মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চিত্রপরিচালক তারেক মাসুদ এবং শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী মিশুক মুনীর নিহত হওয়ার মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পান বাসচালক জামির হোসেন।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল নিষ্পত্তির আগেই কারাবন্দি অবস্থায় ২০২০ সালের ১ আগস্ট মারা যান জামির। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকার সময়ে ঈদের দিন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, পরে রাজধানীর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার জন্য জামির হোসেনকে দায়ী করে বিচারিক আদালত যাবজ্জীবন সাজা দেয়ার পাশাপাশি আরেকটি মামলায় তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে বাসমালিক, চালক ও সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানিকে নির্দেশ দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগে বিবাদীদের আপিল শুনানির অপেক্ষায়।
এ ছাড়া মিশুক মুনীরের পরিবারের পক্ষ থেকে করা ক্ষতিপূরণের আরেকটি মামলা হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।
২০১১ সালের ১৩ আগস্ট ওই দুর্ঘটনার ১১ বছর পরও তিনটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি আদালতে। বাসচালক জামিরও মারা গেছেন দুই বছর আগে। তার সাজার বিরুদ্ধে আপিল এবং ক্ষতিপূরণের মামলার চূড়ান্ত নিষ্পত্তি কবে হতে পারে, সে বিষয়ে বাদী-বিবাদী কোনো পক্ষেরই ধারণা নেই।
সারা দেশকে নাড়া দেয়া ২০১১ সালের ওই সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীর ছাড়াও তাদের মাইক্রোবাসচালক মোস্তাফিজুর রহমান, প্রডাকশন সহকারী মোতাহার হোসেন ওয়াসিম ও জামাল হোসেন মারা যান। তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল-মামুনসহ আহত হন পাঁচজন।
দুর্ঘটনার জন্য বিচারিক আদালতে জামির দোষী সাব্যস্ত হলেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. সামছুল হকের একটি অনুসন্ধানে দাবি করা হয়েছে, বাসচালক জামির ছিলেন ‘নির্দোষ’।
সরেজমিন অনুসন্ধান, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের ভিত্তিতে ড. সামছুল হক বলছেন, সেদিন রাস্তায় সঠিক লেনেই ছিল জামিরের বাস। একটি বাঁকের মুখে তারেক মাসুদ-মিশুক মুনীরদের বহনকারী মাইক্রোবাসটি আকস্মিকভাবে ভুল লেনে চলে আসার কারণেই বিপরীত দিক থেকে আসা জামিরের বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।
বিচারিক আদালতে ওই দুর্ঘটনার বিচারপ্রক্রিয়ায় বেশ কিছু ত্রুটি ঘটেছিল বলেও মনে করছেন অধ্যাপক ড. সামছুল হক। এ কারণে হাইকোর্টে সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সাক্ষী হিসেবে তার নাম আদালতে দাখিলও করেছে বিবাদীপক্ষ। তবে এরপর বিষয়টিতে আর কোনো গতি নেই।
বাসচালক জামির হোসেনের স্ত্রী রাশিদা বেগমের অবস্থা এখন সংকটাপন্ন। সপ্তাহখানেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চিকিৎসকেরা বলছেন, তার অবস্থা আশঙ্কাজনক। স্বজনদের দাবি, স্বামীর মৃত্যুর ঘটনার পর থেকেই শারীরিকভাবে ভেঙে পড়েন তিনি।
অন্যদিকে চুয়াডাঙ্গা ডিলাক্স বাসের মালিক মুজিবুল হক খোকন জানিয়েছেন, মামলার পেছনে ছুটতে ছুটতে তিনি এখন প্রায় সর্বস্বান্ত। নানান শারীরিক জটিলতায় প্রায় দুমাস ধরে তিনি শয্যাশায়ী।
কী আছে ড. সামছুল হকের অনুসন্ধানে
মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনাটি নিয়ে নিউজবাংলার কাছে গত বছর নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছিলেন অধ্যাপক সামছুল হক। সে সময় তিনি বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। ওই দুর্ঘটনার পর পরই আমি এর কারণ গভীরভাবে খতিয়ে দেখতে শুরু করি। অনুসন্ধানের একদম শুরুতে কয়েকজন ঘনিষ্ঠ সাংবাদিক আমাকে ব্যাপক সহযোগিতা করেছিলেন।
‘তারা প্রথম দিনে ঘটনাস্থলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি আমাকে পাঠিয়েছিলেন। কিছু ছবি তোলা হয়েছিল উঁচু গাছ থেকে, যেগুলো আমার কাছে ছিল সারকামসটেন্সিয়াল এভিডেন্সের মতো। সেসব ছবি দেখে আমি বুঝেছিলাম, এখানে অনেক কিছু বলার মতো বিষয় লুকিয়ে আছে।’
তিনি বলেন, ‘সাংবাদিকদের কাছ থেকে আরও বেশ কিছু কনটেন্ট পেয়েছিলাম। এর মধ্যে একটি ভিডিও ছিল, যেখানে বাসের উইন্ডশিল্ডের কাছে বসা একজন নারীর কথা ছিল। তার সাবলীল বিবরণ থেকে আমি বুঝতে পেরেছিলাম, দুর্ঘটনাস্থল থেকে অনেক নতুন কিছু পাওয়ার আছে।’
ড. সামছুল হক নিজেও পরদিন দুর্ঘটনাস্থলে যান। বিভিন্ন আলামত নিবিড় পর্যবেক্ষণ করার পাশাপাশি কথা বলেন স্থানীয় লোকজন ও তদন্তসংশ্লিষ্টদের সঙ্গে।
তিনি বলেন, ‘একে একে বিভিন্ন বিষয় আমার কাছে স্পষ্ট হচ্ছিল, সেই সঙ্গে সাধারণ বিবরণের মধ্যে গোঁজামিলগুলোও ধরা পড়ছিল। তখনও আমি দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি ভালোভাবে দেখতে পারিনি। ওটা একদম চ্যাপ্টা হয়ে গিয়েছিল। মাইক্রোবাসে কে কার পাশে বসেছিলেন, সেটা তখনও আমি জানতাম না।’
তিনি বলেন, ‘অনুসন্ধানের পাশাপাশি তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষা করছিলাম। তিন সদস্যের এ কমিটির সঙ্গে আমার একজন সাবেক ছাত্রও যুক্ত ছিলেন। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। একই সঙ্গে আমার কাছে যেসব তথ্য-প্রমাণ ছিল, সেগুলো একসূত্রে গাঁথার চেষ্টা করছিলাম। তবে এর মধ্যে খণ্ড খণ্ড বেশ কিছু মিসিং লিংক ছিল।
‘এর মধ্যেই ডেইলি স্টারে তারেক মাসুদের সহকারী মনীশ রফিকের একটি সাক্ষাৎকার ছাপা হয়। মনীশ ছিলেন মাইক্রোবাসচালকের ঠিক পাশের আসনে; দুর্ঘটনায় তিনিও সামান্য আহত হন। মনীশের বক্তব্য থেকে এমন কিছু বিষয় পাই, যেটি আমার প্রাথমিক অনুসন্ধানকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসতে সাহায্য করে।’
ড. সামছুল হক বলেন, ‘সাধারণভাবে যেকোনো দুর্ঘটনা ঘটার আগে গাড়ির হার্ড ব্রেক কষার কথা। হার্ড ব্রেক অ্যাপ্লাই করলে রাস্তায় একটি স্পিড মার্ক পাওয়া যায়। আর সেই স্পিড মার্ক পেলে গাড়ির আসল অবস্থান চিহ্নিত করা যায়। অথচ আমি রাস্তায় কোনো স্পিড মার্ক পাইনি।
‘আমরা যারা দুর্ঘটনা বিষয়ে কাজ করি, তাদের কাছে বিষয়টি গোলমেলে। আমি তখন ভাবার চেষ্টা করছিলাম, বৃষ্টির কারণেই রাস্তায় হয়তো স্পিড মার্ক নেই। তবে সেটা মিলছিল না। স্পিড মার্ক এমন একটি বিষয় যার কোনো না কোনো চিহ্ন থাকবেই। কারণ এ সময় চাকার প্রচণ্ড ঘর্ষণে রাস্তার পাথরকুচি উঠে যায়।’
তিনি বলেন, ‘তাহলে কেন এ ধরনের চিহ্ন নেই- সেটি নিয়ে ঘুরপাক খাচ্ছিলাম। অবশেষে সেই প্রশ্নের জবাব পাওয়া গেল মনীশ রফিকের সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন, সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মাইক্রোবাসের পেছন দিকে যাত্রীরা মুখোমুখি বসে তুমুল আড্ডায় মেতেছিলেন। তার কথার প্রতিটি বিষয় আমার সামনে একেকটি চিত্র তৈরি করছিল। মাইক্রোবাসে মুখোমুখি কী করে বসা যায়! তার মানে সেটির আসনে পরিবর্তন আনা হয়েছিল। মনীশ আরও বলেন, হঠাৎ একটি বাস দৈত্যের মতো তাদের মাইক্রোবাসে আঘাত করে।’
এই ‘হঠাৎ’ শব্দটি অনেক প্রশ্নের জবাব পাইয়ে দেয় ড. সামছুল হককে। তিনি বলেন, ‘হঠাৎ হলেই তো গাড়ির স্পিড মার্ক পাওয়া যায় না! কিছু দূর আগে থেকে দেখতে পেলেও হার্ড ব্রেক কষা সম্ভব, কিন্তু কী এমন পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল যে কারণে বাসটিকে তারা হঠাৎ দেখতে পেলেন!’
