বাতাসে ভেসে বেড়ানো পোড়া গন্ধ তখনো মিলিয়ে যায়নি। এখানে-ওখানে পড়ে আছে তীব্র তাপে মুচড়ে যাওয়া টিন, আধপোড়া আসবাব আর সংসারের নিত্য ব্যবহারের জিনিসপত্র।
বেশিরভাগ ঘরের পুরোটা ছাই। কোনোটার কঙ্কালের মতো কাঠামো দাঁড়িয়ে আছে কেবল।
একটি চায়ের দোকানে দেখা মাজিদা খাতুনের সঙ্গে। এই বস্তিতেই থাকেন। আগুনে পুড়েছে সব।
এমন অভিজ্ঞতা আগেও হয়েছে তার। চার বছর আগেও একই বস্তিতে আগুনে পুড়ে গিয়েছিল সব। এরপর আবার শুরু থেকে শুরু। সেখানেই শেষ।
শুক্রবার কল্যাণপুরের নতুনবাজার বস্তিতে রাতের আগুন আবারও নিঃস্ব করল মাজিদা আর তার দিনমজুর স্বামীকে।
স্বামী স্ত্রী আর ১৫ বছর বয়সী বড় ছেলের আয়ে তাদের একটু একটু করে জমানো স্বপ্ন পুড়ে ছাই। কদিন আগেই বড় ছেলে শখ করে একটা পুরনো ফ্রিজ কিনে এনেছিল। গর্ব হতো মাজিদার। এখন কেবল আফসোস।
মাজিদার পুড়ে যাওয়া ঘরে কিছুই পাওয়ার ছিল না। তাই তিনি আর কী আছে, সেটা খোঁজ করতে যাননি।
তবে একটা ঘরের ধ্বংসস্তূপের ভেতর থেকে আড়াই বছর বয়সী ছেলের একটা খেলনা খুঁজে বের করলেন মিনারা বেগম। এছাড়া পুড়ে যাওয়া গৃহস্থালি থেকে কুড়িয়ে নেওয়ার মতো আর কিছুই পেলেন না তিনি।
আগুন লেগেছিল শুক্রবার রাতে। শনিবার সকালে ঘটনাস্থলে মিনারা বেগমের মতো এমন অনেক মানুষের দেখা মেলে। আগুনে সব হারিয়ে যাঁরা কেবল ছাই ঘেঁটে ঘেঁটে অবশিষ্টের খোঁজ করছিলেন।
সবার প্রত্যাশা, যদি কিছু পাওয়া যায়, কিছু থেকে যায়! কিন্তু ভাগ্য কম-বেশি মিনারা বেগমের মতোই। আগুন আসলে তাদের কিছুই রাখেনি।
কষ্টগুলো সবারই একই রকম।
ঝালমুড়ি বিক্রেতা শরিফুর ইসলাম আগের রাতেই ২০ হাজার টাকা তুলে ঘরে রেখেছিলেন মেয়ের বিয়ের জন্য পাঠাবেন বলে।
সজল চোখে বলেন, ‘ঘরে জিনিস বেশি আছিল না। জান বাঁচাইতে দৌড় দিসি। একটু পরে মনে পড়ছে ট্যাকার কথা। ততক্ষণে ফির্যা যাওয়ার উপায় নাই।’
ইয়াসিন মিয়ার দুটি ভাঙারি ও একটা পুরনো টিনের দোকানের প্রায় সব মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে মুন্সিগঞ্জ থেকে সকাল সকাল হাজির হন তার দুই কিশোর ছেলে। বাবার সঙ্গে পুড়ে যাওয়া মালামাল সরানোর কাজ করতে করতে দুই ভাইয়ের কান্না আশপাশের সবাইকে ছুঁয়ে যায়।
ঘটনাস্থলে পা রাখার আগেই কানে আসে ঘরপোড়া মানুষের আহাজারি। সড়কজুড়ে ছিল উৎসুক মানুষ আর পথচারীদের ভিড়।
এর মধ্যে বস্তির বাসিন্দা ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের পাশাপাশি উদ্ধার কার্যক্রমে হাত লাগাতে দেখা গেল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদের।
ততক্ষণে বস্তির সামনের অংশে সড়কের ওপর একটা ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র চালু করেছে ঢাকা আহ্সানিয়া মিশন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে বসানো হয়েছে ভ্রাম্যমাণ শৌচাগার (মোবাইল টয়লেট)।
সড়কের ওপরেই স্থানীয় একটা মাদ্রাসা থেকে পাঠানো খিচুড়ি খেতে দেখা গেল কাউকে কাউকে।
এমন পরিস্থিতিতেও উদ্ধার করার মালামাল ’চুরি’ করার অভিযোগ আনেন কেউ কেউ।
চা দোকানি আদরী বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আগুন দেইখ্যা দোকানের সব মাল বস্তায় ভরছি। ফুটপাতে সেই বস্তা রাইখা ভিতরে দেখতে গেছি কিছু বাকি থাকলো কি না। আইসা দেখি আমার বস্তা নাই।’
পাশে দাঁড়িয়ে থাকা কমিউনিটি পুলিশের বস্তি ইউনিটের সভাপতি মো. আজহার জানালেন, পরিস্থিতির সুযোগে এমন ‘লুটপাটের’ ঘটনা আরো কয়েক জনের ক্ষেত্রে ঘটেছে।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আগুনে ৭৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল ও দুই হাজার করে টাকা দেওয়া হবে। এ ছাড়া আহত দুই ব্যক্তির প্রত্যেকে ১০ হাজার করে টাকা পাবেন।
ফায়ার সার্ভিস বলছে বস্তির ৭ নম্বর ইউনিটের একটি ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও পুড়ে যায় ৭০টির বেশি ঘর আর ১৪টির মতো দোকান।
