মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান। তার দল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক হলেও সম্প্রতি তার কথাবার্তায় জোট ত্যাগের ইঙ্গিত পাওয়া গেছে। এ ব্যাপারে জোট ও সরকারবিরোধী আন্দোলন নিয়ে নিউজবাংলা কথা বলে তার সঙ্গে।
প্রশ্ন: আপনি কি ২০-দলীয় জোট ছেড়ে যাচ্ছেন?
জেনারেল ইবরাহিম: না না, ২০ দল ছেড়ে যাব কেন? সেদিন এমন কোনো কথা বলিনি। আমরা অনেক দিন যাবৎ আবেদন করছি, অনুভূতি প্রকাশ করছি, প্রধান শরিক বিএনপির সঙ্গে চলতে আমরা আনন্দিত। কিন্তু তাদের কাছে আবেদন, আপনারা আত্মসমালোচনামূলক একটি প্রক্রিয়ার মাধ্যমে ২০ দলকে পুনর্গঠিত করুন। ২০ দল, ১৮ দল, ১০ দল, ২২ দল করেন, কিন্তু আত্মসমালোচনার প্রক্রিয়া নেয়া প্রয়োজন। কারণ গত আট-নয় বছরে আমরা অনেক ভুল করেছি, ভালো কাজও করেছি, সুতরাং এই আত্মসমালোচনা প্রয়োজন। যদি একান্তই আমাদের প্রধান শরিকের পক্ষে সম্ভব না হয়, তাহলে আমরা নিশ্চয়ই নিজেদের কর্মপন্থা স্থির করব।
প্রশ্ন: বিষয়টি কি এমন যে আপনি বিএনপির কাছে মূল্যায়ন চান? মূল্যায়ন পাচ্ছেন না বলেই কি এমন কথা বলছেন?
জেনারেল ইবরাহিম: অবশ্যই মূল্যায়ন আত্মসমালোচনার একটা অংশ।
প্রশ্ন: কী ধরনের মূল্যায়ন আসলে চান?
জেনারেল ইবরাহিম: আমরা চাই, কোন দল কিংবা নেতা কী অবদান রাখতে পারবে বা পেরেছে, সেটার ওপর ভিত্তি করে তার ভূমিকা স্থির করতে হবে। শুধু সভায় গেলাম আর বের হলাম, শুধু শীর্ষ নেতাদের বৈঠকে বসলাম আর শীর্ষ নেতাদের সঙ্গে বের হলাম, এটা হয় না। আর যেহেতু দেশনেত্রী (খালেদা জিয়া) নাই, সরকার এখন কোনো প্রকারের বড় জনসমাবেশ অ্যালাও করছে না, সুতরাং তার রাজনৈতিক প্রক্রিয়াটাও তো ভিন্ন হবে। এখন থেকে চার-পাঁচ বছর আগে দেশনেত্রী, আমরা রোডমার্চ করেছি, বিভিন্ন জেলায় বিভাগীয় শহরে, বড় শহরে জনসভা হয়েছে। সেটা এখন সম্ভব না, যেহেতু সরকার এখন বৈরী পরিবেশ সৃষ্টি করেছে। তাহলে এ প্রেক্ষাপটে আমাদের করণীয় কী হতে পারে, সেটা আমাদের স্থির করতে হবে, শুধু সংখ্যা দিয়ে তো আর জোট করলে হবে না, সারবস্তু চাই।
এখন আমরা চরম সংকটে আছি। রাজনৈতিক দলগুলোর জন্য এই সংকট সৃষ্টি করেছে সরকার, সরকারবিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলোর জন্য অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে, কর্মযজ্ঞের সংকট সৃষ্টি করেছে। সমগ্র দেশের রাজনীতিকে সংকটাপন্ন অবস্থায় নিয়ে গেছে, বিরাজনীতিকরণ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে। সুতরাং এখানে গভীর বিশ্লেষণের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে যে, গণতন্ত্রকে কেমন করে পুনরায় ফেরত আনা যায়।
প্রশ্ন: মূল্যায়নটা পাচ্ছেন না কেন?