এরপর আবার দুর্ঘটনাস্থলে যান ড. সামছুল হক। এ সময় স্থানীয় একজনের বক্তব্য পাওয়া যায়। এ ছাড়া পত্রিকায় প্রত্যক্ষদর্শী কয়েকজনের বক্তব্য ছাপা হয়।
এসব থেকে পরিষ্কার হয়, দুর্ঘটনার ঠিক কিছু আগে একটি বড় বাস রাস্তার বাঁকে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ওভারটেক করে। ওই বাসটির পিছু পিছু একই দিকে যাচ্ছিল তারেক মাসুদদের মাইক্রোবাস। ওই বাসটির পিছু নিয়ে তারেক মাসুদদের মাইক্রোবাসটি অটোরিকশাকে একইভাবে ওভারটেক করতে বাঁকের মুখে নিজের ডান লেনে চলে গিয়েছিল। এ সময়েই বাঁকের বিপরীত দিক থেকে আসা জামির হোসেনের বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।
ড. সামছুল হক বলেন, ‘অটোরিকশাকে ওভারটেক করা বাসটির চালক কিন্তু বাঁকের অন্য প্রান্তে বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা ডিলাক্সের বাসটিকে দেখতে পেয়েছিলেন। এর পরও তিনি ক্যালকুলেটেড (হিসাব করা) ঝুঁকি নিয়ে অটোরিকশাকে ওভারটেক করে আবার নির্ধারিত বাম লেনে বাসটিকে ফিরিয়ে নিয়ে যান। মহাসড়কে চলাচলকারী বাস-ট্রাক সাধারণত এ ধরনের হিসাবি ঝুঁকি নিতে অভ্যস্ত।
‘তারেক মাসুদদের মাইক্রোবাসটিও সামনের বাসটিকে অনুসরণ করে ডান লেনে চলে যায়। তবে একজন শহুরে চালকের জন্য কাজটি ছিল মারাত্মক ভুল। সামনের বাসের মতো তিনি আর মাইক্রোবাসকে আবার বাম লেনে নিতে পারেননি। আর এই ভুলের কারণেই বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা ডিলাক্সের বাসটির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়।’
বিপরীত দিকের বাসের চালক জামির বাঁকের মুখে নিজের সঠিক বাম লেনেই ছিলেন বলে মনে করছেন ড. সামছুল হক।
তিনি বলেন, ‘উল্টো দিকে আকস্মিকভাবে ভুল লেনে চলে আসা মাইক্রোবাসের বিষয়ে চুয়াডাঙ্গা ডিলাক্সের বাসচালক জামির হোসেনের কোনো প্রস্তুতি ছিল না। কারণ বাঁকের উল্টো দিক থেকে তিনি মাইক্রোবাসটিকে দেখতেই পাননি। আর এ জন্যই সেই হঠাৎ দুর্ঘটনা, যেখানে বাসচালক ব্রেক কষারও সময় পাননি।’
দুর্ঘটনার পর মাইক্রোবাসটিকে বিধ্বস্ত অবস্থায় রাস্তায় এর বাম দিকের লেনে পাওয়া যায়। ফলে মামলার রায়ে বিচারিক আদালতের বিচারক বিষয়টির উল্লেখ করে বলেন, ‘অবস্থাদৃষ্টে প্রতীয়মান হয় যে মাইক্রোবাসটি তার সঠিক লেনেই ছিল।’
তবে ড. সামছুল হক বলেন, এখানে বোঝার ভুল আছে। বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ে দীর্ঘদিন কাজ করা ড. সামছুল হক নিউজবাংলাকে বলেন, “সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির টার্মিনাল পজিশনের বেশ কিছু ছবি পেয়েছিলাম। একটি দুর্ঘটনাকে বিশ্লেষণের জন্য ‘টার্মিনাল পজিশন’ খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো দুর্ঘটনার পর মাইক্রোবাসটির চূড়ান্ত অবস্থান।”
তিনি বলেন, “এখানে লক্ষ করার বিষয় হলো, একটি বাসের সঙ্গে সংঘর্ষের পর কোনো মাইক্রোবাস যদি তার ‘সঠিক’ লেনে থাকে (যদিও সে অবস্থানটিও ছিল রাস্তার মাঝ বরাবর), তাহলে ধরে নিতে হবে দুর্ঘটনার আগের চিত্র ছিল অন্যরকম। কারণ একটি বাসের যে ভর ও গতি, তাতে সংঘর্ষের পর মূল অবস্থান থেকে মাইক্রোবাসটির বেশ কিছুটা দূরে সরে যাওয়ার কথা। মাইক্রোবাসের জীবিত আরোহীদের বক্তব্যেও সেটি জানা গেছে। ফলে দুর্ঘটনার পর মাইক্রোবাসটিকে রাস্তার মাঝ বরাবর পাওয়ার অর্থ হলো, প্রকৃতপক্ষে সেটি রং সাইডে ছিল। ধাক্কা খাওয়ার পর এর টার্মিনাল পজিশনটি পাওয়া গিয়েছিল মধ্যরাস্তায়।
“আর দুর্ঘটনার আগে মাইক্রোবাসটি সত্যিই নিজের বাম লেনে থাকলে ধাক্কা খাওয়ার পর সেটির রাস্তার কিনারায় বা রাস্তার পাশে চলে যাওয়ার কথা ছিল। এটাই হলো বিজ্ঞান। অথচ বিচারপ্রক্রিয়ায় এই বিজ্ঞানকে বিবেচনায় নেয়া হয়নি।”
তিনি বলেন, ‘দুর্ঘটনার পর মাইক্রোবাসের অবস্থা দেখে পরিষ্কার বোঝা গেছে, বাসের সঙ্গে এর আংশিক মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। ডিভাইডারবিহীন একটি সড়কে এ ধরনের আংশিক মুখোমুখি সংঘর্ষ হতে হলে দুটি যানের যেকোনো একটিকে রং সাইডে থাকতে হয়। এ ক্ষেত্রে মাইক্রোবাস ও বাসের অবস্থান এবং সংঘর্ষে সরাসরি ক্ষতিগ্রস্ত অংশ দেখে পরিষ্কার বোঝা যায়, মাইক্রোবাসটিই ওভারটেক করতে গিয়ে রং সাইডে ছিল। দুর্ঘটনার পর সরকারের গঠিত তদন্ত কমিটি ও মানিকগঞ্জ জেলা পুলিশের প্রতিবেদনেও বিষয়টির উল্লেখ রয়েছে। তবে মামলার বিচারের ক্ষেত্রে সেটি বিবেচনায় নেয়া হয়নি।’
দুর্ঘটনার জন্য সে সময় রাস্তার ‘অবৈজ্ঞানিক’ বাঁককেও দায়ী করছেন ড. সামছুল হক।
তিনি বলেন, ‘১১ ফুট প্রশস্ত ওই রাস্তায় কোনো বাঁক থাকলে রাস্তার বক্রতার ধরন অনুসারে অংশটি অন্তত ১৩ ফুট চওড়া হওয়ার কথা ছিল। তবে বাস্তবে তা ছিল না। একই সঙ্গে বাঁকটিতে গাছপালা থাকায় দৃষ্টিসীমা ছিল একদম কম।
‘ঢাকা-আরিচা মহাসড়কে যেসব ব্ল্যাকস্পট ছিল, এই বাঁকটি তার একটি। মানিকগঞ্জের জোকায় তখন প্রতি বছর তিনটির বেশি করে দুর্ঘটনা ঘটছিল। এখন সেখানে ডিভাইডার করা হয়েছে, রাস্তা চওড়া হয়েছে, ফলে এখন আর দুর্ঘটনা হচ্ছে না।’
ড. সামছুল হকের অনুসন্ধান যেভাবে ‘অন্ধকারে’
দুর্ঘটনার বৈজ্ঞানিক বিশ্লেষণ দাঁড় করানোর পর সেটি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে তুলে ধরেন অধ্যাপক ড. সামছুল হক, তবে বিষয়টি বিবেচনায় নিতে সবার অনীহা ছিল বলে অভিযোগ তার।
তিনি বলেন, ‘দুর্ঘটনার পরিস্থিতি পুনর্নির্মাণের পর আমি প্রেজেন্টেশনটি কিছু সাংবাদিককে দিয়েছিলাম। তবে সেটি কোথাও প্রকাশ করা হয়নি।
‘বাসচালক জামির হোসেনের বিরুদ্ধে মানিকগঞ্জের আদালতে মামলার বিচার শুরু হয়ে গিয়েছিল। এরই মধ্যে একদিন ব্র্যাকে একটি সেমিনারে আমি অনুসন্ধানটি সবার সামনে উপস্থাপন করলাম। সেখানে ক্যাথরিন মাসুদের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেনও ছিলেন। অনুষ্ঠান শেষে সারা হোসেন বললেন, আমি যে বিষয়টি বের করেছি সেটির সঙ্গে তাদের ভিন্ন মত নেই, তবে তাদের ফাইন্ডিংস আলাদা। আমি তখন তাকে (সারা হোসেন) বললাম, আপনি আপনার জায়গা থেকে কখনই বাসচালকের বাইরে যেতে পারবেন না, কিন্তু আমার বিশ্লেষণের পরিসর আরও বিস্তৃত।’
ড. সামছুল হক বলেন, ‘এরপর সারা হোসেনের টিম আমার কাছে এসেছিল, আমাকে সাক্ষ্য দিতে মানিকগঞ্জের আদালতে যেতে বলা হয়েছিল। তবে আমি তখন বলেছিলাম, একজন শিক্ষক হিসেবে দিনের পর দিন আমার পক্ষে মানিকগঞ্জে গিয়ে সাক্ষ্য দেয়া সম্ভব নয়। তা ছাড়া আমি তখন ভেবেছিলাম, আদালত নিশ্চয়ই দুর্ঘটনার সব দিক চুলচেরা বিচার-বিশ্লেষণ করেই রায় দেবে।’