দগ্ধ হন দুই জন। যাঁরা এই মুহুর্তে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।
বিগত ২০ বছরের অবহেলায় দেশের শিক্ষা ব্যবস্থার এমন শোচনীয় দশা হয়েছে যে, বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) লেভেলকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার জাতীয় সংসদের ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন।
বিগত ২০ বছরের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ববি হাজ্জাজ বলেন, ‘অতীতে প্রাথমিক ও গণশিক্ষায় যে চরম নৈরাজ্য চলেছে তা এখন স্পষ্ট, যার ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থী পাস পর্যন্ত করতে পারে না। এমনকি পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের দেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) লেভেলকে তাদের ষষ্ঠ শ্রেণির সমমান হিসেবে তুলনা করা হয়। এই শোচনীয় দশা থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার কারিকুলাম, শিক্ষকদের মানোন্নয়ন, অবকাঠামো এবং প্রশাসনসহ প্রতিটি ক্ষেত্রে বড় ধরনের সংস্কারের হাত দেওয়া হয়েছে।’
বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী নতুন বাজেটকে অত্যন্ত গর্বের সঙ্গে জনগণবান্ধব এবং আগামী দিনের বাংলাদেশ গড়ার বাজেট হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেই পরিষ্কার ছিল যে শিক্ষা খাতকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখা হবে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং অর্থমন্ত্রী প্রথম থেকেই এই দূরদর্শী চিন্তা ও দিকনির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় দেশ ও জাতির সামনে এবারই প্রথম দীর্ঘমেয়াদি জাতীয় বিনিয়োগের অংশ হিসেবে সামগ্রিক শিক্ষা খাতে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে। বিশেষ করে প্রাথমিক ও গণশিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করে একে পুরোপুরি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
সংসদে ও সংসদের বাইরে রাজনৈতিক বিরোধীদের নেতিবাচক প্রচারণার সমালোচনা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘তাদের আলোচনা গঠনমূলক না। অনেক ত্যাগ-তিতিক্ষার পরে এ সংসদ। জনগণকে একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেব। আলোচনার মাধ্যমে সেরা দিকগুলো জনগণের সামনে তুলে ধরব।’
তিনি বলেন, ‘সরকার সঠিক শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রাথমিকে চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। বিরোধীদের কেউ কেউ নেতিবাচক আলোচনা শুরু করেছেন সাংস্কৃতিক কারিকুলাম নিয়ে। কিন্তু আমাদের সবার নজর রাখতে হবে আগামীর বাংলাদেশ নিয়ে।’
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘এই বিরোধী শিবিরেরই অনেকে অতীতে নারী সংসদ সদস্যদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যা, ভদ্র সমাজে উচ্চারণ করা যায় না। সেই একই নোংরা মনোভাব থেকে তারা এখন অপপ্রচার চালাচ্ছেন যে, সাংস্কৃতিক শিক্ষা নাকি সন্তানদের ভুল পথে নিয়ে যাবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান আমাদের যে নতুন সমৃদ্ধ বাংলাদেশের পথ দেখাচ্ছেন, সেখানে পৌঁছাতে হলে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ও ক্রিয়েটিভ চেতনার জায়গা তৈরি করতে হবে। আর সে জন্যই সংস্কৃতি ও ক্রীড়াকে শিক্ষার বড় অংশ করা হয়েছে।
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।
পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার (১৪ জুন) দুপুরে এই গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, দুদকের মামলায় ইন্টারপোলের সহায়তায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। গত ১২ জুন ইন্টারপোলের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে একটি চিঠির মাধ্যমে এই গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন সাবেক এই আইজিপিকে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আদেশ দিয়েছিলেন। অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক।
