলে আবৃত অব্যবহৃত রানওয়েতেই আমাদের স্বপ্নের শুরু।
বিমানবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন এ কে খন্দকার সাহেব। বিভিন্ন সেক্টর থেকে ৫৮ জন বিমানসেনাকে কিলো ফ্লাইটের জন্য নিয়ে আসা হয়। এদের মধ্যে কিছু পিআইএ এবং প্ল্যান্ট প্রোটেকশন পাইলটও ছিলেন। আমরা নয় জন পাইলট যাদের তিন জন পাকিস্তান বিমানবাহিনী থেকে এবং ছয় জন পিআইএসহ অন্যস্থান থেকে পালিয়ে এসেছিলাম।
ভারত সরকারের পক্ষ থেকে পুরনো দুটি বিমান ও একটি হেলিকপ্টার দেয়া হয়েছিল আমাদের। এর মধ্যে একটি বিমান ছিল যোধপুরের মহারাজার দেয়া আমেরিকায় প্রস্তুতকৃত ডিসি-থ্রি ডাকোটা আর অন্যটি কানাডায় তৈরি ডিএইচথ্রি অটার বিমান। হেলিকপ্টারটি ছিল ফ্রান্সে তৈরি এলুয়েট থ্রি মডেলের। এগুলোর একটিও যুদ্ধ বিমান ছিল না, তাই এগুলোকে মডিফাই করতে হয়েছিল।
ডাকোটাটিকে ৫০০ পাউন্ড বোমা পরিবহনের উপযোগী করে তোলা হয়, কিন্তু পরে সেটিকে অপারেশনে পাঠানো হয়নি। অপারেশনের জন্য একদমই ফিট ছিল না বলে ওটাকে অস্থায়ী বাংলাদেশ সরকারের ব্যক্তিদের পরিবহনের কাজে লাগানো হয়।
হেলিকপ্টারটিতে মেশিনগান এবং ১৪ টি রকেট ছোঁড়ার পাইলন বসানো হয়েছিল। অটার বিমানটির প্রতিটি ডানার নিচে সাতটি করে রকেট লাগানো হয়েছিল। পেছনের দরজা খুলে লাগানো হয়েছিল মেশিনগান, ফ্লোর কেটে ২৫ পাউন্ডের ১০টি বোমা বসানো হয়েছিল। হাত দিয়ে পিন খুলে নিক্ষেপ করতে হতো বোমাগুলো।
আমাদের ট্রেইনিং ছিল বেশ কঠিন। অপারেশনের সময় পাক বাহিনীর রাডার যেন আমাদের শনাক্ত করতে না পারে সে জন্য ২০০-২৫০ মিটারের চেয়ে বেশি উঁচুতে উড়া যেত না। আর আমাদের রাতের অন্ধকারে ফ্লাই করতে হতো। কারণ পাক বাহিনীকে অপ্রস্তুত করতে আমরা রাতেই সব অপারেশন করব এমন সিদ্ধান্ত ছিল।
রানওয়েতে কোন বাতি ছিল না। ঘন জঙ্গলে দিনের আলোতেই রানওয়ে খুঁজে বের করা কঠিন ছিল, রাতে তো অসম্ভব। সেই অসম্ভবকেই আমরা সম্ভব করেছি। পাশাপাশি চলেছিল নাইট ফায়ারিং বা রাতে অন্ধকারে টার্গেটে নিশানা লাগাবার কৌশলও রপ্ত করেছিলাম আমরা সবাই।
ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন চন্দন সিং, স্কোয়াড্রন লিডার ঘোষাল, স্কোয়াড্রন লিডার সঞ্জয় কুমার চৌধুরী, ফ্লাইট লেফটেন্যান্ট সি এম সিংলা আমাদের সবকিছু তদারকি করতেন।
আপনারা কে কোন বিমানের দায়িত্বে ছিলেন?
