দেশে চালের কোনো সংকট নেই। পর্যাপ্ত চাল আছে। তবু বাড়ছে দাম। মজুতদাররা বাজারে না ছেড়ে চাল ধরে রাখছেন বলেই দাম বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে বেসরকারিভাবে কার কাছে কত মজুত আছে, সেটা অজানা।
এদিকে, আশঙ্কাজনক হারে কমে গেছে সরকারের চালের বাফার মজুতও।
বাজার থেকে প্রায় দেড় কেজি মোটা চালের আগের দাম দিয়ে এখন এক কেজি কেনাই কঠিন হয়ে পড়েছে।
দেশে চিকন চালের ৬০ ভাগ হয় মিনিকেট। মোটা চাল ৩০-৩৪ ভাগ। বাকিটা হয় অন্যান্য সরু চাল।
কৃষি শুমারি ২০০৮ অনুযায়ী, দেশে মোট পরিবার বা খানা সংখ্যা ২ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ৭৬৩টি। এখানে ১ কোটি ৩৫ লাখ ১২ হাজার ৫৮০টি পরিবার কৃষিবহির্ভূত। আর কৃষিকাজে যুক্ত এমন পরিবার এক কোটি ৫১ লাখ ৮৩ হাজার ১৮৩টি।
তবে কৃষিতে যুক্ত পরিবারগুলোর অন্তত ৪৫-৫০ লাখ পরিবার ধান চাষ করলেও পরিবারের চাহিদা মেটাতে কিংবা অন্য ফসলে বিনিয়োগের অর্থের যোগান পেতে জমি থেকে ফসল তোলার পরই তারা তা বাজার দামে বিক্রি করে দেয়। ফলে মৌসুম শেষে এসব পরিবারে মাস চলার মতো চাল থাকে না। তাদেরকেও বাজার থেকে চাল কিনেই খেতে হয়।
কারা এই মজুতের অদৃশ্য পকেট
খোঁজ নিয়ে জানা গেছে, অদৃশ্য পকেটের তালিকায় রয়েছে ৩ হাজার ৫০০টি অটো রাইস মিল এবং ১৮ হাজার ৫০০ রাইস মিল, যারা দেশে ধান-চালের বড় ক্রেতা এবং সরবরাহকারী।
চালের মজুত রয়েছে অন্তত ১৭টি বড় করপোরেট কোম্পানির কাছেও, যারা গত কয়েক বছরে খাদ্যপণ্যের বাজারে প্রবেশ করেছে। তাদের অনেকে সরাসরি চালের ব্যবসার পাশাপাশি খাদ্যবহির্ভূত পণ্য তৈরি করছে, যার উপকরণ হিসেবে চালের প্রয়োজন হচ্ছে।
বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের (ব্রি) গবেষণা বলছে, প্রতিবছর দেশে উৎপাদিত চালের ২৪-২৬ শতাংশ এই বড় কোম্পানিগুলোর খাদ্যবহির্ভূত পণ্য তৈরির পেছনে চলে যাচ্ছে।
বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম খোরশেদ আলম জানান, নিয়মিত আড়তদার, ফড়িয়া, পাইকার ও খুচরা বিক্রেতা, এমনকি বড় মাপের কৃষকও ধান-চাল মজুত করেন।
তিনি দাবি করেন, এক শ্রেণির মৌসুমি ব্যবসায়ীও চাল মজুত করেছেন। এরা উৎপাদন মৌসুম এলেই লাখ লাখ টাকা বিনিয়োগ করে ধান-চাল কিনে নিজেদের সুবিধামতো জায়গায় মজুত রাখেন, আর বাজারে দাম বাড়লে চাল ছাড়েন। তবে মিলারদের কাছে চালের পর্যাপ্ত মজুত নেই। চাইলে সরকারের বিভিন্ন সংস্থা খতিয়ে দেখতে পারে।
সরকার কী করছে
চাল মজুতের এসব অদৃশ্য পকেটের খবর সরকারের নীতিনির্ধারকেরা ভালো করেই জানেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ‘সরকারের মজুত কমেছে এটা সত্যি। তবে বেসরকারি খাতে বিভিন্ন পকেটে চাল রয়েছে, সেই তথ্য সরকারের কাছে আছে।’
কার কাছে কত মজুত, তথ্য তিনি দিতে না পারলেও জানান, মজুতের পকেটগুলো মনিটর করা হচ্ছে।
তিনি বলেন, মজুত ও সংরক্ষণ নীতিমালা অনুযায়ী, চাল সরবরাহকারী একটি প্রতিষ্ঠান ১৫ দিনে যে চাল উৎপাদন করবে, তার পাঁচ গুণ চাল তিন মাস পর্যন্ত মজুত রাখতে পারে। আগে এই নিয়ম বহাল থাকলেও এখন বাজার পরিস্থিতির কারণে সরবরাহ বাড়াতে এই নীতিমালা সংশোধন করে সরকার তা এক মাসে নামিয়ে এনেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মজুতদাররা কেউ নীতিমালার সংশোধনী মানছেন না। এমনকি কারা কোথায় কতদিন বা কত মাস চাল ধরে রাখছেন, তার তথ্যও সরকার সুনির্দিষ্টভাবে জানে না।
তাছাড়া বেসরকারি খাতে হস্তক্ষেপে সরকারের আইনি সীমাবদ্ধতা আছে। দুর্বলতা আছে রাষ্ট্রীয় মজুত তলানিতে নামারও। কারণ বাজার নিয়ন্ত্রণে সরকারের বড় অস্ত্র হচ্ছে বাফার মজুত। এসব কারণে সরকার মজুতদারির বিরুদ্ধে কঠোর হতে পারছে না। ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে এখন চাল আমদানিতে যেতে হচ্ছে।
পদক্ষেপে কার কোথায় কোথায় ঘাটতি
ধান-চাল উৎপাদনে সঠিক তথ্যের অভাব, অভ্যন্তরীণ সংগ্রহের মজুত কমে যাওয়া এবং বাজার ব্যবস্থাপনায় দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর ভুল নীতির খেসারত দিচ্ছে ভোক্তারা।
সংশ্লিষ্টরা মনে করেন, সরকারের প্রতিষ্ঠানগুলো যার যার দায়িত্ব ঠিক সময়ে সঠিকভাবে পালন করলে দেশে চাল সংকটের সুযোগ তৈরি হতো না।