২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি রায়ে জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। রায়ের পর জামিরকে প্রথমে মানিকগঞ্জ জেলা কারাগার ও পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় চমকে যান ড. সামছুল হক। সিদ্ধান্ত নেন, উচ্চ আদালতে তিনি অনুসন্ধানের বিষয়গুলো তুলে ধরবেন। এ জন্য যোগাযোগ শুরু করেন বিভিন্ন মহলে।
তিনি বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনার বিচার ও সাধারণ বিচারের মধ্যে যে মাত্রাগত পার্থক্য থাকা প্রয়োজন, সেটি রায়ে দেখতে পাইনি। মনের মধ্যে ছটফট অবস্থা তৈরি হলো। পুরো বিষয়টি আবার নতুন করে কীভাবে সবার সামনে আনা যায়, সেই চেষ্টা শুরু করলাম। মিডিয়া শুরু থেকেই বিষয়টি নিয়ে রক্ষণশীলতা দেখাচ্ছিল, ফলে সেখানকার অনেকেই গুরুত্ব দিতে চাইলেন না। কেউ কেউ এমনও বললেন, আমি বাসচালকের পক্ষে কাজ করছি।
‘তবে আমি বারবারই বলেছি, এখানে বিজ্ঞান কথা বলছে, আমি নিজে কিছু বলছি না। এটা কার পক্ষে যাচ্ছে বা বিপক্ষে যাচ্ছে, সেটা কোনো বিষয় নয়।’
ড. সামছুল হক জানান, একপর্যায়ে ২০২০ সালের শুরুতে তিনি অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পান।
তিনি বলেন, ‘আমার শুধু মনে হচ্ছিল, একটি অন্যায় হয়ে যাচ্ছে। সেটা জেনেও চুপ করে থাকা আরও ঘোরতর অন্যায় হবে। এ কারণে আমি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি জানানোর চেষ্টা করেছিলাম।’
আইনমন্ত্রী আনিসুল হকের সামনে দেড় ঘণ্টার একটি প্রেজেন্টেশন দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘ভূমিকা দেয়ার পর তাকে চারটি বা পাঁচটি দিক থেকে ভুল দেখাচ্ছিলাম। মন্ত্রীকে দেখিয়েছিলাম, জামিরের বাস বেপরোয়া গতিতে চলছিল বলা হলেও বাস্তবে এর গতি ছিল নিয়ন্ত্রিত সীমার মধ্যেই। আইনমন্ত্রী প্রায় সঙ্গে সঙ্গে বিচারপ্রক্রিয়ার সমস্যাটি ধরে ফেললেন। উনি বললেন, সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে সাধারণ মামলার মতো করে বিচার করা তো মোটেই ঠিক হচ্ছে না।
‘আমি উচ্চ আদালতে সাক্ষ্য দেয়ার আগ্রহ প্রকাশ করলাম। তবে তখনই জানলাম, কোনো মামলা উচ্চ আদালতে যাওয়ার পর নতুন করে সাক্ষী যুক্ত করা যায় না। এটা করতে হলে বিশেষ অনুমতির প্রয়োজন পড়ে।’
এরপর বিবাদীপক্ষ হাইকোর্টে ড. সামছুল হককে সাক্ষী হিসেবে পক্ষভুক্ত করার আবেদন করে। তবে করোনা মহামারির কারণে সেই আবেদনের শুনানি তখন হয়নি। এখনও সেটি সেখানেই আটকে আছে। এরই মধ্যে ২০২০ সালের ১ আগস্ট কারাগারে মারা যান বাসচালক জামির হোসেন।
ড. সামছুল হক বলেন, ‘বৈশিষ্ট্যগত নানান কারণেই সড়ক দুর্ঘটনা আর সব ঘটনা থেকে আলাদা। একটি হত্যাকাণ্ডের বিচারে যেমন শুধু সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে রায় দেয়া হয়, সেখানে সড়ক দুর্ঘটনার বিচারে সাক্ষীর বাইরেও পারিপার্শ্বিক আরও অনেক কিছু বিবেচনায় নেয়া দরকার।’
তিনি বলেন, “জামিরের মামলায় আদালত ‘সর্বোৎকৃষ্ট সাক্ষী’ হিসেবে যাদের বিবেচনা করেছে, তারা সবাই মাইক্রোবাসের আরোহী৷ দুর্ঘটনার সময় তারা হয় উল্টো দিকে ঘুরে আড্ডা দিচ্ছিলেন, নয়তো ছিলেন একদম পেছনের সিটে। অথচ যিনি মাইক্রোবাসচালকের একদম পাশের সিটে ছিলেন, সেই মনীশ রফিকের সাক্ষ্য নেয়া হয়নি। কোনো বাসযাত্রী বা স্থানীয় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যও গুরুত্ব পায়নি।”
জামিরকে যাবজ্জীবনের রায়ে যা বলেছিলেন বিচারক
বেপরোয়া গতিতে বাস চালিয়ে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজনকে হত্যার দায়ে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর রায় ঘোষণার পর পরই কারাগারে পাঠানো হয় জামিরকে।
২০১১ সালের ১৩ আগস্ট মর্মান্তিক দুর্ঘটনার কয়েক দিন পরই জামির হোসেন মেহেরপুর গাংনীর চৌগাছা থেকে গ্রেপ্তার হন। তবে কয়েক মাস পরই জামিনে মুক্তি পান তিনি। এরপর ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কারাগারে ছিলেন।
রায় ঘোষণা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বিচারক দণ্ড ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ‘নির্লিপ্ত’ দেখা যাচ্ছিল জামিরকে। রায়ের পর পুলিশ তাকে হাতকড়া পরিয়ে কারাগারে পাঠায়।
বিচারক আদেশে বলেন, ‘জামির হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ও ৪২৭ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাকে ৩০৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হলো। আর দণ্ডবিধির ৪২৭ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো।’
আসামির উভয় দণ্ড একসঙ্গে চলবে বলেও আদেশ দেন বিচারক।
বিচার চলার সময় ৩২ জনের সাক্ষ্য নেয়া হয়। এর মধ্যে ছিলেন প্রত্যক্ষদর্শী ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা। আসামির পক্ষে দুজন সাফাই সাক্ষ্য দেন।
বিচারক রায়ে বলেন, ‘এজাহার, অভিযোগপত্র, খসড়া মানচিত্র, বিআরটিএর চিঠি, জব্দ করা ভুয়া ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীর অভিন্ন ও অকাট্য সাক্ষ্যের ভিত্তিতে বলা যায়, আসামি বাসটিকে বৃষ্টি ও বাঁকের মধ্যে অবহেলার সঙ্গে বেপরোয়া গতিতে চালিয়ে একটি মিনিবাসকে ওভারটেক করে মাইক্রোবাসটিকে নির্মমভাবে আঘাত করেন। ফলে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচটি তরতাজা প্রাণ ঝরে যায়। আসামির বেপরোয়া আচরণ ও অবহেলার কারণেই পাঁচজনের মৃত্যু হয়।’
আসামির পক্ষে আদালতে সাফাই সাক্ষ্য দেন চুয়াডাঙ্গা ডিলাক্সের বাসটির যাত্রী শাহনেওয়াজ রয়েল ও অধ্যাপক নাসরিন আশরাফী।
তবে বিচারক রায়ে বলেন, ‘তাদের কেউই ওই বাসের যাত্রী হওয়ার প্রমাণ হিসেবে বাসের টিকিট আনেননি। এ দুজন সারা জীবনে এবং ঘটনার পর থেকে অসংখ্যবার বাসে ওঠার কথা। একটি নির্দিষ্ট দিনে কোন বাসে উঠেছিলেন তা মনে রাখা দুঃসাধ্য। তারা যদি ঘটনার পর কোনো ম্যাজিস্ট্রেট কিংবা তদন্তকারী কর্মকর্তার কাছে সাক্ষ্য দিতেন, তাহলে অনেকটাই বিশ্বাসযোগ্য হতো।
‘এ ছাড়া শাহনেওয়াজ সাক্ষ্য দেয়ার সময় বলেছেন, দুর্ঘটনাস্থলে কোনো বাঁক নেই। আর তিনি ছিলেন বাসের বাঁ দিকে চার আসন পেছনে। ফলে ডান দিকের বিষয় দেখা সম্ভবপর নয়। আর নাসরিন আশরাফীও বলেছেন, সেখানে বাঁক ছিল না। তার চশমার পাওয়ার ৩.৫০। ক্ষীণ দৃষ্টিশক্তির একজন বয়স্ক মহিলার পক্ষে দীর্ঘদিনের আগের বৃষ্টির মধ্যে সংঘটিত কোনো ঘটনার সঠিক বিবরণ দেয়া আদৌ সম্ভবপর নয়।’