জেনারেল ইবরাহিম: আমি তো বলি নাই মূল্যায়ন পাচ্ছি না। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াটাই এমন। আমি একটা কঠিন শব্দ ব্যবহার করতে চাই, আশা করি আপনারা এটা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। সেটা হলো, আমরা শুধু শাসনকারী রাজনৈতিক দলের পরিবর্তন চাই না। শাসনকারী যেই হোক না কেন, কল্যাণ পার্টি অবশ্যই তার মধ্যে গুণগত পরিবর্তন চায়, তার অতীতের কর্মকাণ্ডের প্রেক্ষাপটে আগামীতে তার গুণগত পরিবর্তন চায়। যিনি হবেন হন। কারণ শুধু শাসক পরিবর্তন করলেই তো বাংলাদেশে সমস্যার সমাধান হবে না। দেশের সমস্যাগুলো অনুধাবনে যদি সেই গুণগত পরিবর্তন না থাকে, তাহলে তো হবে না।
প্রশ্ন: ২০-দলীয় জোটের পাশাপাশি আপনারা একটি উপজোটের মতো করেছিলেন ‘জাতীয় মুক্তি মঞ্চ’। সেটা কেন করেছিলেন? আর সেটা গতিই-বা পেল না কেন?
জেনারেল ইবরাহিম: ওটা আমি করি নাই। সুস্পষ্টভাবে আপনাকে জানাই, ওটা করেছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি দাওয়াত দিয়েছিলেন মুক্তি মঞ্চের কর্মকাণ্ডে অংশ নিতে এবং সেখানে দেশনেত্রীর (খালেদা জিয়া) মুক্তিই ছিল প্রধান বক্তব্য। ওনার মুক্তির জন্য যে যা বলুক, আমরা সবখানেই ঝাঁপিয়ে পড়েছি। এখন আহ্বায়ক যিনি, উনিই যদি এটা নিয়ে না আগান, তাহলে তো আমাদের কোনো জায়গা থাকে না। আমি সেটার নীতিনির্ধারক ছিলাম না, নাইও। তবে দেশনেত্রীর মুক্তির জন্য আপনি আমাকে সবখানে পাবেন।
প্রশ্ন: আমরা তো বিএনপিকে তাদের দলের চেয়ারপারসনের মুক্তি নিয়ে খুব বেশি কথা বলতে দেখছি না। আপনি যতটুকু বলেন, এটা তো ওনাদের বলতে দেখিনি। আপনি কেন এই দাবি করেন?
জেনারেল ইবরাহিম: আমি ব্যক্তিগতভাবে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসীম শ্রদ্ধা করি, তেমনি জিয়াউর রহমানকেও অজস্র শ্রদ্ধা করি। একজন বঙ্গবন্ধু, তিনি তুলনাবিহীন। তার আঙ্গিকে এবং একজন জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তিনি তুলনাবিহীন তার আঙ্গিকে। উভয়ের রাজনৈতিক দল রয়েছে। উভয়ই ভালো কাজ করতে চেষ্টা করেছিলেন। তাদের লক্ষ্য ভালো ছিল। দেশনেত্রী বেগম জিয়া আশির দশকে অনেক পরিশ্রম করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এ জন্য তার প্রতি আমার সম্মান ও মায়া রয়ে গেছে। ওনাকে বন্দি করেছে, এটা আমার পছন্দ হচ্ছে না। সে জন্য আমি বলতেই থাকি যে, ওনার মুক্তি চাই, ওনার সুস্থতা যেন আল্লাহ দেন। আমার দাবি, বাংলাদেশ নিয়ে আমরা চিন্তায়-চেতনায় কোনো বিভাজন চাই না। বাংলাদেশের নিরাপত্তা, অগ্রগতি, উন্নতি এসব নিয়ে। রাজনৈতিকভাবে মতবিরোধের জায়গা আমরা কমিয়ে আনতে চাই।
প্রশ্ন: সেটায় কতটুকু সফল হলেন?