স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ কিলো ফ্লাইটের কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন। তার সঙ্গে আমি ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম হেলিকপ্টারে ছিলাম। প্রথমদিকে আমি কপ্টার চালাতে জানতাম না, একদিনের প্রশিক্ষণে রপ্ত করেছি।
ক্যাপ্টেন খালেক, ক্যাপ্টেন আলমগীর সাত্তার ও ক্যাপ্টেন মুকিত ডাকোটা বিমানটি এবং ফ্লাইট লেফটেল্যান্ট শামসুল আলম, ক্যাপ্টেন আকরাম আহমেদ ও ক্যাপ্টেন শরফুদ্দিন আহমেদ অটার বিমানের দায়িত্বে ছিলেন।
আপনাদের অপারেশনগুলো সম্পর্কে বলেন?
প্রথম আক্রমণের দিন প্রথমে ২৮ নভেম্বর ধার্য হলেও পরে সেটা ক্যানসেল হয়। ৩ ডিসেম্বর চট্টগ্রামের পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি ও নারায়ণগঞ্জের গোদনাইল তেল ডিপোতে আক্রমণ চালানো হয়।
সুলতান মাহমুদ ও বদরুল আলমের হেলিকপ্টার নারায়ণগঞ্জে আর কো-পাইলট ও গানারসহ অটার বিমানটি নিয়ে শামসুল আলম চট্টগ্রামের পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি তেল ডিপোতে সফল হামলা চালান।
চট্টগ্রামের হামলার পর আগুনের ফুলকি মিজোরাম থেকেও দেখা গেছে।
৪ ডিসেম্বর পাক-ভারত যুদ্ধ শুরু হয়। ৩ তারিখের অপারেশনের পর থেকে বাংলাদেশ বিমানবাহিনী ভারতীয় বিমানবাহিনীর সাথে যৌথভাবে অনেক অপারেশনে অংশ নেয়।
বাংলাদেশের আকাশটা প্রথমে স্বাধীন হয় ডিসেম্বরের ৫ তারিখে। ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানী বিমান বাহিনী একেবারে কোণঠাসা হয়ে পড়ে জ্বালানি তেল না পেয়ে।
এরপর ৬ ডিসেম্বর সিলেটের মৌলভীবাজারের পাকিস্তানি সেনা বহরে আক্রমণ করেছিলাম স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ আর আমি। তারা প্রস্তুতি নিচ্ছিল মুক্তিযোদ্ধাদের হামলা করবে বলে। আমরা অ্যাটাক শুরু করার আগেই পাকিস্তানিরা আমাদের উপর ফায়ারিং শুরু করে। আমাদের কাছে ১৪ টা রকেট ছিল, সবগুলোই নিক্ষেপ করে আমরা তাদের গুঁড়িয়ে দিয়েছিলাম।
ডিসেম্বরের ১২ তারিখ। নরসিংদীর রায়পুরায় বেশ কিছু হেলিকপ্টারে করে সেনা পারাপার করছিল ভারতীয় বিমান বাহিনী। তখন আমরা হেলিকপ্টার নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করছিলাম। হঠাৎ পাকিস্তানিরা বহর নিয়ে আসতে শুরু করে। আমরা তাৎক্ষণিক আক্রমণ করে তাদের প্রতিহত করি। সে অপারেশনে ২১ জন পাকিস্তানিকে আমরা হত্যা করেছিলাম।
আমাদের ভাগ্যও অনেক ভালো ছিল, আমরা কোন যোদ্ধা হারাইনি। অপারেশনে আমাদের বিমান ও হেলিকপ্টারে অনেক গুলি লাগত। আমরা বিমানের বডির সেসব গুলির ক্ষতের পাশে তারিখ লিখে রাখতাম। এক সময় আর লেখার জায়গা বাকি থাকল না।
আমরা কিলো ফ্লাইটের অধীনে ৫০ টির বেশি ফ্লাইট পরিচালনা করেছি।
কিলো ফ্লাইট নাম কেন ছিল?
এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের নামের কে অক্ষর নিয়ে আমরা অপারেশনটির নাম দিই। আর এভিয়েশনের ভাষায় কে হলো কিলো, যেমন এ কে বলা হয় আলফা।
যে স্বপ্ন নিয়ে কিলো ফ্লাইট হয়েছিল তার কতটা বাস্তবায়িত হয়েছে?
