জাতীয় বাজেটকে ঘিরে নতুন করে আশায় বুক বেঁধেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটিয়ে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক, কুয়াকাটার সমন্বিত উন্নয়ন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং বরিশালে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার এসব প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে দেশের অন্যান্য বিভাগের তুলনায় বরিশাল অঞ্চল এখনো অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে রয়েছে বলে মনে করেন স্থানীয়রা। ঢাকা থেকে বরিশালের দূরত্ব মাত্র ১৭০ কিলোমিটার হলেও ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কের সীমাবদ্ধতার কারণে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। পদ্মা সেতু চালুর পর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হলেও এখনো প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়নি। ২০১৮ সালে জমি অধিগ্রহণের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হলেও আট বছর পেরিয়ে গেলেও সেই কার্যক্রম সম্পূর্ণ হয়নি। বর্তমানে মাত্র ২৪ ফুট প্রশস্ত এই মহাসড়ক ব্যবহার করছে দক্ষিণাঞ্চলের ১০ জেলার মানুষ। একই সড়ক দিয়ে পায়রা সমুদ্রবন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যাতায়াত করতে হয়।
বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবায়েদুল হক চান বলেন,পদ্মা সেতু চালুর পর বরিশালে শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সড়কের সীমাবদ্ধতার কারণে অনেক বিনিয়োগকারী পিছিয়ে যাচ্ছেন। ছয় লেন মহাসড়ক বাস্তবায়িত হলে বরিশাল থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা। এতে পুরো দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। দক্ষিণাঞ্চলের মানুষের দ্বিতীয় বড় দাবি পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমন্বিত উন্নয়ন। দেশের একমাত্র সমুদ্রসৈকত যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়, সেই কুয়াকাটা দীর্ঘদিন ধরে অবহেলা ও ভাঙনের শিকার।
গত প্রায় তিন দশক ধরে উপকূলীয় ভাঙনে সৈকতসংলগ্ন ঘরবাড়ি, দোকানপাট ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড একাধিক প্রকল্প প্রস্তাব পাঠালেও পরিকল্পনা কমিশন তা অনুমোদন দেয়নি। সর্বশেষ প্রায় ৮০০ কোটি টাকার একটি প্রকল্পের ভবিষ্যতও অনিশ্চিত অবস্থায় রয়েছে।
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, কুয়াকাটার উন্নয়ন শুধু একটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন নয়, এটি পুরো দক্ষিণাঞ্চলের অর্থনীতির সঙ্গে জড়িত। চলতি বাজেটে কুয়াকাটার জন্য বিশেষ বরাদ্দ থাকবে বলে আমরা আশাবাদী।
দীর্ঘদিন ধরে ভোলা জেলার মানুষের অন্যতম দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। স্বাধীনতার ৫৫ বছর পরও ভোলার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি। গ্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভোলা জেলার মানুষ এখনো নৌপথের ওপর নির্ভরশীল। সন্ধ্যা নামলেই অনেক ক্ষেত্রে বিচ্ছিন্নতার বাস্তবতায় পড়তে হয় তাদের।
ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর বলেন,একটি সেতুর অভাবে পুরো ভোলা পিছিয়ে রয়েছে। দেশের অর্থনীতিতে অবদান রাখলেও যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা বঞ্চিত। বর্তমান বাজেটে ভোলা-বরিশাল সেতুর জন্য বিশেষ বরাদ্দ থাকবে বলে আমরা আশা করছি।
বরিশাল বিভাগের সবচেয়ে বড় সরকারি চিকিৎসাকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হলেও এখনো এখানে পূর্ণাঙ্গ বিশেষায়িত চিকিৎসা সুবিধা গড়ে ওঠেনি। হার্ট অ্যাটাক, ব্রেইন হেমারেজ, জটিল অর্থোপেডিক সার্জারি, ওপেন হার্ট সার্জারি কিংবা হৃদরোগের রিং পরানোর মতো গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য রোগীদের ঢাকার ওপর নির্ভর করতে হয়।
বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন,বরিশাল সম্ভবত দেশের একমাত্র বিভাগীয় শহর যেখানে এখনও একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতাল নেই। একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা গেলে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে।
সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা মনে করছেন, ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক, কুয়াকাটার টেকসই উন্নয়ন, ভোলা-বরিশাল সেতু এবং বরিশালে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ—এই চারটি প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন দুয়ার উন্মোচিত হবে। দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে উন্নয়নের মূল স্রোতে যুক্ত হওয়ার স্বপ্ন নিয়ে এখন জাতীয় বাজেটের দিকে তাকিয়ে রয়েছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের কোটি মানুষ। তাদের প্রত্যাশা, এবার আর প্রতিশ্রুতি নয়—বাস্তবায়নের পথেই হাঁটবে বহুল প্রতীক্ষিত এই চার প্রকল্প।
বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বয়ে ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর। সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ এবং ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ভারতীয় কোস্ট গার্ড ৪ টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে।
পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটসমূহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হতে ৯১ জন বাংলাদেশি জেলেকে ৪টি ফিশিং বোটসহ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম অধিকতর গতিশীল ও সহজতর হয়েছে।
পরবর্তীতে সোমবার (৮ জুন) বেলা ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তাকমান্ডার শাহ্ কামরুজ্জামান বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড ডকইয়ার্ড ও বেজসংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে গজারিয়া নৌপুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে শারীরিক গঠন দেখে পুলিশের ধারণা মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে।
এ বিষয়ে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সোহানা খাতুন (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার (৮ জুন) দিনগত রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের ফুলতলার মসজিদের সন্নিকটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহানা খাতুন জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মোল্লা আব্দুর জব্বারের মেয়ে। পেয়ারাতলা গ্রামে তারা একটি বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) রাত ১০টার দিকে রাতের খাবার শেষে সোহানা নিজ শয়নকক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এসময় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন যে সে ঘুমিয়ে পড়েছে। পরদিন সোমবার (৮ জুন) ভোরে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার মা ও পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
পরে বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মরাদেহ চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে। আত্মহত্যার পেছনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান আছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ।
সোমবার (৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃতরা হলো- রাজু আহমেদ শিপলু (৩৭), ইরফান অমি (৩৮) ও মো. আলমগীর (৫০)।
পুলিশ জানায়, গত ৩১ মে বাসায় তালা দিয়ে ঢাকার বাইরে বেড়াতে যান সূত্রাপুর থানার উল্টিনগঞ্জ লেনের একটি বাসার ভাড়াটিয়া। পরে বুধবার (৩ জুন) সকালে বাসায় এসে দেখতে পান দরজার তালা ভাঙা এবং বাইরে থেকে ছিটকিনি দেওয়া। এ ঘটনায় স্বর্ণালংকার, একটি টেলিভিশন ও নগদ অর্থসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরি হয় দাবি করে সূত্রাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
পরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সূত্রাপুর থানা পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করে এবং সোমবার (৮ জুন) সূত্রাপুর ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের থেকে প্রাপ্ত তথ্যমতে শিপলুর যাত্রাবাড়ীর বাসা থেকে অভিযান পরিচালনা করে চুরি হওয়া এক জোড়া স্বর্ণের ঝুমকা, একটি টেলিভিশন, একটি স্মার্টফোন এবং নগদ ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঢাকার সাভার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় চোর ও ডাকাতের উপদ্রব বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় প্রতি রাতেই কোনো না কোনো বাড়িতে চুরি কিংবা ডাকাতির ঘটনা ঘটছে। এসব ঘটনার পর থানায় অভিযোগ দিয়েও কাঙ্ক্ষিত প্রতিকার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের।