মাইক্রোবাসের বেঁচে যাওয়া আরোহীরা যা বলছেন
ভয়াবহ ওই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন চিত্রশিল্পী ঢালী আল মামুন।
গত বছর তিনি নিউজবাংলাকে বলেন, ‘মাইক্রোবাসটি ছিল তারেকের, যেটা শুটিংয়ের জন্য ব্যবহার করা হতো। সেদিন আমরা ঢাকায় ফিরছিলাম। চালকের পরের সিটটা ব্যাক টু ব্যাক করা ছিল। তার পরের সিটটা যেভাবে থাকে, সেভাবেই ছিল। আমরা পাঁচজন সামনাসামনি বসেছিলাম।
‘তারেক আর ক্যাথরিন চালকের পেছনে ছিল। আর উল্টো দিকে মিশুক আমার ডান পাশে ছিল; বাঁ পাশে ছিল আমার স্ত্রী। সামনে দুই জন ছিল। তার মধ্যে একজন ছিল তারেকের সহকারী পরিচালক। আমরা মোট ১০ জন ছিলাম।’
দুর্ঘটনার সময়ের কথা জানিয়ে তিনি বলেন, ‘সেদিন বৃষ্টি হচ্ছিল, সে কারণে আমাদের গাড়ির গতি ৩০ থেকে ৪০ কিলোমিটারের বেশি ছিল না। আমরা তখন একটি খাবার দোকান খুঁজছিলাম। সে কারণে গাড়ি স্লো ছিল। আমাদের গাড়ি কখনোই রাস্তার সাদা লাইন ক্রস করেনি।
‘দুর্ঘটনায় গাড়িতে ডান পাশে বসা পাঁচজন স্পট ডেট হয়। আর বাকিরা আহত হই। তার মধ্যে আমার অবস্থা সব থেকে খারাপ ছিল। পরে আমাকে ব্যাংকক নিয়ে যেতে হয়েছিল।’
অন্যদিকে মাইক্রোবাসে থাকা প্রডাকশন কন্ট্রোলার সাইদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আমরা লোকেশন দেখে ফিরছিলাম। মোটামুটি একটা লেভেলে বৃষ্টি হচ্ছিল। আমি গাড়ির একেবারে পেছনের সিটে হাতের বাম পাশে ছিলাম। সামনের সিটগুলা ঘোরানো ছিল। চালকের পাশে বসা ছিলেন মনীশ রফিক। উনি কিছুই দেখেননি, কিছুই বলতে পারেননি। তার কারণ উনি পেছনের দিকে তাকানো ছিলেন।’
সাইদুল ইসলাম বলেন, ‘আমি যেখানে বসা ছিলাম সেখান থেকে একদম পরিষ্কার সামনে দেখা যাচ্ছিল। তারেক ভাই এবং ক্যাথরিন আপার মাঝখান দিয়ে একটা ফাঁকা ছিল। সেখান দিয়ে সামনে দেখা যাচ্ছিল। সে সময় তারেক ভাই কথা বলছিলেন। আমি দেখলাম, আমাদের সামনে একটা ছোট পিকআপের মতো আছে। দেখলাম একটা ছোট মিনিবাস আমাদের অপর দিক থেকে আসছে। আমরাও ওই পিকআপটার পেছনে আছি। এ সময় পেছন থেকে একটা বড় বাস আমাদের কাছাকাছি এসেছে।
‘আমাদের গাড়ি তখন বাম পাশে যে সাদা দাগ থাকে তার মধ্যেই ছিল। যখন আমাদের গাড়িটি কার্ব হয়ে ঢুকছিল, তখন উল্টো দিক থেকে একটা বাস এসে সজোরে ধাক্কা দেয়। তখন আমি দুই সিটের মাঝখানে যে জায়গা থাকে সেখানে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে নাই। পরে আমাকে যারা তুলেছে তারা বলেছেন, আমার ওপর তারেক মাসুদ ও মিশুক মুনীর পড়েছিলেন। ক্যাথরিন আপা আমাকে নাকি টেনে বের করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।’
ঝুলে আছে মামলার চূড়ান্ত নিষ্পত্তি
আলোচিত ওই দুর্ঘটনার পর ঘিওর থানার তখনকার উপপরিদর্শক লুৎফর রহমান একটি মামলা করেন। অন্যদিকে ঘটনার দুই বছর পর ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের সদস্যরা মানিকগঞ্জে মোটরযান অর্ডিন্যান্সের ১২৮ ধারায় বাসমালিক, চালক ও ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করেন।
পরে সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুসারে জনস্বার্থে হাইকোর্টে বদলির নির্দেশনা চেয়ে আবেদন করলে ক্ষতিপূরণের মামলা দুটি হাইকোর্টে চলে আসে।
দীর্ঘ শুনানি শেষে ২০১৭ সালের ৩ ডিসেম্বর তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে বাসমালিক, চালক ও সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানিকে নির্দেশ দেয় বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ। রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে টাকা পরিশোধ করতে বলা হয়।
ক্ষতিপূরণের অর্থের মধ্যে বাসের (চুয়াডাঙ্গা ডিলাক্স) তিন মালিকের ৪ কোটি ৩০ লাখ ৮৫ হাজার ৪৫২ টাকা, বাসচালক জামির হোসেনের ৩০ লাখ টাকা এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির ৮০ হাজার টাকা দেয়ার কথা। এ টাকা ক্যাথরিন মাসুদ, তারেক মাসুদের ছেলে নিষাদ মাসুদ ও বৃদ্ধা মা নুরুন নাহার পাবেন বলে রায়ে বলা হয়।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে বাস মালিকপক্ষ, সেটি এখন আপিলে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। অন্যদিকে মিশুক মুনীরের পরিবারের ক্ষতিপূরণ চেয়ে করা মামলাটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।
ক্ষতিপূরণের মামলার শুনানির বিষয়ে তারেক মাসুদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেনকে প্রশ্ন করা হলে নিউজবাংলাকে তিনি বলেন, ‘আপিল বিভাগে যে আপিলটা পেন্ডিং আছে, সেটি যাতে শুনানি হয় সে বিষয়ে আমরা অবশ্যই উদ্যোগ নেব। এত বছর হয়ে গেছে আমরা শেষ করতে পারছি না। এ মামলাটি শুধু তারেক মাসুদের পরিবারের জন্য নয়, অন্যদের জন্যও গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘এর মধ্যে দুটো বিষয়- একটি হলো ক্ষতিপূরণের, আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানির দায়িত্বটা আসলে কী সেটি। এ প্রশ্নগুলো কিন্তু আদালতের সামনে উত্থাপিত হয়েছে। এখন আদালতের রায়ের মাধ্যমে যদি এ প্রশ্নের সুরাহা হয়, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য একটা বড় উপকার হবে। তার কারণ হলো ইন্স্যুরেন্স কোম্পানি দায়দায়িত্ব নিলে প্রাতিষ্ঠানিক পরিবর্তন আমরা দেখতে পারব।’
সারা হোসেন জানান, তারেক মাসুদের মামলাটি আপিল বিভাগে বিচারের অপেক্ষায় আছে। আর মিশুক মুনীরের মামলাটি হাইকোর্টে তালিকাভুক্ত ছিল ঈদের আগে।
তিনি বলেন, ‘সেখানে প্রক্রিয়াগত একটা সমস্যা হয়েছে যে, বাসের চালক মারা গেছেন। এখন তার উত্তরসূরিদের মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। সেটা নিয়ে এখন কাজ চলছে। এটা হয়ে গেলে হাইকোর্টে এ মামলাটির শুনানি হবে।’
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা ডিলাক্সের পক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার নিউজবাংলাকে বলেন, ‘বাস মালিক খুবই অসুস্থ। মৃত্যুপথযাত্রী। এ মামলায় এখন আর আমার সঙ্গে যোগাযোগ নেই।’
জামিরের স্ত্রী জীবন সংকটে, বাসমালিক অসুস্থ
যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে কারাগারে যাওয়ার পর বাসচালক জামির হোসেন মারা যান ২০২০ সালের ১ আগস্ট। পরিবার এখন কেমন আছে জানতে রোববার তার স্ত্রী রাশিদা বেগমের নম্বরে ফোন করা হলে সেটি ধরেন সুমি নামে এক নারী।
সুমি নিজেকে বাড়ির ভাড়াটিয়া পরিচয় দিয়ে জানান, রশিদা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তার দেখাশোনা করতে মেয়ে আরিফা খানম জ্যোতি ও জামাই ইব্রাহিম হোসেনও হাসপাতালে আছেন।