আমরা স্বাধীন দেশ পেয়েছি, নিজেদের বিমান বাহিনী হয়েছে। এমনকি আমাদের তিনটি বিমানের মধ্যে ডাকোটাটি দিয়ে স্বাধীনতার পর প্রথম এভিয়েশন হিসেবে বাংলাদের বিমানের সূচনা হয়েছে। সে অর্থে আমাদের চাওয়া পূরণ হয়েছে।
কিন্তু ৭৫ এ দেশের রূপকার বঙ্গবন্ধুকে হত্যা করা হল, এমন দেশ তো আমরা কখনো চাইনি। আমরা অসাম্প্রদায়িক জাতি চাই। এটুকু হলে পূর্ণতা পাব।
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস, ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২২ জুন) সকালে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আমিনুল ইসলাম।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আনিচুর রহমান, বাঙালপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাগরসহ উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ছবি: নিউজবাংলা২৪.কম
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে 'বিশ্ব তামাকমুক্ত দিবস, ২০২৬' উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২২ জুন) সকালে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে র্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আমিনুল ইসলাম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আনিচুর রহমান, বাঙালপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর সহ উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং তামাকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
ছবি: সংগৃহীত
সিলেটের আধ্যাত্মিক রাজধানী হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে দীর্ঘ ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দানের টাকা গণনা করার এক অনন্য ও ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর আড়াইটা থেকে মাজার প্রাঙ্গণে রক্ষিত সিল করা ডেকচিগুলোর ঢাকনা খুলে আনুষ্ঠানিকভাবে এই অর্থ গণনা প্রক্রিয়া উদ্বোধন করা হয়।
সিলেট জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই ঐতিহাসিক উদ্যোগে অংশ নিয়েছেন স্থানীয় মাদরাসা শিক্ষার্থীরা। টাকা গণনার সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে মাজার এলাকায় সতর্ক অবস্থানে দেখা গেছে। নজিরবিহীন এই দৃশ্য দেখার জন্য মাজার প্রাঙ্গণে উৎসুক জনতা ও ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
প্রত্যাহারকৃত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের এমন স্বচ্ছ ও সাহসী পদক্ষেপকে সিলেটের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন। গণনার খবরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হওয়ার পাশাপাশি অনেকেই সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক পদে বহাল রাখার জোরালো দাবি জানিয়েছেন। উল্লেখ্য যে, সোমবার দুপুরে দরগাহ মসজিদে নামাজ আদায়ের পর জেলা প্রশাসক মাজারের জামেয়া ও এতিমখানা অফিসে অবস্থান নেন এবং তাঁর উপস্থিতিতেই এই স্বচ্ছতার কার্যক্রম শুরু হয়।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, গণনা শেষে সংগৃহীত দানের মোট অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এরপর সেই অর্থ ব্যবস্থাপনা ও সংরক্ষণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগের ফলে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এই ঘটনাটি সিলেটের ধর্মীয় ও প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলে ধারণা করা হচ্ছে।
ছবি: সংগৃহীত
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খুলনার চিহ্নিত সন্ত্রাসী 'বি' কোম্পানির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে।
এ সময় তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ পুলিশ কমিশনার (ডিবি মোঃ আসাদুজ্জামান।
তিনি বলেন, খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেএমপির উদ্যোগে গত ১ থেকে ২০ তারিখ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এর ধারাবাহিকতায় গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তার হলো মো. আবরার ফয়সাল ওরফে বাদিন (২৪), মো. আল-আমিন (২৯), মো. তুষার শিকদার (৩৮), মো. আসিফ (২৫) এবং মো. সাজ্জাদ হোসেন সাব্বির (১৮)।
ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা খুলনার চিহ্নিত ‘বি কোম্পানি’সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামিদের দেখানো ও স্বীকারোক্তি অনুযায়ী একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং ৭ দশমিক ৬৫ বোরের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া গ্রেপ্তারদের কাছ থেকে খুলনায় সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে কেএমপির ডিবি ডিসি বলেন, “খুলনা মহানগরীতে কোনো অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি কিংবা চিহ্নিত অপরাধীকে ছাড় দেওয়া হবে না। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ছবি: নিউজ বাংলা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের পাঁচ বছরের শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং লাশ গুমের অপরাধে পৃথক ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আবু তাহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে। তিনি বাদুরগাছা গ্রামে ভাড়া বাসায় থাকতেন এবং নিহত শিশুর পরিবারের পাশের বাড়িতে বসবাস করতেন।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তাবাসসুম নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।