সংশ্লিষ্টদের মতে, ধান উৎপাদন নিয়ে কৃষি মন্ত্রণালয়ের প্রাক্কলনে ভুল ছিল। খাদ্য মন্ত্রণালয় উৎপাদন খরচের চেয়ে ধান ও চালের দাম কম ধরায় সরকারের খাদ্য সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়। অথচ সে সময় খোলা বাজারে ধানের দাম ছিল বাড়তি। ফলে সরকার নির্ধারিত মূল্যে চাল দিতে রাজি হয়নি মিলাররা। সরকার সরাসরি কৃষকদের কাছ থেকেও কেনার উদ্যোগ নেয়নি।
এ পরিস্থিতিতে চাল সংকটের পূর্বাভাস পায় সরকার। চাহিদা মেটাতে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই চাল আমদানির সবুজ সংকেত দেয়া হয় খাদ্য মন্ত্রণালয়কে।
গত বছর ১৩ জুলাই আমদানির অনুমোদন মিললেও অক্টোবর পর্যন্ত কোনো আমদানির উদ্যোগ নেয়নি খাদ্য মন্ত্রণালয়। আবার রাজস্ব কমে যাবে এমন আশঙ্কায় জাতীয় রাজস্ব বোর্ড করোনা পরিস্থিতিতে স্বপ্রণোদিত হয়ে ভোক্তা স্বার্থে শুল্ক কমানোর আগাম উদ্যোগ গ্রহণ করেনি। বাণিজ্য মন্ত্রণালয়ের এ বিষয়ক লিয়াজো পদক্ষেপে অনেক বিলম্ব ঘটে। আর চালসহ অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এ মন্ত্রণালয়ের বিরুদ্ধে তদারকি দুর্বলতার অভিযোগ তো আছেই। আবার আমদানির নিবন্ধন নিয়েও আমদানিকারকদের চাল আমদানিতে দীর্ঘসূত্রতার অভিযোগ রয়েছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের সাবেক গবেষণা পরিচালক ড. এম আসাদুজ্জামান বলেন, ‘আজকে চাল সংকটের দায় নিতে হবে খাদ্য মন্ত্রণালয়কে। তারা যদি ওই সময় থেকে আমদানি প্রক্রিয়া শুরু করত, তাহলে সরকারের মজুত পরিস্থিতিও এতোটা খারাপ হতো না। বাজারে অস্থিরতা তৈরি হতো না। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকেও তখন কম দামে চাল আমদানি করা সম্ভব হতো। যার সুফল পেত ভোক্তারা।’
তবে এ অভিযোগের সঙ্গে ভিন্নমত পোষণ করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। তিনি বলেন, ‘এটা ঠিক, আমরা আগেই আমদানির অনুমতি নিয়েছিলাম। কিন্তু একই সঙ্গে আমাদের কৃষকের স্বার্থও বিবেচনায় রাখতে হয়েছে। তারা যাতে ধানের ভালো দাম পায়, সে দিকটিও সরকার গুরুত্ব দিয়েছে। এর জন্যই চাল আমদানিতে এই দীর্ঘসূত্রতা।
‘তাছাড়া করোনা পরিস্থিতিতে বিশ্বের সর্বত্র যখন আমদানি-রফতানিতে একটা অচলাবস্থা চলেছে, সেখানে একটু সময় লাগতেই পারে। তবে আমরা বসে ছিলাম না।’
খাদ্য সচিব জানান, এরই মধ্যে সরকারি পর্যায়ে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে দেড় লাখ টন চাল দেশে আসবে। সেই সঙ্গে বেসরকারি খাতেও ২৮টি প্রতিষ্ঠানকে আমদানির নিবন্ধন দেয়া হয়েছে। সেই চাল আসা শুরু হয়েছে।
৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৭৭ হাজার টন চালের এলসি খোলা হয়। আর নিস্পত্তি হয় ৬১ হাজার টনের। এখন নিয়মিত বিরতিতে চাল আসবে। এতে দামও তুলনামূলক কমে আসবে।
আমদানির নিবন্ধন নেয়া সত্ত্বেও চাল আনতে দীর্ঘসূত্রতার কারণ জানতে চাইলে বাংলাদেশ রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম বাবু বলেন, ‘৬২ শতাংশ আমদানি শুল্ক দিয়ে দেশে সেই চাল কত দামে বিক্রি করব? যদিও শুল্ক কমানো হয়েছে, তবে সঠিক সময়ে তা করা হয়নি। আবার যেটুকু কমানো হয়েছে, তাতে বাজারে চালের দাম কাঙ্ক্ষিত মাত্রায় রাখা কঠিন। এই শুল্ক হার ২০ শতাংশের নিচে নির্ধারণ হওয়া উচিত ছিল।’
আমদানির দীর্ঘসূত্রতার পেছনে তিনি খাদ্য মন্ত্রণালয়কেই দোষারোপ করেন।
যে কারণে কমল সরকারের মজুত
গত বছর ১৪ অক্টোবর দেশে খাদ্যশস্যের মোট মজুতের পরিমাণ ছিল ১১ লাখ ৯৫ হাজার টন। এর মধ্যে চালের মজুত ছিল ৮ লাখ ৮৩ হাজার টন। তবে করোনা মহামারি ও কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেয়ায় খাদ্যশস্য মজুত কমেছে।
গত ২০১৯-২০ অর্থবছরে সরকার এ খাতে চাল বিতরণ করেছে ২ লাখ ৭৭ হাজার টন। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পসহ অন্যান্য খাতেও চাল বিতরণ করায় মজুত নেমে এসেছে ৫ লাখ টনে।
খাদ্য মন্ত্রণালয় গত বছর ২৬ এপ্রিল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মজুত বাড়াতে ১০ লাখ টন সিদ্ধ চাল কেনার লক্ষ্য নিলেও কিনতে পেরেছিল ৬ লাখ ৮০ হাজার টন। একইভাবে দেড় লাখ টন আতপ চাল কেনার লক্ষ্য নিয়ে কিনতে পারে ৯৯ হাজার টন। বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা ধরেছিল ৮ লাখ টন। কিন্তু কিনতে পেরেছে মাত্র ২ লাখ ২০ হাজার টন, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৭২ দশমিক ৫ শতাংশ কম।