এরপর ইব্রাহিম হোসেনকে ফোন করা হলে তিনি নিউজবাংলাকে বলেন, ‘এক সপ্তাহ আগে আমার শাশুড়ি স্ট্রোক করেছেন। এখন তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা ভালো না। বলা যায় তিনি এখন মৃত্যুশয্যায়।’
জামির হোসেনের মৃত্যুর পর থেকেই তার স্ত্রী বিভিন্ন অসুস্থতার মধ্যে ছিলেন বলে জানান ইব্রাহিম।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সোমবার সকাল ৯টার দিকে গিয়ে দেখা যায়, হাসপাতালের ৩ নম্বর মেডিসিন ওয়ার্ডের ১০ নম্বর বেডে অচেতন অবস্থায় শুয়ে আছেন রাশিদা। পাশে উদ্বিগ্ন তার একমাত্র মেয়ে জ্যোতি।
জ্যোতি নিউজবাংলাকে বলেন, ‘এক দুর্ঘটনায় আমার পুরো পরিবার শেষ হয়ে গেল। বাবা জেলে মারা গেলেন, আর মায়ের এই অবস্থা। চুয়াডাঙ্গায় অবস্থা খারাপ হলে মাকে গত ২৭ তারিখে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার বলেছেন, ব্রেইন স্ট্রোক করেছেন। আরও কিছু সমস্যা আছে।
‘মাকে ঢাকায় নিয়ে যাওয়ার চিন্তা করছি। আমরা খুব খারাপ পরিস্থিতিতে আছি। কথা বলার মতো অবস্থায় নেই।’
রাশিদার চিকিৎসা চলছে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আক্রামুজ্জামান মিন্টুর তত্ত্বাবধানে।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘রোগীর ব্রেইনে ছোট্ট একটি স্ট্রোক করেছে। তার শরীরে লবণের ঘাটতি ছিল। রক্তে ইনফেকশন আছে। সব মিলিয়ে তিনি ক্রিটিক্যাল পরিস্থিতিতে আছেন। আমরা বেডে রেখে তাকে অবজার্ভ করছি। লবণ কারেকশন করা হচ্ছে।
‘রক্তে ইনফেকশনের জন্য উচ্চ ক্ষমতার অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছি। বেড ফাঁকা হলে আমরা তাকে হাই ডিপেডেন্সি ইউনিটে (এইচডিইউ) নিয়ে যাব। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি।’
রাশিদার সঙ্গে গত বছরের আগস্টে কথা বলেছিল নিউজবাংলা। সে সময় তিনি জানান, মানিকগঞ্জের দুর্ঘটনাটি ছাড়া জামির হোসেন আর কখনও বড় কোনো দুর্ঘটনার মুখে পড়েননি। ওই দুর্ঘটনার পর তাকে মেহেরপুরের গাংনীর চৌগাছা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তখন তিনি তিন মাস জেলে ছিলেন। সে সময় বারবার বলতেন, তার কিছুই হবে না, কারণ তিনি নির্দোষ।
রাশিদা বেগম নিউজবাংলাকে বলেন, ‘আমাদের খুব কষ্টের সংসার। কোনো জমিজমা নেই। খুব কষ্টে মামলার খরচ চালাতাম। তার ডায়াবেটিস ছিল, তেমন কিছু খেতে পারতেন না।’
আবেগাপ্লুত রাশিদা বলেন, ‘জেলে যাওয়ার পর চিন্তায় চিন্তায় আমার স্বামীর জীবনটা চলে গেল। সেই থেকে আমাদের বাড়ি থেকে আনন্দ চলে গেছে। কেউ আর হাসে না। যে যাবার সে চলে গেছে। এখন এসব বলে বা নিউজ করে কী হবে? তখন তো কেউ আসেনি।’
মানিকগঞ্জে দুর্ঘটনার পর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন জামির হোসেন।
সেই সময়ের কথা জানিয়ে রাশিদা নিউজবাংলাকে বলেন, ‘তিনি কাঁপতে কাঁপতে বলেন, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি অনেকবার হর্ন দিছি। গাড়ি রাস্তার পাশের খাদের দিকে নিয়ে গেছি।
‘আমার গাড়িতে অনেক যাত্রী ছিল। মাইক্রোবাসটি ভুল পথে এসে দ্রুত আমার গাড়িতে ধাক্কা মেরে দিল। আমার গাড়ি রাস্তার ঠিক দিকেই ছিল। মনে হচ্ছে খুব দামি মানুষ এরা। আমি পরে কথা বলব।’
রাশিদা জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পর মুষড়ে পড়েন জামির। তিনি বলেছিলেন, ‘আমি সুষ্ঠু বিচার পাইনি। আমি অপরাধী না হয়েও অপরাধী হলাম।’
জামির হোসেনের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়া স্কুলপাড়া এলাকায়। স্থানীয়রা জানান, দরিদ্র জীবনযাপন করতেন জামির। বসতভিটা ছাড়া কোনো জমিজমা নেই। ২০০৮ সালে মেয়ে আরিফা খানমকে বিয়ে দেন কলেজশিক্ষক ইব্রাহিমের সঙ্গে। জামিরের মৃত্যুর পর জামাতার বাড়িতেই ছিলেন রাশিদা বেগম।
অন্যদিকে চুয়াডাঙ্গা ডিলাক্সের মালিক মুজিবুল হক খোকনও অসুস্থতার কারণে দুই মাস ধরে প্রায় শয্যাশায়ী। তিনি জানান, মামলার পেছনে এক দশকের বেশি সময় ধরে ছুটতে ছুটতে এখন বলতে গেলে নিঃস্ব।
ক্ষতিপূরণ-সংক্রান্ত মামলার বিষয়ে খোকন নিউজবাংলাকে বলেন, ’মাঝে দুইবার তারিখ পড়েছিল। কিন্তু হাইকোর্ট থেকে আমার বাসের চালক জামিরের মৃত্যুর নথি তলব করেছে। সেই নথি এখনও আদালতে পৌঁছায়নি। ওই নথি এলে পরবর্তী কী হবে সেটা আমার আইনজীবী বলতে পারবেন।’
আইনজীবীর সঙ্গে যোগাযোগ না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অসুস্থতার কারণে আমি যোগাযোগ করতে পারিনি। তবে আমার পক্ষ থেকে একজন যোগাযোগ করেছেন। এই মামলা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটাই আমার চাওয়া। আর কতদিন এটা এভাবে ঝুলে থাকবে।’
তারেক মাসুদের পক্ষে ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের বিষয়েও শুনানির কোনো তারিখ পড়েনি বলে জানান তিনি।
খোকন বলেন, ‘আমাদের প্রত্যাশা হলো মামলাগুলো দ্রুত শুনানি শেষ হয়ে যেন চূড়ান্ত নিষ্পত্তি ঘটে। এটা তো আমাদের জন্য একটা বড় ব্যথার কারণ হয়ে আছে। আল্লাহই জানেন এটা থেকে কবে পরিত্রাণ পাব!’
মামলায় পক্ষভুক্ত হওয়ার আশা ছাড়েননি ড. সামছুল হক
আলোচিত মামলাটির এখনও চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া নিয়ে আক্ষেপ রয়েছে ড. সামছুল হক। তিনি চাইছেন, দুর্ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে উচ্চ আদালতে তার ডাক পড়বে।
ড. সামছুল হক নিউজবাংলাকে বলেন, ‘অনেক আগে বাসচালক জামির হোসেনের পক্ষ থেকে একবার আমার এনআইডি ও নামটাম নিয়েছিল। এরপর আর কোনো অগ্রগতি নাই। এটাও অনেক আগে।’
সড়ক দুর্ঘটনার বিচারের ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রমাণকে প্রধান সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে প্রয়োজনে বিশেষ আইন করার দাবি তুলে তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় হওয়া মামলার বিচারের ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যা সাক্ষ্য হিসেবে নেয়া উচিত, বিশেষ করে যেহেতু সড়ক দুর্ঘটনায় সাক্ষী থাকে না।
‘এর কারণ চলন্ত অবস্থায় দুর্ঘটনা ঘটে। যাত্রীরা যে যেখানকার সেখানে চলে যান। ফলে এসব মামলায় সাক্ষী পাওয়া দুরূহ হয়। এমনকি মামলার বিচারেও ন্যায়বিচার নিশ্চিত হয় না। এ কারণে ঘটনায় দোষ কার, সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারলে দোষী শনাক্ত সহজ হবে।’
