সাম্প্রতিক আকস্মিক বন্যা ও টানা বর্ষণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় স্বেচ্ছাসেবী দল পাঠিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আজ (রবিবার) এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ অধ্যয়ন (ডিএমইএস) বিভাগের ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট ফোরাম’ (ডিএমসিএফ)-এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত দলটির নেতৃত্ব দেন বিভাগের এক জ্যেষ্ঠ প্রভাষক।
উল্লেখ্য, ভারী বর্ষণে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে সেখানে ১৫০টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও স্থানীয় বাঙালি পরিবারের বসতঘর ও জীবিকার উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বেচ্ছাসেবী দলটি গত শুক্রবার সকালে খাগড়াছড়ির গুইমারায় পৌঁছায়। পরে মাটিরাঙ্গা উপজেলার হরিধন মগপাড়া, তপ্ত মাস্টারপাড়া, কাঁচাকলা, রামদয়ালপাড়া, সাপমারা ও ওয়াছু পাড়া এলাকায় গিয়ে বন্যা ও টানা বর্ষণে সৃষ্ট ক্ষয়ক্ষতি পরিদর্শন করে। এসময় তারা দুর্গত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি পরিবারের মধ্যে মোট ৯০০ কেজি চাল, ৩০০ পাতা প্যারাসিটামল, ৯০০ প্যাকেট খাবার স্যালাইন, ১৫০ লিটার ভোজ্যতেল, ৩০০ কেজি পেঁয়াজ, ৭৫ কেজি লবণ, চিঁড়া, বিস্কুট, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি-সংক্রান্ত সামগ্রী এবং পোশাক বিতরণ করে। প্রতিটি ত্রাণ প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২৫০ গ্রাম চিঁড়া, দুই পাতা প্যারাসিটামল, ছয় প্যাকেট খাবার স্যালাইন, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ এবং ৫০০ গ্রাম লবণ।
গতকাল (শনিবার) ত্রাণসামগ্রীগুলো ট্রাকে করে হরিধন মগপাড়া, সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ওয়াছু পাড়া- এই তিনটি বিতরণকেন্দ্রে নেওয়া হয় এবং সেখান থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়। দুর্যোগে বসতবাড়ি হারানো পরিবারগুলোর মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণেও সহায়তা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী দল।
ফাইল ছবি
দেশজুড়ে একের পর এক থাবা বসাচ্ছে মশাবাহিত রোগ ও সংক্রামক ব্যাধি। একদিকে হাম ও এর উপসর্গে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। অন্যদিকে ডেঙ্গুর সংক্রমণও দিন দিন রূপ নিচ্ছে নতুন উদ্বেগে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সারাদেশে নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিন জন—যা এ বছর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভিড় জমাস্ফোট তৈরি করায় পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
হাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ দেখা গেছে ৯২২ জনের আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৭ জনের।
সরকারের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৮ জনের। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া পাঁচজনের মধ্যে সিলেট ছাড়া ঢাকা ও চট্টগ্রামে একজন করে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে সোমবার (২০ জুলাই) পর্যন্ত হাম উপসর্গের রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৭০ আর নিশ্চিত হামের ১৪ হাজার ৫৭৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২৬ জন, যাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে।
ডেঙ্গু: মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৭২ জন। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মারা গেলেন মোট ৩৭ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১০ হাজার ৮৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন। ঢাকা উত্তর সিটিতে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫২ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে চারজন এবং রংপুর বিভাগে ছয়জন রোগী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে মোট আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৯ হাজার ৭৮৬ জন।
ছবি: সংগৃহীত
ইউরোপের দেশ ইতালিতে পৌঁছানোর প্রলোভনে পড়ে লিবিয়ায় গিয়ে দালালের খপ্পরে পড়েছেন কুমিল্লার মনোহরগঞ্জের ছয় যুবক। জিম্মি তরুণদের পরিবারের কাছে এখন দাবি করা হচ্ছে মোট দেড় কোটি টাকা মুক্তিপণ।
এদিকে দাবিকৃত অর্থ না পাওয়ায় জিম্মি যুবকদের ওপর প্রতিনিয়ত চালানো হচ্ছে অমানুষিক নির্যাতন। এ পরিস্থিতিতে স্বজনদের অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