এই ধান চাল আকারে ধরা হলে অভিযান মৌসুমে সরকার মোট চাল সংগ্রহ করতে পারে ৮ লাখ ৩১ হাজার ৪৬১ টন। এর বাইরে ২০১৯-২০ অর্থবছরে মোট চাল আমদানি হয়েছে মাত্র ৪ হাজার টন। এসব মিলে চালের মজুত কিছুটা বাড়লেও তা গুদামে বেশি দিন স্থায়ী হয়নি। অর্থাৎ সরকারের মজুত বিভিন্ন উন্নয়ন সহায়তার কারণে প্রতিনিয়ত কমতে থাকে।
বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কেএ ম খোরশেদ আলম খান বলেন, ‘এবার ধানের সরবরাহ প্রথম থেকেই কম ছিল। আগে প্রতিদিন ৫০ গাড়ি ধান কেনা হতো। এবার তা ১০ গাড়িও পাইনি। ফলে কৃষক পর্যায়ে ধানের দাম ছিল বেশি। পণ্যের দাম বাড়া-কমা নির্ভর করে উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির ওপর। সরবরাহ কমে গেলে দাম বাড়ে। এখন সেটাই হচ্ছে।’
ছবি: দৈনিক বাংলা
সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সভাপতি পদে দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটগ্রহণ শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। পরে তিনি নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহ-সভাপতি পদে নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিলটন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার একলাছ হক, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আতিক হাসান শুভ, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ঢাকা স্ট্রিমের স্টাফ রিপোর্টার তৌফিক হাসান, প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে বাংলানিউজ২৪ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন, ভোরের কাগজ সিনিয়র রিপোর্টার মো. রুহুল আমীন, বিজনেস মিররের বিশেষ প্রতিনিধি বারেক কায়সার, ইনডিপেনডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি হাসিফ মাহমুদ শাহ্, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদ, ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার নিলয় মামুন ও ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার আবির হাকিম। নতুন এই কমিটি ২০২৭ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।
ছবি: সংগৃহীত
জামালপুরে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ১৫ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। অভিনব কায়দায় মাদক পরিবহনের এই ঘটনায় জড়িত থাকার অপরাধে মাদক বহনে ব্যবহৃত সাদা রঙের টয়োটা প্রোবক্স প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় জেলা পুলিশের এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জামালপুর-শেরপুর মহাসড়কের উত্তর কুটুরিয়া এলাকায় একটি নিয়মিত পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছিল।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বড়টোডা বিশনাউড়ি এলাকার আক্তার হোসেন, শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকার মিন মোক্তার ওরফে মনির হোসেন, বিল্লাল হোসেন এবং প্রাইভেটকারচালক সাগর।
পুলিশ জানায়, শেরপুর থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা জামালপুরে আনা হচ্ছে—এমন একটি গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উত্তর কুটুরিয়া এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় নির্দিষ্ট কারটিকে থামানোর সংকেত দেওয়া হলে এর ভেতরে থাকা আরোহীরা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা অত্যন্ত তৎপরতার সাথে ধাওয়া করে তাঁদের চারজনকেই ধরে ফেলেন।