রোববার (৭ জুন) গভীর রাতে উত্তরপাড়ার নৈশপ্রহরীরা সন্দেহভাজন চারজনকে আটক করে স্থানীয় বাসিন্দাদের খবর দেন। পরে এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর করে। খবর পেয়ে সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। চিকিৎসা শেষে অভিযোগ না থাকায় তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্বৃত্তরা সাধারণত বাড়ির বারান্দা বা রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। অনেক ক্ষেত্রে বাসার সদস্যরা জেগে উঠলে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে হাত-পা বেঁধে মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
উত্তরপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার (৬ জুন) রাতে দুর্বৃত্তরা তাদের বাড়ির নিচ তলার রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে তার মা মনোয়ারা বেগমের শয়নকক্ষ থেকে এক লাখ টাকা, দুটি সোনার কানের দুল ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। জাহাঙ্গীর আলম বলেন, ‘থানায় অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায় না। তাই এবার বিষয়টি পুলিশকে জানাইনি এবং কোনো অভিযোগও করিনি।’
একই রাতে পাশের বাড়ির বাসিন্দা আজিজুর রহমানের দ্বিতীয় তলার ভাড়াটিয়া ফরহাদ হোসাইনের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ফরহাদ জানান, চার থেকে পাঁচজন দুর্বৃত্ত রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। পরে তারা তার মামাতো বোন রুমির কক্ষের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে।
তিনি আরও জানান, এরপর ডাকাতরা তার কক্ষে ঢুকে প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার, তিন ভরি রুপা, দুটি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। ফরহাদ হোসাইন বলেন, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু সোমবার (৮ জুন) পর্যন্ত মামলা রুজুসহ কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে সাভার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, ‘অভিযোগটির তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ জানা গেছে, গত শনিবার রাতে উত্তরপাড়ার মসজিদের পাশের হাবিবুর রহমানের বাড়িতেও গ্রিল কেটে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে সাভার লাইব্রেরির মালিক হোসেন আলীর বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটে নেপাল চন্দ্র সাহা জানান, গত বৃহস্পতিবার ভোররাতে তার বাসার বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে পাঁচ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোরেরা।
নেপাল চন্দ্র সাহা বলেন, ‘ঘটনার সময় আমরা ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখি বারান্দার গ্রিল কাটা এবং টাকা ও মোবাইল ফোন নেই।’
স্থানীয় বাসিন্দা রিপন জানান, প্রায় ১৫ দিন আগে সাত থেকে আটজন দুর্বৃত্ত গ্রিল কেটে তাদের বাড়িতে ঢুকে তার মা জাহানারা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ১০ ভরি স্বর্ণালংকার ও ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
রিপনের অভিযোগ, ‘ঘটনার পর থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত পুলিশ তদন্তে আসেনি।’
সন্দেহভাজন চারজনকে ছেড়ে দেওয়ার বিষয়ে এএসআই এনামুল হক জানান, চোর সন্দেহে আটক করার পর এলাকাবাসী তাদের মারধর করে। এতে তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমিতে সোমবার (৮ জুন) ‘সঞ্জীবন প্রকল্প’ বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের বাস্তবায়ন কৌশল, সদস্য অন্তর্ভুক্তি, আর্থিক ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে সদস্যরা আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