জেনারেল ইবরাহিম: আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে এটা সুস্পষ্টভাবে দেখা যাবে যে, বঙ্গবন্ধুকে মান্য করেই, জিয়াউর রহমানকে মান্য করেই গণতন্ত্রের চর্চা করা যায়, যুগপৎ দুজনকে মান্য করেই। আজকের তরুণ প্রজন্ম, বিভাজনকে স্বাগত জানায় না।
প্রশ্ন: ২০-দলীয় জোট নিয়ে আপনি বলেছিলেন, জোট আছে এটাও সঠিক, নেই এটাও সঠিক। এরপর কি বিএনপি থেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল?
জেনারেল ইবরাহিম: না। আমরা বন্ধুপ্রতিম বড় দল-ছোট দল।
প্রশ্ন: তাহলে আপনার বক্তব্যকে তারা পাত্তাই দিল না, বিষয়টা কি এমন?
জেনারেল ইবরাহিম: এটা আমি কোনোমতেই বলতে পারব না। এটা আমার বুদ্ধিতে-জ্ঞানে আসবে না।
প্রশ্ন: বিএনপি জোটে যদি না থাকেন, তাহলে কী করবেন?
জেনারেল ইবরাহিম: সেটা অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন। তখন আমরা নিজে নিজে চলতে চেষ্টা করব। আমাদের মতো আরও যদি দল থাকে, তাদের বলব, চলো একসঙ্গে বসব, একসঙ্গে চলব। যদি সম্মত হয় কেউ, তখন আমরা চলব। আমরা তো আর বিএনপিকে বাধ্য করতে পারব না যে আমাদের নিয়ে জোট করেন। সুতরাং আমাদের নিজেদের অবস্থা বের করে নিতে হবে। তবে এটা অগ্রিম বলা খুব কঠিন। আমরা বিএনপির দিকে তাকিয়ে আছি, আমরা প্রধান শরিককে সম্মান জানাই, আমরা প্রধান শরিকের প্রতি আহ্বান রাখছি, যে প্রধান শরিক যতদিন একটা বাস্তবসম্মত চূড়ান্ত ফয়সালা না দিচ্ছেন, ততদিন আমরা অস্থির হব না।
প্রশ্ন: তাহলে কি বলা যায়, আপনারা বিএনপির বাইরে কোনো অবস্থান তৈরি করতে পারেননি?
জেনারেল ইবরাহিম: তৈরি করতে পেরেছি কি পারি নাই, এটা নিজেরা বলা সমীচীন মোটেই না। এটা পর্যবেক্ষকরা বলবেন।
প্রশ্ন: ইদানীং আপনাকে জোটের বাইরেও অনেক রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যায়। নতুন কোনো রাজনৈতিক সমীকরণ কি হচ্ছে?
জেনারেল ইবরাহিম: রাজনীতিতে অনেক রকমের পথ নিয়ে মানুষ চলে এবং একটা পর্যায়ে গিয়ে একটা পথ বেছে নেয়। জোটের বাইরেও তো অনেক রাজনৈতিক দল সক্রিয় আছে। যিনি কাজ করতে চান, তিনি তো কাজের জন্যই ছুটবেন। আমি ও আমার দল কাজ করতে চাই। আমি কাজ চাই, তরুণদের নিয়ে এগিয়ে যেতে চাই।
প্রশ্ন: এক-এগারোর প্রেক্ষাপটে যে কিংস পার্টি হয়েছিল, সেখানে আপনার দল ছিল। এ বিষয়ে কী বললেন?