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ প্রতিটি দেশে এ ধরনের বিশেষ আইন আছে উল্লেখ করে তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও একটি হত্যা মামলার মতোই যেমন কীভাবে দুর্ঘটনা ঘটল, চালক ব্রেক কষেছিল কি না, কত দূর থেকে কষেছিল, কে রং সাইডে ছিল, গাড়িটির শেষ অবস্থান কী- ইত্যাদি বিষয়ে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে হয়।
‘এটা তদন্ত কর্মকর্তা বা বাইরে থেকে কাউকে সাক্ষী বানিয়ে প্রমাণ করা যায় না। সব কিছু মিলিয়ে বৈজ্ঞানিকভাবে প্রমাণের জন্য একটা বিশেষ আইন করা হলে হয়তো সঠিকভাবে নিরূপণ করা সহজ হবে।’
এ মামলায় অধ্যাপক সামছুল হক পক্ষভুক্ত হয়ে সাক্ষ্য দেয়ার আগ্রহের বিষয়ে গত বছর আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করেছিল নিউজবাংলা। বিষয়টি তোলার পর মন্ত্রী বলেন, ‘এটার বিষয়ে আমার কোনো এখতিয়ার নাই। এটা হাইকোর্টের এখতিয়ার। হাইকোর্টে ওনারা দরখাস্ত দেবেন, হাইকোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।’
সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে নিজ কার্যালয়ে কাজ শুরু করেন নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার অনিয়ম, নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আজ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিজের কার্যালয়ে প্রথম কর্মদিবসে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে সকাল ১১টার দিকে সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন নতুন অ্যাটর্নি জেনারেল। এসময় সিনিয়র আইনজীবীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সিনিয়র আইনজীবী ও সংসদ সদস্য ফজলুল রহমান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা ও মোহাম্মদ অনীক আর হক প্রমূখ উপস্থিত ছিলেন।
গত বুধবার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করা এবং জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান। কমিশনের সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ঐশী খানের নামে অনুসন্ধানে ১ কোটি ৭০ লাখ ২২ হাজার ৭৫০ টাকার সম্পদ এবং ১১ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকার পারিবারিক ব্যয়ের তথ্য পাওয়া যায়। মোট ১ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯০৪ টাকার সম্পদের বিপরীতে তার বৈধ আয় পাওয়া যায় মাত্র ১০ লাখ ৫৩ হাজার ৮৯২ টাকা। তার নামে ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক।
এছাড়া তার নামে বা বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনার কথাও অনুসন্ধান টিম প্রতিবেদনে উল্লেখ করেছে।
দুদক জানায়, অনুসন্ধানের ভিত্তিতে কমিশন তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করে। নির্ধারিত ঠিকানায় গিয়েও নোটিশ প্রদান সম্ভব না হওয়ায় গত ১০ জুলাই সম্পদ বিবরণী ফরম লটকিয়ে জারি করা হয়। পরে তিনি এক মাস সময় বৃদ্ধির আবেদন করলে নির্ধারিত ২১ কার্যদিবসের পাশাপাশি, আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। তবে বাড়তি সময় পেলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।
দুদক উল্লেখ করে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি তার নামে বিপুল অপ্রদর্শিত ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়ায় ২৭ (১) ধারার অভিযোগও প্রযোজ্য বলে কমিশন সিদ্ধান্ত নেয়।
ক্ষমতার অপব্যবহার করে প্লট দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন মামলার রায় ঘোষণা করেন।
এর আগে ২৩ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের তারিখ ধার্য করেন। এই তিন মামলায় কেবল রাজউকের সাবেক সদস্য (ভূমি ও স্থাপনা) মোহাম্মদ খুরশীদ আলম আত্মসমর্পণের পর কারাগারে রয়েছেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা, তাঁর দুই ছেলে-মেয়ে, ছোট বোন শেখ রেহানা ও তাঁর দুই ছেলে-মেয়ের নামে প্রতিটি ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা ছয়টি মামলার মধ্যে এই তিনটির রায় হয়েছে আজ।
এ ছাড়া শেখ হাসিনা, শেখ রেহানা ও রেহানার বড় মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ অন্যদের বিরুদ্ধে করা অপর একটি মামলার রায়ের দিন ধার্য রয়েছে আগামী ১ ডিসেম্বর। আজ যে তিন মামলার রায় ঘোষণা করা হয়েছে, সেগুলোর যুক্তিতর্ক শুনানি শেষে হয় ২৩ নভেম্বর। সেদিনই রায়ের এই তারিখ ধার্য করা হয়।
চলতি বছরের ১২,১৩ ও ১৪ জানুয়ারি এই তিন মামলাসহ ছয়টি মামলা করে দুদক। ২৫ মার্চ প্রতিটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ৩১ জুলাই আদালত এই তিন মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
অভিযোগপত্রে শেখ হাসিনার নামে প্লট বরাদ্দের মামলায় তিনিসহ ১২ জন আসামি। আরেক মামলায় জয়সহ ১৭ জন এবং অন্য মামলায় পুতুলসহ ১৮ জন আসামি। প্রতিটি মামলায়ই শেখ হাসিনা এবং রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আসামি। ছয় মামলার মধ্যে বাকি তিনটি মামলা ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ বিচারাধীন। এর মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ ও অন্যদের বিরুদ্ধে করা মামলার রায়ের জন্য ১ ডিসেম্বর রায়ের দিন ধার্য রয়েছে।
অপর দুটি মামলা করা হয়েছে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমির সিদ্দিকসহ অন্যদের বিরুদ্ধে। এ দুই মামলায়ও শেখ হাসিনা ও রাজউকের কর্মকর্তারা আসামি। এ দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর দিন ধার্য আছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা ও তাঁর পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তাঁরা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে ৬ আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রেখেছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছেন। এখন ৩০ দিনের মধ্যে আসামিরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
এর আগে এ বছরের ২ জুন মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামির ৫০ হাজার টাকার জরিমানার আদেশও বহাল রাখা হয় রায়ে। যাবজ্জীবন বহাল থাকা আসামিরা হলেন— টেকনাফ থানার সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন।
এই মামলায় গত ২৯ মে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়।