পরবর্তীতে স্থানীয় উপস্থিত সাক্ষীদের সামনে সন্দেহভাজন গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়ির গ্যাস সিলিন্ডারের নিচে লোহা ও স্টিল দিয়ে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান মেলে। সেই চেম্বার খুলে খাকি কাগজে নিখুঁতভাবে মোড়ানো ছয়টি বড় প্যাকেটে থাকা মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই ঘটনায় গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই চালানের মূল উৎস, সরবরাহকারী চক্র এবং এর পেছনে থাকা অন্যান্য প্রভাবশালী মাদক কারবারিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এই অভিযানের বিষয়ে স্পষ্ট করে বলেন, জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন কঠোর অভিযান ও নজরদারি সর্বদা জারি থাকবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।
ছবি: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা। কীভাবে মানুষের কল্যাণে কাজ করতে হয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত লায়ন্স ক্লাব।
শুক্রবার (২৬ জুন) খুলনা লায়ন্স আই হাসপাতালের অপারেশন থিয়েটারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোনো কাজ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হলে দৃঢ় অঙ্গীকার অপরিহার্য। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে সেবাগ্রহীতার কখনো অভাব হবে না।
তিনি চক্ষু সেবার পাশাপাশি লায়ন্স ক্লাবের মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং অটিজম বিষয়ে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। মানবতার সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি সবসময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, লায়ন্স এ কে এম গোলাম ফারুক, সাবিনা সিদ্দিকা ও ডা. মো: বোরহান উদ্দিন। এতে সভাপতিত্ব করেন সিনিয়র লায়ন্স ড. রনঞ্জিত কুমার নাথ। স্বাগত বক্তৃতা করেন লায়ন্স ডা. মনোজ কুমার দাস।
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী প্রধান তাজিয়া শোক মিছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে এই শোক মিছিলটি শুরু হয়। কারবালার ঐতিহাসিক ও শোকাবহ স্মৃতি স্মরণে হাজারো শিয়া সম্প্রদায়ের মানুষ ও ভক্তরা খালি পায়ে বুক চাপড়িয়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মাতম করে মিছিলে অংশ নেন। সুশৃঙ্খল এই মিছিলটি পুরান ঢাকার হোসাইনী দালান থেকে শুরু হয়ে বকশি বাজার লেন, আলিয়া মাদ্রাসা মোড়, বকশী বাজার মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড এবং লালবাগ চৌরাস্তা মোড় অতিক্রম করে।
এরপর গোর-এ শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ ও নীলক্ষেত মোড় হয়ে মিছিলটি মিরপুর রোড ধরে ঢাকা কলেজ এবং সাইন্সল্যাব মোড় পার হয়। সর্বশেষ ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোড, বিজিবির ৪ নম্বর গেট ও সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকের পাড়ে অবস্থিত প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে দুপুর আড়াইটায় মিছিলটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
ঐতিহাসিক এই বড় শোক মিছিলটি নির্বিঘ্নে পরিচালনার জন্য ডিএমপির পক্ষ থেকে পূর্ব থেকেই অত্যন্ত কঠোর ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নিরাপত্তার স্বার্থে মিছিলে যেকোনো ধরনের দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠির মতো ধারালো বা ভারী অস্ত্রশস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন।
মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রুটজুড়ে ডিএমপির বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও গোয়েন্দা নজরদারি মোতায়েন ছিল। ডিএমপি কমিশনারের সরাসরি নির্দেশনায় সব স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মাঠপর্যায়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলেন, যার ফলে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এবারের তাজিয়া মিছিলটি সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, ১০ মহররম পবিত্র আশুরা মুসলিম বিশ্বে অত্যন্ত শোকাবহ ও তাৎপর্যপূর্ণ একটি দিন; আর এই বিশেষ দিনটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও পুরান ঢাকার হোসাইনী দালান ও বড় কাটারা ইমামবাড়াসহ রাজধানীর বিভিন্ন ইমামবাড়ায় দিনব্যাপী বিশেষ শোকানুষ্ঠান এবং ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বজ্রসহ ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সিনপটিক অবস্থায় জানিয়েছে, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এমন আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন বিভাগে আগামী পাঁচ দিন টানা ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া এই নির্দিষ্ট সময়ে দেশের সব কটি বিভাগেই কম-বেশি বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি তাদের পূর্বাভাসে স্পষ্ট করেছে।