জেনারেল ইবরাহিম: আপনার রাজনৈতিক জ্ঞান অতি সীমিত, দুর্বল। কিংস পার্টি তাকেই বলে যাহা কিং বানায়। প্রতীকী অর্থে সরকারি পৃষ্ঠপোষকতায় যারা রাজনৈতিক দল তৈরি করে। ১/১১ এসেছিল ২০০৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখ। কিংস পার্টির সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। তবে কল্যাণ পার্টির জন্ম ২০০৭ সালের ডিসেম্বরের ৭ তারিখ। এর সঙ্গে তৎকালীন সরকারি কর্তৃপক্ষ ও গোয়েন্দাদের ন্যূনতম সম্পর্কও নেই। কিন্তু সৌভাগ্য বলেন, আর দুর্ভাগ্য বলেন, ১/১১ নামক যন্ত্রণার যে জন্ম হয়েছিল, সে সময় সেনাবাহিনী ক্ষমতায় ছিল। আর আমি একজন সাবেক সৈনিক। অনেকে দুই আর দুই মিলাইয়া চার করে, জোর করে হোক আর যেভাবেই হোক। আমি অতি বিনয়ের সঙ্গে বলছি, আমাদের সঙ্গে সেই কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নাই।
প্রশ্ন: গত জাতীয় নির্বাচন নিয়ে আপনাদের বিস্তর অভিযোগ। কিন্তু এমনটা কী করে হলো? আপনাদের ভোটের আগে ক্যাম্পিংয়ে দেখা গেল না, পোস্টারিংও তেমন ছিল না। আপনারা ভোটের পরও কোনো কর্মসূচি দিলেন না। সবই কি সরকারের দোষ?
জেনারেল ইবরাহিম: আমি জোটের কোনো কিছুরই উত্তরও দিতে পারব না। কারণ জোট এ বিষয় নিয়ে সমন্বিত কোনো পদক্ষেপ নেয়নি। বরং নির্বাচনের আগে সরকারের বিরোধী শিবিরে অসমন্বয়টা ছিল প্রকট। সেই ফাঁকে সরকার তার কাজ করে নিয়েছে। আমি বলব, আমরা যারা সরকারের বিরোধী শিবিরে ছিলাম, সম্মিলিতভাবে সচেতন হতে পারিনি। নিজেদের সমন্বয় পাকাপোক্ত করতে পারিনি। যার কারণে সরকার তাদের অভিপ্রায় পূরণ করেছে। আমাদের ফাঁকি দিয়ে। ভোটের পরও আমরা সমন্বিত কোনো পদক্ষেপ নিতে পারিনি। এর কারণ নির্বাচনের আগে একটা হেলুসিনেশনে ভুগছিল সবাই।
প্রশ্ন: আন্দোলন হচ্ছে না কেন? আপনারা বলছেন, সরকার বাধা দিচ্ছে। সব সরকারই তো বাধা দেয়, তারপরও তো আন্দোলন হয়।
জেনারেল ইবরাহিম: আন্দোলন করতে হবে। বাস্তবতার নিরিখে যদি বিবেচনা করি, বিগত কয়েকটা মেজর আন্দোলন অসফল হয়েছে। আর একবার যে আন্দোলনের ডাক দেবেন, কে কার জন্য প্রাণটা হাতে নিয়ে নামবে? আমরা চাই সরকারের বিরুদ্ধে আন্দোলন হোক। আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে দলে বা জোটের পক্ষের কর্মীদের কীভাবে আশ্বস্ত করব যে, আপনার প্রাণ নিরাপদ, বাড়িঘর নিরাপদ কিংবা আপনার নামে মামলা হবে না?