তিনি চাকরিনির্ভর মানসিকতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, বর্তমান সময়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম কার্যকর উপায় হলো উদ্যোক্তা উন্নয়ন। সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে বাহিনীর সদস্যরা নিজ নিজ এলাকায় সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং অন্যদের জন্যও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন।
তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের আন্তরিকতা, সমন্বিত প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রকল্প কার্যক্রমের সূচনা, বাস্তবায়ন পদ্ধতি, এলাকা-ভিত্তিক সম্ভাবনাময় উদ্যোগ নির্বাচন, সদস্যদের অংশগ্রহণ ও শ্রমের মূল্যায়ন, লভ্যাংশ বণ্টন, ঋণের কিস্তি পরিশোধ, সদস্যপদ ত্যাগ অথবা সদস্যের মৃত্যুর ক্ষেত্রে অনুসরণীয় প্রক্রিয়া এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির নীতিমালা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক এনামুল খাঁন সঞ্জীবন প্রকল্পের সদস্যপদ, সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া, প্রকল্প পরিচালনা কাঠামো, ঋণ গ্রহণ ও পরিশোধ পদ্ধতি এবং আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে টিএমএসএস-এর পরিচালক মো. রেজাউল করিম বক্তব্য প্রদান করেন। তিনি তার উপস্থাপনার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির বিভিন্ন সফল উদাহরণ তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে টিএমএসএস-এর চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতামূলক উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।
এছাড়াও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের একজন কর্মকর্তা সঞ্জীবন প্রকল্পে ব্যাংকের সম্পৃক্ততা, সদস্যদের মধ্যে ঋণ বিতরণ, কিস্তি আদায় এবং অন্যান্য ব্যাংকিং সহায়তা সম্পর্কিত বিষয়সমূহ উপস্থাপন করেন। তার উপস্থাপনা প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা ও কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদান করে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা সঞ্জীবন প্রকল্পকে সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা বিকাশ এবং টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টির একটি যুগোপযোগী ও সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তারা মত প্রকাশ করেন যে, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে প্রকল্পকে একটি টেকসই ও জনকল্যাণমুখী মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।
সাভারে চামড়া শিল্প নগরীতে গ্যাস চুরির ঘটনায় একটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স টিম। চোরাই বাইপাস লাইন করে বৈধ সংযোগের আড়ালে অবৈধভাবে বাইপাস গ্যাস লাইন ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি কোটি টাকা মূল্যের গ্যাস চুরি করে আসছিল বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। অভিযানে নেতৃত্ব দিয়েছেন তিতাসের গাজীপুর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল আলীম রাসেল।
দীর্ঘ অনুসন্ধান শেষে সোমবার (৮ জুন) হাইটেক ট্যানারি নামক প্রতিষ্ঠানে অভিযান শুরুর পর অবৈধ চোরাই বাইপাস লাইন শনাক্ত হয়।
অভিযান পরিচালনার একপর্যায়ে দেখা যায় প্রস্তাবিত নতুন বৈধ শিল্প সংযোগের আড়ালে অবৈধ বাইপাস গ্যাস লাইনটি চালাচ্ছে প্রতিষ্ঠানটি। বাইপাস গ্যাস লাইনটি ভূগর্ভস্থ আরসিসি ঢালাইয়ের নিচ থেকে অবৈধ সংযোগ নেওয়া হয়।
যোগাযোগ করা হলে কারখানার স্বত্বাধিকারী মুজাফফর হোসেন এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।
ভিজিল্যান্স শাখার কারিগরি টিমের ব্যবস্থাপক মো. আব্দুল আলিম রাসেল জানান, এ ঘটনায় শিল্প মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিতাসের ভিজিল্যান্স শাখার কারিগরি টিমের সহযোগী প্রকৌশলী আহসান হাবিব জানান, দীর্ঘ এক ঘন্টা ধরে অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ সংযোগ নিয়ে কারখানাটিতে বয়লারসহ বিভিন্ন ড্রায়ার, লেদার স্প্রে প্রিন্টিং মেশিন ব্যবহার করা হতো। বৈধ গ্যাস লাইনের আড়ালে রাইজারের গোড়ার প্রায় চার ফুট গভীরে আরসিসি ঢালাইয়ের নিচ থেকে বিভিন্ন সাইজের জিআই ও এমএস পাইপ দিয়ে সংযোগ স্থাপনের মাধ্যমেই বাইপাস করে গ্যাস ব্যবহার করা হতো এই চামড়া প্রক্রিয়াজাত কারখানায়। এর মাধ্যমে প্রতি মাসে আনুমানিক ১৫ লাখ টাকার গ্যাস চুরি হতো বলে জানান তিনি।
মন্তব্য