দুদকের দায়ের করা মামলাগুলোতে বেনজীর আহমেদের পরিবারের বিরুদ্ধে মোট ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রকৃত সম্পদের তথ্য গোপন করার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আন্তর্জাতিক পুলিশি সংস্থার সহযোগিতায় তিনি আইনের আওতায় এলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, তখন ইতিহাস বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়। বাংলাদেশের ইতিহাস, রাজনীতি ও রাষ্ট্রচিন্তার গতিপ্রবাহ নির্ধারিত হয় এ দেশের জনগণের বয়ানে; কোনো পরগাছা, ধার করা বা কৃত্রিম বয়ানে নয়। জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম, ইতিহাস ও আকাঙ্ক্ষার ভিত্তিতেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মিত হবে। জনগণের তৈরি করা বয়ানই সব কৃত্রিম বয়ানকে ভেঙে দেবে এবং গণতন্ত্র, জাতীয় ঐক্য ও রাষ্ট্রের অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।
শনিবার (১৩ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘আমরা বাংলাদেশি’ আয়োজিত ‘দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘অতীতে ফ্যাসিবাদী শক্তি নিজেদের রাজনৈতিক প্রয়োজনেই বাংলাদেশের রাজনীতিকে কৃত্রিমভাবে বিভক্ত ও মেরুকরণ করার চেষ্টা করেছিল। কিন্তু জনগণের শক্তি, গণতান্ত্রিক আন্দোলন এবং সত্য ইতিহাসের প্রবাহ সেই কৃত্রিম বয়ানকে প্রত্যাখ্যান করেছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘ইতিহাসের বাস্তবতা যখন স্পষ্টভাবে সামনে আসে, তখন ইতিহাস বিকৃতকারীরা টিকে থাকতে পারে না। ইতিহাস যেখানে সঠিকভাবে কথা বলে, সেখানে বিকৃতকারীরা হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য হয়।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ নিজস্ব ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের ভিত্তিতে একটি স্বতন্ত্র জাতিসত্তা গড়ে তুলেছে। এ দেশের মানুষকে তাদের পরিচয়ের বৈধতা প্রতিষ্ঠার জন্য সীমান্তের ওপারে গিয়ে কারও কাছ থেকে সনদ নিতে হয় না। বাংলাদেশের স্বকীয়তা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ এ দেশের ইতিহাস ও বাস্তবতার মধ্যেই প্রোথিত।’
জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বতন্ত্র পরিচয়কে রাজনৈতিক দর্শনে রূপ দিয়েছিলেন। ভাষাগত, সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক ও ধর্মীয় ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা এই জাতীয়তাবাদ আজও বাংলাদেশের রাষ্ট্রচিন্তার অন্যতম ভিত্তি।
আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থই হতে হবে সব নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দু। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সার্ক এবং বৈশ্বিক পরিসরে জাতিসংঘের কাঠামোর মধ্য দিয়েই বাংলাদেশ তার মর্যাদাপূর্ণ অবস্থান আরও সুদৃঢ় করতে পারে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ২২০ কোটিরও বেশি মানুষের সম্ভাবনাকে কাজে লাগাতে সার্ককে আরও কার্যকর করার উদ্যোগ প্রয়োজন।
বিএনপি নেতা সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও বিএনপি নেতা রাশেদ খান।
উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় স্বার্থভিত্তিক রাষ্ট্রচিন্তা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে বর্তমান সরকার সবকিছুই করতে প্রস্তুত।
শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রোড ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি ২০২৬–নেভিগেটিং রিস্কস: লিভারেজিং রেজিলিয়েন্স’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সম্মেলনের মূল প্রতিপাদ্য বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের পথ চলায় সাহসিকতা ও সঠিক নির্দেশনার প্রতিফলন ঘটায়।
তিনি বলেন, ২০২৬ সালের বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির যে রূপরেখা আমরা তৈরি করছি, তাতে ঝুঁকি মোকাবিলা ও সক্ষমতা ব্যবহারের বিষয়টি আগামীর যাত্রার মূল চেতনাকে ধারণ করে। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, নতুন বাংলাদেশের জন্য বর্তমান সরকার সবকিছু করতে প্রস্তুত।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার ১০০ দিন পার করেছে। এই সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য হলো বাংলাদেশকে একটি নিরাপদ, স্থিতিস্থাপক ও শিল্পসমৃদ্ধ দেশে পরিণত করা, যেখানে নাগরিকরা সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অংশীদার হবে।
মির্জা ফখরুল যোগ করেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য হলো কৃষক, শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতার মূল চালিকাশক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা।
সাবেক শাসনামলে দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল বলে দাবি করে তিনি তৃণমূল পর্যায়ে উন্নয়নের সুফল পৌঁছে দিতে শাসন কাঠামো পুনর্গঠনের অঙ্গীকার করেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের বৃহত্তর লক্ষ্য হলো সকল নাগরিকের মর্যাদা, ন্যায়বিচার ও সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
তিনি আরও জানান, বাংলাদেশ বিশ্বজুড়ে অংশীদারদের জন্য একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে চায়, যা একটি প্রতিযোগিতামূলক, স্থিতিশীল, নৈতিক ও জনমুখী অর্থনীতি উপহার দেবে।
সবশেষে বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের এই রূপকল্পে বিনিয়োগ করার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বাস করুন, আপনারা হতাশ হবেন না।
ছবি: সংগৃহীত
নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় অনেক ভালো আইন থাকলেও সেগুলোর কার্যকর বাস্তবায়ন এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ক্ষেত্রে এখনও নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। আইনের যথাযথ প্রয়োগ ও চর্চা নিশ্চিত করতে হবে। সরকার মাদক ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এখনও দেশের জন্য একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বিশেষ ট্রাইব্যুনাল, আইন, নীতিমালা এবং নানা ধরনের এডভোকেসি কর্মসূচি থাকার পরও মামলা দায়ের, তদন্ত এবং ডাক্তারি পরীক্ষায় বিলম্ব, অপর্যাপ্ত প্রমাণ এবং সাক্ষীর অভাবে লিঙ্গভিত্তিক যৌন সহিংসতা উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রচলিত আইন কাঠামোর সীমাবদ্ধতা, বিচারহীনতার সংস্কৃতি, ক্রমবর্ধমান সামাজিক অস্থিতিশীলতা, সামাজিক অন্যায়-অবিচার, সংঘবদ্ধ সহিংসতার অপসংস্কৃতির ফলে সামগ্রিকভাবে মানবাধিকার এবং মানবিক মর্যাদার ক্রমঅবনতি ঘটছে। সামগ্রিকভাবে সমাজে বাড়ছে অপরাধ প্রবণতা।
তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যমান আইনের ব্যাপক প্রচার ও যথাযথ বাস্তবায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেছে। এসময় তিনি নারী ও শিশু অধিকার সুরক্ষায় সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী, নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনার অবসানে রাষ্ট্রের পাশাপাশি নাগরিক সমাজ, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং তরুণ প্রজন্মের সমন্বিত কর্ম উদ্যোগে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, সংবিধানে নারীদের সমান অধিকারের নিশ্চয়তা দেওয়া হলেও কিছু বিধান বাস্তবে সেই অধিকার ভোগের ক্ষেত্রে সীমাবদ্ধতা সৃষ্টি করে।