বলা খুব সহজ আন্দোলন করব, আন্দোলনের জন্য প্রস্তুতি নিন। কিন্তু তার আনুষঙ্গিক বিষয়গুলো যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে তো আন্দোলন গড়ে উঠবে না। লাখ লাখ বিএনপি-জামায়াত ২০-দলীয় জোটের কর্মী মামলার ভারে ভারাক্রান্ত। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র আন্দোলন করা যাচ্ছে না। সেখানে রাজপথে আন্দোলন করা মারাত্মক চ্যালেঞ্জের একটা কাজ। এটা ৩০ বছর আগেও ছিল না।
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
সংসদ সূত্রে জানা গেছে, প্রত্যেকের জন্য ১০ কেজি ওজনের একটি করে সুদৃশ্য উপহার প্যাকেট পাঠানো হয়েছে। স্পিকার থেকে শুরু করে সংসদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের কাছেও এই উপহারগুলো সফলভাবে পৌঁছে দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল থেকেই সংসদ ভবনের করিডোরগুলোতে এই ১০ কেজির প্যাকেটে কী আছে, তা নিয়ে তীব্র কৌতূহল দেখা দেয়। পরবর্তীতে সংসদ সচিবালয়ের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে জানা যায়, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পাঠানো এই সুদৃশ্য প্যাকেটে ছিল মূলত চলতি মৌসুমের প্রিমিয়াম কোয়ালিটির সুস্বাদু আম।
অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের প্রতিটি দপ্তরে গিয়ে এই উপহার পৌঁছে দেন।
বিরোধীদলীয় নেতার দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা জানান, এই উপহার বিতরণের সবচেয়ে আকর্ষণীয় ও অনন্য দিক ছিল এর সমবণ্টন নীতি, যার ফলে সংসদের কোনো স্তরের মানুষই এই তালিকা থেকে বাদ যাননি।
সাধারণত দেখা যায় ভিআইপি বা উচ্চপদস্থ কর্মকর্তারাই বিভিন্ন ধরনের উপহার পেয়ে থাকেন, কিন্তু ড. শফিকুর রহমানের এই বিশেষ উপহার তালিকায় সংসদের ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও সমভাবে অন্তর্ভুক্ত ছিলেন।
আকস্মিক এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে সংসদ সচিবালয়ের একজন সাধারণ অফিস সহায়ক বলেন যে, তাঁরা ছোট চাকরি করার কারণে বড় বড় নেতাদের উপহার বা সুযোগ-সুবিধা কেবল দূর থেকেই দেখে অভ্যস্ত। আজ বিরোধীদলীয় নেতা নিজে তাঁদের মতো সাধারণ কর্মচারীদের কথা মনে করে ১০ কেজির এই উপহার পাঠিয়েছেন, যা তাঁদের জন্য অত্যন্ত বড় সম্মানের ও আনন্দের বিষয়।
বাংলাদেশের চেনা ও ঐতিহ্যগত রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি ও বিরোধীদলের সম্পর্কের বরফ যেখানে সহজে গলতে চায় না এবং দলগুলোর মধ্যে তীব্র দূরত্ব বজায় থাকে, সেখানে জামায়াত আমির ড. শফিকুর রহমানের এই সৌহার্দ্যপূর্ণ ও ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সরকারি দলের অনেক সংসদ সদস্যও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ দেশের রাজনৈতিক অঙ্গনে সুস্থ ধারা ও পারস্পরিক শ্রদ্ধা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সোমবার (২২ জুন) সংসদ অধিবেশনে বক্তব্যকালে জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যে দলটি ১৯৭১ সালে এদেশের মহান স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং বাংলাদেশের সৃষ্টির বিরোধিতা করেছিল, তারা এই স্বাধীন দেশে রাজনীতি করতে পারে না।
তিনি সংসদের কাছে দাবি জানিয়ে বলেন, ফ্যাসিস্টদের মতো জামায়াতে ইসলামীর রাজনীতিও বাংলাদেশে পুরোপুরি নিষিদ্ধ করা হোক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনী প্রচারণার তীব্র সমালোচনা করে রফিকুল ইসলাম জামাল আরও বলেন, শুধু নামের পরে ইসলাম থাকলেই প্রকৃত ইসলাম হয় না। যারা ধর্মের নামে রাজনীতি করেন এবং গত নির্বাচনে ভোটের বিনিময়ে মানুষকে বেহেশত দেওয়ার মতো কথা বলেছেন, তাদের কর্মকাণ্ড সবাই দেখেছে।
নির্বাচনী প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিড়ির সুখটানের মধ্য দিয়েও সকল পাপ মওকুফ হওয়া যাবে বলে মন্তব্য করা হয়েছে। এভাবে ইসলামের নামে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্য নিয়ে যারা রাজনীতি করছে, তারা মূলত স্বাধীনতার বিরোধী শক্তি। উল্লেখ্য, নির্বাচনী প্রচারের সময় ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ফয়জুল হক মন্তব্য করেছিলেন যে বিড়িতে সুখটানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারেন, যে কারণে পরবর্তীতে জামায়াত তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল।
একই অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ পবিত্র মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর এবং সেখানে মানুষ কেবল নামাজ ও কোরআন শরিফ পড়বে, কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক দল মসজিদে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
তিনি দেশের কোনো মসজিদ বা মাদ্রাসায় যেন রাজনৈতিক মিটিং করা না যায়, সেই লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান।