২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। ঘটনার পাঁচ দিন পর ২০২০ সালের ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়ে র্যাব। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়।
২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই মামলায় রায় ঘোষণা করেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি সাত আসামি খালাস পান। পরে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আপিল করেন।
চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। রায় প্রদানকারী এই ট্রাইব্যুনালে অপর দুই সদস্য বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছিলেন প্রসিকিউশন।
অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি করে খালাস চায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের খালাস চান তার আইনজীবী।
এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস. এইচ. তামিম শুনানি করেন। এছাড়া শুনানিতে প্রসিকিউটর বি. এম. সুলতান মাহমুদ, শাইখ মাহদি, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য প্রসিকিউটরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। আর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।
ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। সর্বোমোট ৫৪ জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
একপর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে (অ্যাপ্রুভার) রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার বৃত্তান্ত
চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার তদন্ত থেকে শুরু করে বিচার—সব পর্যায়ের বৃত্তান্ত এভাবে এগিয়েছে।
মামটির নম্বর আইসিটি বিডি কেস নম্বর ২/২০২৫। চিফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনা ও অন্যান্য শিরোনামে দায়ের হওয়া এই মামলায় আসামি করা হয়েছে ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।
অভিযোগ প্রাপ্তি ও তদন্ত শুরু
২০২৪ সালের ১৪ আগস্ট এবং ২৯ অক্টোবর অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। মিস কেস নং ০২/২০২৪ করা হয় ১৬ অক্টোবর। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ১৬ অক্টোবর এবং অন্যদের বিরুদ্ধে ১৭ অক্টোবর। গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গত ১৬ মার্চ গ্রেপ্তার দেখানো হয়।
তদন্ত প্রতিবেদন ও চার্জ
তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় ১২ মে। ১ জুন দাখিল হয় ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ। এতে ১৪ খণ্ডে প্রায় ১০ হাজার পৃষ্ঠার দালিলিক সাক্ষ্য জমা দেওয়া হয়। এর মধ্যে ছিল পত্রুপত্রিকা, দেশি-বিদেশি অনুসন্ধান প্রতিবেদন, শহীদ ও আহতদের তালিকাসহ গেজেট, বই, স্মারকগ্রন্থ, ঘটনাভিত্তিক তালিকা, গ্রাফিতির বই, অভ্যুত্থানকালীন প্রকাশিত পত্রিকার প্রথমপাতার সংকলন, আহতদের চিকিৎসা সনদ, পোস্টমর্টেম ও সুরতহাল প্রতিবেদন, অস্ত্র ও বুলেট ব্যবহারের জিডি, হেলিকপ্টারের ফ্লাইট শিডিউলসহ নানান নথি। ৯৩টি প্রদর্শনীর মাধ্যমে এসব দালিলিক সাক্ষ্য ও ৩২টি বস্তু প্রদর্শনীর মাধ্যমে বুলেট, পিলেট, রক্তমাখা কাপড়, ভিডিও, অডিও, ডিভিডি, পেনড্রাইভ ও বই ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।
মোট ৮৪ জন সাক্ষীর জবানবন্দি জমা পড়ে, যার মধ্যে ৫৪ জন সরাসরি সাক্ষ্য দেন। ১৭ জুন পলাতক আসামিদের জন্য দুই জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২৪ জুন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ১ জুলাই চার্জ শুনানি শুরু হয় এবং ১০ জুলাই অভিযোগ গঠন করা হয়। এ সময় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করেন।
প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন করা হয় ৩ আগস্ট; একই দিন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী ছিলেন গুরুতর আহত খোকন চন্দ্র বর্মন। ৮ অক্টোবর শেষ সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। মোট ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১২ অক্টোবর শুরু হয় যুক্তিতর্ক। ২৩ অক্টোবর এটর্নি জেনারেলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে তা শেষ হয় এবং রায়ের তারিখ ঘোষণার জন্য অপেক্ষায় রাখা হয়। ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল ১৭ নভেম্বরকে রায় ঘোষণার দিন ধার্য করে।
প্রসিকিউশনের অভিযোগসমূহ
প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ ১: চব্বিশের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি সম্মোধন করে উস্কানিমূলক বক্তব্য দেন। এরপর ওবায়দুল কাদেরসহ কয়েকজন নেতা একই ধরনের মন্তব্য করেন। এসব বক্তব্যের পর ছাত্ররা আন্দোলনে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের উপর আক্রমণ করে ও নির্যাতন চালায়।
অভিযোগ ২: কাউন্ট-১, ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালকে ফোন দিয়ে আসামি শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার ট্যাগ দিয়ে তাদের ফাঁসি অর্থাৎ হত্যার নির্দেশ দেন।
কাউন্ট-২, ১৮ জুলাই শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কথোপকথনে লেথাল উইপন (মরণাস্ত্র) ব্যবহারের নির্দেশ, ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করা এবং হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে জনতার উপর দায় চাপানোর নির্দেশনা প্রদান করেন।
কাউন্ট-৩, হাসানুল হক ইনুর সঙ্গে ফোনে ২ বার কথোপকথনে আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ, আটক-নির্যাতন এবং বিএনপি, জামায়াত ও জঙ্গি ট্যাগ দেওয়ার নির্দেশ দেন।
অভিযোগ ৩: ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদকে গুলি করে হত্যার অভিযোগ।
সাক্ষ্যপ্রমাণ:
শেখ হাসিনার ১৪ জুলাইয়ের সংবাদ সম্মেলনের ভিডিও, ঢাবি ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনের রেকর্ড, আবু সাঈদকে পুলিশের গুলির সময় এনটিভির লাইভ ভিডিও ও মূল কপি, আবু সাইদের পাঁচটি পোস্টমর্টেম রিপোর্ট যা পুলিশের নির্দেশে চারবার পরিবর্তন করা হয়, ওই ঘটনায় সাজানো মামলার নথি, আবু সাঈদের পরিবারের সদস্য, সাংবাদিক, ডাক্তার, ছাত্র ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য।
অভিযোগ ৪: চব্বিশের ৫ আগস্ট ঢাকার চানখারপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগ।