দালালচক্রের হাতে জিম্মি হওয়া যুবকরা হলেন মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২০), মাহবুবুর রহমানের ছেলে মানিকুল ইসলাম (২০), হারুন রশিদের ছেলে মো. সোহেল (২৭), ছবু মিয়ার ছেলে তাজ মোহাম্মদ (২৫), সিদ্দিকুর রহমানের ছেলে ফয়সাল (২০) এবং লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের শাহ আলমের ছেলে মেহেদী হাসান (২১)।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভালো উপার্জন ও উন্নত ভবিষ্যতের আশায় তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার উদ্দেশে দেশ ছাড়েন। কিন্তু লিবিয়া পৌঁছানোর পরই স্থানীয় ও দেশীয় মানব পাচারকারী চক্রের হাতে তারা জিম্মি হয়ে পড়েন।
ভুক্তভোগী মানিকুল ইসলামের বাবা মাহবুবুর রহমান জানান, তার নিজ গ্রামের বেলাল হোসেনের ছেলে মানিকের মাধ্যমে নিজের ছেলে মানিকুলকে ইতালি নেওয়ার কথা পাকাপোক্ত হয়। সেজন্য প্রায় ৯ মাস আগে মানিকের ভাই সামছুল আলমকে ২০ লাখ টাকা দেওয়া হয়। টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী মানিকুলকে বাংলাদেশ থেকে লিবিয়া নেওয়া হলেও সেখানে তাকে একটি দালালচক্রের হাতে তুলে দেন মানিক। বর্তমানে তার ছেলে ওই চক্রের হাতে জিম্মি এবং মুক্তিপণের জন্য তার ওপর তীব্র নির্যাতন চালানো হচ্ছে।
একই অভিযোগ করেন লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের মেহেদী হাসানের বাবা শাহআলম। তিনি জানান, প্রায় ৮ মাস আগে একই দালাল সামছুল আলমের মাধ্যমে নগদ ১৮ লাখ টাকা পরিশোধ করে ছেলেকে ইতালি পাঠানোর উদ্দেশে লিবিয়া পাঠান। বর্তমানে তার ছেলেও লিবিয়ায় দালালের খপ্পরে পড়ে মুক্তিপণের দাবিতে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে।
ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, চক্রটি সর্বমোট দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করছে। টাকা দিতে দেরি হওয়ায় প্রতিনিয়ত তাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে এবং সেই নির্যাতনের অডিও-ভিডিও পাঠিয়ে পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
এদিকে, যুবকদের জিম্মি ও নির্যাতনের ভিডিও এলাকায় ছড়িয়ে পড়লে গত ১০-১২ দিন ধরে অভিযুক্ত দালাল সামছুল আলমসহ তার পরিবারের অন্য সদস্যরা ঘরবাড়ি ছেড়ে পলাতক রয়েছেন। লিবিয়ায় অবস্থানরত মূল দালাল মানিকও এখন ভুক্তভোগী পরিবারের ফোন ধরছেন না। এই পরিস্থিতিতে নিজেদের সন্তানদের জীবিত ফিরে পেতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীদের মা-বাবারা।
এ বিষয়ে জানতে চাওয়া হলে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, অবৈধ পথে কে, কিভাবে, কোন দালালের মাধ্যমে বিদেশে গিয়েছেন—এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য বা লিখিত অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান জেলার ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
সোমবার (২০ জুলাই) তিনি ফুলবাড়িয়ায় পৌঁছলে তাঁকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এদিন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান উপজেলা ভূমি সংলগ্ন পুকুর খনন,ঘাটলা নির্মাণ কাজের উদ্বোধন ও মাছের পোনা অবমুক্তরন করেন। পরে পুকুর পাড়ে নারিকেল গাছের চারা রোপণ করেন তিনি।
সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক ভূমি সংক্রান্ত সেবার মান উন্নতকরন, নামজারি, মিসকেইছ ও উপজেলার খাস জমির সঠিক তথ্য পরিমাপ করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট করতে কঠোর নির্দেশ প্রদান করেন।
জানাগেছে, জেলা প্রশাসক দিনব্যাপী এ ভ্রমনে উপজেলা পরিষদ,উপজেলা ভূমি অফিস,কালাদহ ইউনিয়ন পরিষদসহ ইউনিয়নটির ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ভূমি অফিস,ফুলবাড়িয়া থানা পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
পরে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি, সাইকেল বিতরণ, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ
ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
এর আগে পরিষদ মিলনায়তনে মাদক, জুয়া,বাল্যবিবাহ ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ,সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান প্রমূখ ।
ছবি: সংগৃহীত
মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনারের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কারাগারে পাঠানো হয়েছে। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে এর আগে দেশজুড়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি।
সোমবার (২০ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক সাদিক আহম্মেদ এই আদেশ দিয়েছেন।