জামায়াতের প্রতি ইঙ্গিত করে রেজা আহমেদ আরও বলেন, অন্য সব রাজনৈতিক দল যেভাবে প্রকাশ্যে মাঠে, স্কুলে বা কোনো হলরুমে কর্মীসভা ও জনসভা করে, তাদেরও ঠিক সেই ব্যবস্থা করতে হবে এবং পবিত্র মসজিদে বসে কোনো ধরনের রাজনৈতিক সভা তারা করতে পারবে না।
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের শাসনমলে সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ জুন মঙ্গলবার বিকেল ৫টায় একযোগে দেশের সকল জেলা ও মহানগর পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে। সোমবার (২২ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনার মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদের হাতে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গুম এবং জুলাই গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করাই এই আন্দোলনের মূল লক্ষ্য। সংগঠনের সকল জেলা ও মহানগর কমিটিকে নিজ নিজ এলাকায় নির্ধারিত সময়ে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিপি নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন যে, গত দেড় দশকে মানবাধিকার লঙ্ঘনের যত ঘটনা ঘটেছে, সেগুলোর ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথের আন্দোলন থেকে পিছু হটবেন না।
দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকার রক্ষার প্রশ্নে তারা কোনো ধরনের আপস করবে না। জনগণের ন্যায্য দাবি আদায় এবং বিগত সরকারের দুঃশাসনের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করতেই এই ধারাবাহিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজপথে থেকে তাদের অতীত অপকর্মের বিচারের দাবি জোরালো করাই এই বিক্ষোভের অন্যতম উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। আগামীকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সোমবার মগবাজারে জামায়াত কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির এক বৈঠক শেষে এই কর্মসূচির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছে গণমাধ্যম।
সংবাদ সম্মেলনে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা, গত সরকারের আমলে হওয়া গুম ও খুনের বিচার নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে জোটের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কোনো ঝটিকা মিছিল বা শোডাউন করতে না পারে, তা ‘ঠেকাতে’ এবং রাজপথ নিজেদের দখলে রাখতেই মূলত এই কৌশলগত কর্মসূচি দেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টায় বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ এবং আগামী ৪ জুলাই সারাদেশের জেলা শহরগুলোতে মিছিল ও সমাবেশ পালন করবে জোটটি। হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে। একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে এই বিচার শেষ করে দোষীদের কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।” আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কর্মসূচি পালন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি এবং কোনো নিষিদ্ধ দলের কর্মকাণ্ড প্রতিরোধ করার দায়িত্ব সরকারের।
অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক সিন্ডিকেটের সমালোচনা করে অবিলম্বে দুর্নীতির অবসানের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে যে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের বিশেষ কর্মসূচি পালন করবে এই ১১ দলীয় জোট। এই কর্মসূচির চূড়ান্ত রূপরেখা আগামী ২৫ জুন বৈঠকের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৬ জুন) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার বিষয়ে মুখ খুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সাক্ষাৎকারে নির্বাচনের আগে বিনা জামানতে আপনার স্ত্রী ইসলামী ব্যাংক থেকে ২ কোটি ৫২ লাখ টাকা ঋণ নিয়েছেন, আসলেই কি বিষয়টা এমন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ ঋণ নিয়েছেন।
তিনি বলেন, আমার স্ত্রী একজন চক্ষু বিশেষজ্ঞ। অত্যন্ত নিয়ম মেনেই তিনি এই হোম লোন নিয়েছেন জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, একটা ব্যাংক থেকে একজন চক্ষু বিশেষজ্ঞ, তার এই দুই কোটি টাকার লোন নেওয়াটা তো আলোচনার মধ্যে আসার বিষয়ই না।
নির্বাচনী বৈতরণী পার হতে একটি দলকে ইসলামী ব্যাংকের একটি প্রকল্প থেকে ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এদিকে নির্বাচনের আগে ড. শফিকুল ইসলাম মাসুদ তার স্ত্রীর নামে ইসলামী ব্যাংক থেকে বিনা জামানতে ২ কোটি টাকা ঋণ নিয়েছে বলে অভিযোগ তুলেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন লিখেন, জামায়াতের নেতারা নিজের নামে নয় বরং আত্মীয়-স্বজন কিংবা বন্ধু বান্ধব বা দলের সাধারণ কর্মীদের নামে ঋণ নিয়ে ব্যবসা করে। এজন্য তাদেরকে ঋণগ্রস্ত বা ঋণখেলাপী দেখানোর কোন সুযোগ নেই। আবার তাদের ক্ষমতা দেখেন, বিনা জামানতে তারা কোটি কোটি টাকা ঋণ পায়, কিন্তু আমি আপনি কি পাবো?