তিনি নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ মোকাবিলায় বিদ্যমান আইনগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, মানবিক শিক্ষা পরিবার থেকে শুরু হয় এজন্য পরিবার থেকে নৈতিকতা শিক্ষা দিতে হবে।
তিনি সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কনটেন্ট নির্মাতা ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অধিকতর সম্পৃক্ততা বৃদ্ধি এবং ধর্মীয় নেতা ও গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, রামিসা হত্যার মতো ঘটনাগুলো সমাজের অন্তর্নিহিত সমস্যাগুলোকে উন্মোচিত করেছে।
তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বশীল ব্যবহার এবং সরকার ও সমাজের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) লিজা বেগম সচেতনতামূলক প্রচারাভিযান, কার্যকর আইন প্রয়োগ, মামলার সঠিক তদন্ত এবং ভুক্তভোগীকেন্দ্রিক পুলিশিংয়ের ওপর জোর দেন। তিনি প্রতি জেলায় ভুক্তভোগী সহায়তা কেন্দ্র স্থাপন এবং সাইবার সহিংসতা প্রতিরোধে জাতীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
ছবি: সংগৃহীত
ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, ‘বৃক্ষরোপণ আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়। ঢাকাকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।’
শনিবার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘দ্রুত নগরায়ণ, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে রাজধানী ঢাকা ক্রমেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক সবুজায়নের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, ‘আমরা প্রায়ই বৃক্ষরোপণকে একটি আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখি। কিন্তু বাস্তবে এটি কোনো শৌখিনতা নয় বরং আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। প্রতিটি নাগরিক যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।’
ফরিদা খানম আরও বলেন, ‘সবুজ ঢাকা গড়তে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ—সবার অংশগ্রহণ প্রয়োজন। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলেই আমরা আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা উপহার দিতে পারব।’
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
ছবি: সংগৃহীত
নারীর ক্ষমতায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে বাহিনীর নারী সদস্যদের জন্য জাপানিজ ভাষাশিক্ষা প্রশিক্ষণ (N-5) কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারী সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বিদেশে কর্মসংস্থানের উপযোগিতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আগামী ৫ জুলাই ২০২৬ থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ৯০ (নব্বই) দিনব্যাপী জাপানিজ ভাষাশিক্ষা প্রশিক্ষণ (N-5) পরিচালিত হবে। দেশের মোট ১৩টি কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কেন্দ্রগুলো হলো—আনসার-ভিডিপি একাডেমি, গাজীপুর; ভিটিসি, নবাবগঞ্জ, ঢাকা; এবং ১১টি জেলা কমান্ড্যান্ট কার্যালয়: ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার।
প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে মোট ৫২০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণসাপেক্ষে AVMIS অ্যাপের মাধ্যমে নিবন্ধনপূর্বক আবেদন করতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এ উদ্যোগ দেশের নারী সদস্যদের দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে এটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অগ্রণী ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
মন্তব্য