আবহাওয়ার এই বিশেষ বার্তায় অঞ্চলভিত্তিক বৃষ্টিপাতের চিত্র তুলে ধরে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে প্রথম ৩ দিন এবং পরবর্তী দুই দিন রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে দেশের কোথাও কোথাও বর্ষণের তীব্রতা বাড়লেও কিছু অঞ্চলে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও নীলফামারী জেলাসহ সমগ্র খুলনা বিভাগের ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুকাল অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রার ওঠানামার বিষয়ে অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।
এ ছাড়া আগামী মঙ্গলবার (৩০ জুন) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত দিনগুলোর আবহাওয়ার অবস্থা সম্পর্কে আবহাওয়াবিদেরা জানিয়েছেন, আগামী পাঁচ দিন পার হওয়ার পরও দেশে বৃষ্টিপাতের এই বর্তমান প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, কোনো প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালালে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা হবে। শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা অসাধু চক্রের তৎপরতার সুযোগ দেওয়া যাবে না।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, কর্মপরিবেশ যেন আন্দোলন বা বিভিন্ন দাবি দাওয়ার কারণে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। শিক্ষা প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সবার জন্য সমানভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বক্তব্যের এক পর্যায়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা একদলীয় রাষ্ট্র বা একদলীয় রাজনীতিতে বিশ্বাস করি না। এক সময় সবাই আওয়ামী লীগ করতো, এখন অনেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হচ্ছে—এটা আমরা বুঝতে পারি, আমরা জানি। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার দেশের ডলার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরি করেছে। পৃথিবীতে এমন চুরির নজির নেই, শুধু বাংলাদেশেই এটা হয়েছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ, শিক্ষা বোর্ড সচিব নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রংপুর বিভাগের আওতাধীন বিভিন্ন শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছবি: নিউজবাংলা
‘২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে পিরোজপুর সদর উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। র্যালি শেষে টাউন ক্লাব মাঠে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী (এমপি), জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, “মাদক শুধু একটি জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। আমাদের তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি। এই প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। কেবল প্রশাসন বা পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়, যদি না আমরা পারিবারিক ও সামাজিকভাবে সচেতন হই। প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানদের বন্ধু-বান্ধব ও চলাফেরার বিষয়ে অধিকতর যত্নশীল হতে হবে।”
প্রতিমন্ত্রী দৃঢ়তার সাথে উল্লেখ করেন, “আমরা পিরোজপুরকে একটি আদর্শ ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা সমাজের শত্রু, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আসুন, আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি।”
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তারা পিরোজপুর জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য