মাসুদ দাবি করেন, সম্পূর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
দুর্নীতি, চাঁদাবাজ ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে এবং আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে ১১ দলের বৃহৎ বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীর প্রতি এই আহ্বান জানান।
জামায়াত আমির তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত নির্বাচনে চুরি, ডাকাতি ও নানা রকম ইঞ্জিনিয়ারিং করে তাদের নিশ্চিত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এত বড় অন্যায়ের পরও দেশে যাতে কোনো ধরনের গৃহযুদ্ধ বা চরম বিশৃঙ্খলা শুরু না হয়, মূলত সেই বৃহত্তর স্বার্থে তাঁরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিলেন।
তিনি বলেন, চব্বিশের জুলাই সনদ যদি দ্রুত বাস্তবায়ন করা না হয়, তবে এবার আর সংসদে নয়, বরং রাজপথেই চূড়ান্ত ফয়সালার ব্যবস্থা করা হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিভাগীয় সমাবেশে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এবং এনসিপির নাসিরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।
সমাবেশে উপস্থিত দলের শীর্ষ নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন এবং যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান।
ছবি: সংগৃহীত
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাকে কখনোই ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেননি। এমনটাই দাবি করেছেন, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে যেয়ে মাহফুজ আলম বলেন, ড. মুহাম্মদ ইউনূস তাঁকে নিয়ে দুটি কথা বলেছেন, কিন্তু তাঁর বক্তব্যের কোথাও ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ব্যবহার করেননি।
তিনি আরও উল্লেখ করেন, মাস্টারমাইন্ড শব্দটি সাধারণত একটি নেতিবাচক বা কুখ্যাত অর্থে ব্যবহৃত হয়ে থাকে।
নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে তিনি আরও বলেন, ড. ইউনূস মূলত আন্তর্জাতিক অঙ্গনে তাঁকে পরিচয় করিয়ে দিতে ‘ব্রেইনস বিহাইন্ড’ বা নেপথ্যের চিন্তাকারী শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন।
পশ্চিমা রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় এ ধরনের শব্দের ব্যবহার অত্যন্ত স্বাভাবিক এবং ইতিবাচক হলেও বাংলাদেশে এটিকে ভিন্নভাবে এবং ভুল অর্থে উপস্থাপন করা হয়েছে।
একই সাথে তিনি তাঁর দাবি প্রসঙ্গে বলেন, সাবেক প্রেস সচিব শফিকুল আলমও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্যে ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ব্যবহার করেননি। পরিশেষে মাহফুজ আলম আক্ষেপ প্রকাশ করে দাবি করেন, তাঁকে ঘিরে তৈরি করা সমস্ত ব্যাখ্যা বা ন্যারেটিভগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্নভাবে ফ্রেম বা সাজানো হয়েছে, যার সাথে প্রধান উপদেষ্টার দেওয়া বাস্তব বক্তব্যের কোনো মিল নেই।
মন্তব্য