সাহেদের পক্ষে নিয়োজিত আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের মামলাটি যখন হয় তখন তিনি সাড়ে চার বছর জেলে ছিলেন। তখন মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। ২০২৫ সালের ৪ মে আদালত তাকে এই মামলায় এক বছরের সাজা দেয় এবং সমপরিমাণ টাকা (২ কোটি ১৬ লাখ) অর্থদণ্ডে দণ্ডিত করেন। এখন যেহেতু উনি কারাগারে গেছেন, আমরা আপিল করব।’
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ব্যবসার উদ্দেশ্যে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের কাছ থেকে ২ কোটি ১৬ লাখ টাকা ঋণ নেন সাহেদ। ওই ব্যাংকে ঋণের বিপরীতে জামানত হিসেবে ২ কোটি ১৬ লাখ টাকার সমপরিমাণ মূল্যের একটি চেক জমা দেন তিনি। পরবর্তীতে সেই ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাংকের পক্ষ থেকে ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের ১৩৮ ধারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। এরপর মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়ার জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দেওয়া হয়।
মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৪ মে আদালত তাকে এই মামলায় এক বছরের কারাদণ্ড এবং সমপরিমাণ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। ওই সময় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
এর আগে, রাজধানীর ইসিবি চত্বর থেকে সাহেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে পল্লবী থানা পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে পল্লবী থানায় সোপর্দ করা হয়।
ফাইল ছবি
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৬২ জন, মিরপুর বিভাগে ১২৬ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৭ জন ও গোয়েন্দা বিভাগে ৬ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় তাদের কাছ থেকে মোট ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এস্কাফ সিরাপ ও নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশন (দুদক) সোমবার (২০ জুলাই) চলমান তদন্তের অংশ হিসেবে জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে অভিযান চালিয়েছে।
দুদকের মুখপাত্র তানজীর আহমেদ জানান, দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল সোমবার (২০ জুলাই) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওই বাড়িতে এই অভিযান পরিচালনা করে। কর্মকর্তারা বাড়িটিতে পাওয়া জিনিসপত্রের একটি তালিকা প্রস্তুত করছেন। দুদকের আবেদনের পর জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গত ৭ জানুয়ারি জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, জিয়াউল আহসান জ্ঞাত আয়ের উৎসের বাইরে ২২ কোটি ২৭ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন, অনুমোদিত সীমার অতিরিক্ত ৫৫ হাজার মার্কিন ডলার জমা রেখেছেন এবং আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, তিনি তার স্ত্রী নুসরাত জাহানের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার করে ওই অর্থ স্থানান্তর ও রূপান্তর করেছেন।
এতে আরও অভিযোগ করা হয়েছে, তিনি তার সরকারি পদ ও ক্ষমতার অপব্যবহার করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি, অর্থ পাচার প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এর আগে তিনি সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালের ১৬ আগস্ট ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং জুলাই অভ্যুত্থানের সময় নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
ছবি: সংগৃহীত
পুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তার ছোট ভাই মো. ওয়াহিদুজ্জামান ঢাকার ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে মো. মনিরুজ্জামান পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন।
পরদিন ৩০ এপ্রিল জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে ওই অনুষ্ঠানে তার ইউনিফর্ম পরিহিত উপস্থিতির ছবি ও সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে শিষ্টাচারবহির্ভূত আচরণ, উপনির্বাচনে বেআইনিভাবে প্রভাব বিস্তারের কৌশল অবলম্বন এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
তিনি লিখিত জবাব দিলেও ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেন। পরে অভিযোগের গুরুত্ব বিবেচনায় তিন সদস্যের তদন্ত বোর্ড গঠন করা হয়। তদন্ত শেষে বোর্ড অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বলে মত দেয়।
মন্তব্য