পরে ২৭ ফেব্রুয়ারি পুলিশ কুষ্টিয়া থেকে প্রতিবেশী যুবক আবু তাহেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন। তদন্ত শেষে গত ২৬ মে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
মাত্র পাঁচ কার্যদিবসে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করে ঘটনার চার মাসের মধ্যেই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ধর্ষণ ও হত্যার দায়ে আবু তাহেরকে মৃত্যুদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা এবং লাশ গুমের অপরাধে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে বিচারকাজ শেষ হয়েছে এবং আদালত সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তিনি দ্রুত রায় কার্যকরের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর মডেল থানায় দায়েরকৃত হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুটি মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন এবং কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন।
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে আদালতে হাজির করে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানান মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. সোহেল সৌরভ। মামলার অভিযোগ অনুযায়ী, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর ১৪ নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে গুলিবর্ষণের ঘটনায় বাদী গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়। উক্ত মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে।
অন্যদিকে, কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকে মিরপুর ১০ এলাকায় আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মো. শাকিলের হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. কবির হোসেন তাকে আদালতে হাজির করে এই আবেদন করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা গেলে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে রোকেয়া জামালকে গ্রেফতার দেখানো হলো।
আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেফতার দেখানোর পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। বিপরীতে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন গ্রেফতারের বিরোধিতা করে জামিন প্রার্থনা করেন। তদন্ত কর্মকর্তারা আদালতকে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই দুই আসামিকে গ্রেফতার দেখানো প্রয়োজন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
ছবি: নিউজ বাংলা
কুমিল্লা নগরীতে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে স্মৃতি (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) রাত ৯টার দিকে নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা।
নিহত স্মৃতি কালিয়াজুড়ি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের দাওয়াত শেষে রাতে মায়ের সঙ্গে ফুটপাত দিয়ে বাসায় ফিরছিল স্মৃতি।
চারদিকে বৃষ্টির পানি জমে থাকায় সড়ক ও ড্রেনের পার্থক্য বোঝার উপায় ছিল না। হঠাৎ মায়ের হাত থেকে ছিটকে গিয়ে পানিতে ডুবে থাকা ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনে পড়ে যায় সে। মুহূর্তেই মেয়েকে চোখের সামনে হারিয়ে ফেলেন অসহায় মা।
শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের প্রাণপণ চেষ্টার পর কিছুটা সামনে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ড্রেন পরিষ্কার ও সংস্কারের কাজ চলছিল। কয়েকটি স্থানে ড্রেনের ঢাকনা খোলা ছিল এবং অনেক স্ল্যাব ভাঙা অবস্থায় পড়ে ছিল। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে এসব ঝুঁকিপূর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়। ফলে যে কেউ অসাবধানতাবশত খোলা ড্রেনে পড়ে প্রাণ হারাতে পারে।
এলাকাবাসী জানান, নগরীর বিভিন্ন সড়কের পাশে থাকা ড্রেন দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। কোথাও স্ল্যাব ভাঙা, কোথাও আবার সম্পূর্ণ খোলা। বারবার অভিযোগ জানিয়েও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এসব ড্রেন এখন পথচারীদের জন্য ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঝুঁকিপূর্ণ ড্রেনগুলো দ্রুত সংস্কার, নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। এটি একটি দুর্ঘটনা।
মন্তব্য