অভিযোগ ৫: চব্বিশের ৫ আগস্ট আশুলিয়া থানা এলাকায় ছয়জনকে হত্যা করে তাদের লাশ আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ।
জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের
এদিকে অন্তর্বর্তীকালীন সরকার রায় ঘোষণার পর এক বিবৃতিতে জানায়, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়। এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।
সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এতে বলা হয়েছে, রায়-পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। জনগণের, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগের বশবর্তী হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ না নেয়—সরকার এ বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করছে।
জাতি ঐক্যবদ্ধ আর জনগণ যদি জেগে থাকে তাহলে দেশের ভাগ্য নিয়ে বা দেশে নৈরাজ্য করার শক্তি কারোরই কোনোদিন ছিল না কিংবা হবেও না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রায় ঘোষণার দিন ধার্য ঘিরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে তাজুল ইসলাম বলেন, সরাসরি যদি কেউ বিচারপ্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন কিংবা কোনো কার্যক্রম করেন, সেটা আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। আমরা আমাদের আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাই। তবে দেশে সরকার আছে, জনগণ আছেন তারা সবকিছু ভালো বোঝেন। এছাড়া যারা উসকানি দেবেন বা সন্ত্রাসের চেষ্টা করবেন সে ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও হবে। আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম ও ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল। দেশের সরকারের বিভিন্ন সংস্থা বাহিনীর প্রতি আমাদের আস্থা রয়েছে। আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনো জায়গায় প্রভাব পড়বে না। সবকিছু স্মুথলি হবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।
বিচারকাজ নিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারেন। এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) ছিল। এখানে অকাট্য ও শক্তিশালী সাক্ষ্যপ্রমাণ তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে। আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং তারা যত খুশি প্রশ্ন করতে পারেন। আইন নিজস্ব গতিতে চলবে। ন্যায়বিচার নিজস্ব গতিতেই চলবে।
এদিন দুপুর ১২টা ৯ মিনিটে জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা। শেখ হাসিনা ও কামালের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এছাড়া মামুনের আইনজীবী যায়েদ বিন আমজাদও ছিলেন।
গত ২৩ অক্টোবর এ মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মানবতাবিরোধী অপরাধের দায়ে বিশ্বের বিভিন্ন প্রধানমন্ত্রীসহ হেভিওয়েট নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছিল; সেসব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। একইসঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন। পরে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপনের কয়েকটি বিষয়ে জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর তাদের কিছু কথার পাল্টা উত্তর দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। পরে রায়ের তারিখ ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর সপ্তাহখানেকের মধ্যে মানবতাবিরোধী অপরাধের এ মামলার রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে জুলাই গণহত্যার প্রথম কোনো রায় শুনবে এ জাতি।
এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নামও রয়েছে। তবে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন তিনি। এজন্য যুক্তিতর্কে শেখ হাসিনা-কামালের চরম দণ্ড বা সর্বোচ্চ সাজা চাইলেও তার ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। মামুনের আইনজীবী যায়েদ বিন আমজাদও তার অ্যাকুইটাল (খালাস) চেয়েছেন। সবমিলিয়ে সাবেক এই আইজিপির মুখে হাসি ফুটবে নাকি অন্য কিছু; তা জানা যাবে রায় ঘোষণার দিন।
শেখ হাসিনার এ মামলায় ৮৪ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয় চলতি বছরের ৩ আগস্ট। প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে ২০২৪ সালের জুলাই-আগস্টের বীভৎসতার চিত্র তুলে ধরেন খোকন চন্দ্র বর্মণ। ৮ অক্টোবর মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরার মাধ্যমে শেষ হয় সাক্ষ্যগ্রহণের ধাপ। এরপর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয় ২৩ অক্টোবর।
এ মামলায় তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮৪ জনকে। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয়ে দায়ের হওয়া একটি মামলায় বন বিভাগের ফরেস্টার সুলতানুল আলম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।
এদিন আসামি সুলতানুল আলম আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন এবং আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
দুদক সূত্রে জানা গেছে, বন বিভাগের দাগনভূঞা সামাজিক বন বিভাগের ফরেস্টার সুলতানুল আলম চৌধুরী ১৯৯০ সালে বন বিভাগের নার্সারি প্রকল্পে প্ল্যান্টেশন সহকারী হিসেবে অস্থায়ীভাবে যোগ দেন। ২০০০ সালে তাঁর চাকরি স্থায়ী হয় এবং পরে পদোন্নতি পেয়ে বর্তমানে ফেনীর দাগনভূঞায় কর্মরত আছেন।
২০২৩ সালের ১৬ এপ্রিল দুদকের চট্টগ্রাম কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক বাদী হয়ে সুলতানুল আসামি করে মামলাটি করেছিলেন। তদন্ত শেষে গত ১২ মার্চ চট্টগ্রাম দুদকের উপসহকারী পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সুলতানুল আলম চৌধুরীর দাখিল করা সম্পদ বিবরণীর বাইরে তার নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৭ লাখ ৩৭ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পায় দুদক। এছাড়া, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি আরও ১ লাখ ৬১ হাজার টাকার সম্পদ গোপন করেন।
দুদক চট্টগ্রামের আইনজীবী মো. রেজাউল করিম রনি বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। কিন্তু আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য