করোনা পরিস্থিতিতে কেমন আছে দেশের অর্থনীতি, বৈশ্বিক মন্দার মধ্যে কোন ধরনের চ্যালেঞ্জ দেশের সামনে- এসব নিয়ে বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলেছে নিউজবাংলা। বেসরকারি গবেষণা সংস্থা–পিআরআই ও আইএমএফের সাবেক কর্মকর্তা এবং ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর মনে করেন করোনাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারলে ২০২২ সালের মধ্যে আগের চেহারায় ফিরবে বাংলাদেশের অর্থনীতি।
বিদেশি মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, খেলাপিঋণ, ব্যাংক খাত, রাজস্ব আদায় পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আবু কাওসার।
করোনার সময়ে দেশের অর্থনীতি সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
করোনার প্রথম ধাক্কা কাটিয়ে উঠতে পারলেও আগের অবস্থায় এখনও ফেরেনি। এত দ্রুত সম্ভব নয়। কারণ, করোনা সংক্রমণ দেশে ও বহির্বিশ্বে ফের বাড়ছে। তবে সবচেয়ে বড় ধাক্কা কাটিয়ে ওঠা গেছে। করোনা স্থায়ী হলে এর প্রভাব আরও বেশি সময় চলবে। আমি মনে করি, ২০২২ সালের প্রথম দিকে দেশের অর্থনীতি আগের চেহারায় ফিরবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গতি ফের শ্লথ হয়ে গেছে। আপনি কী মনে করেন?
বিশ্বব্যাপী যে চিত্র পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশ তার বাইরে নয়। দুইভাবে দেশকে করোনার দ্বিতীয় ঢেউ প্রভাবিত করবে, প্রথমত: আমাদের প্রধান রফতানি বাজার ইউরোপ এবং আমেরিকায় ফের লকডাউন শুরু হয়েছে। ফলে মানুষের মনে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
করোনার ব্যাপকতা ওই সব দেশে বেড়ে গেছে। মৃত্যু হারও বাড়ছে। ফলে বহির্বিশ্ব থেকে দেশের রফতানি খাতে আরেকটা ধাক্কা আসবে। দ্বিতীয়ত: দেশের অভ্যন্তরেও করোনার বিস্তার বেড়ে গেছে। এ পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে একটা ধাক্কা দিচ্ছে।
লকডাউন না থাকায় প্রভাব কম হচ্ছে। আগে একটা ধারণা ছিল, আগামী মার্চ থেকে জুনের মধ্যে করোনার প্রভাব থেকে বের হতে পারব, কিন্তু তা থেকে পিছিয়ে যেতে হচ্ছে। দ্বিতীয় ঢেউ না এলে হয়তে কিছু ইতিবাচক প্রবৃদ্ধি হতো পারত। এখন দেখা যাচ্ছে, করোনার পুরোপুরি প্রভাব থেকে বের হয়ে আসা ২০২২ সালের আগে সম্ভব নয়।
ভ্যাকসিন বিতরণে এখনও কার্যকর পরিকল্পনা দেখছি না। ভ্যাকসিন আসার পর ফ্রেব্রুয়ারি–মার্চের দিকে বিতরণ শুরু হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এটা চলবে এক থেকে দেড় বছর। সে ক্ষেত্র আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমেরিকা হয়ত ছয় মাসের মধ্যে তাদের ভ্যাকসিন বিতরণ কার্যক্রম শেষ করে ফেলবে। আমরা সেটা পারব না। আমাদের সময় লাগবে।
দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের বাড়তি প্রস্তুতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? অর্থনীতি পুনরুদ্ধারে আরও প্রণোদনা দেয়ার দাবি উঠেছে। এ বিষয়ে আপনার অভিমত কী?
ছোট পরিসরে আরেকটি প্রণোদনা প্যাকেজ নেয়া যেতে পারে। বিশেষ করে রফতানি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের জন্য। জিডিপির বিবেচনায় কৃষির পরেই এসএমই হচ্ছে দেশের সবচেয়ে বড় খাত। কাজেই, এ খাতকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য বাড়াতে হবে ঋণ।
অভিযোগ উঠেছে প্রণোদনা প্যাকেজ থেকে বড় ব্যবসায়ীরা তুলনামূলক বেশি সুবিধা পাচ্ছেন। ক্ষুদ্র উদ্যেক্তারা তেমন পচ্ছেন না। এ বিষয়ে আপনার বক্তব্য কী?
রফতানিমুখী প্রতিষ্ঠানগুলো তাদের নেয়া ঋণের প্রায় পুরোটাই ব্যবহার করেছে। এ খাতে ব্যবহার খুব দ্রুত হয়েছে এবং ফলও পাওয়া গেছে। এর ফলে রফতানি খাত ঘুরে দাঁড়িয়েছে। প্রণোদনা প্যাকেজ ভালোভাবে কাজ করায় ইতিবাচক ফল এসেছে।
বড় বড় প্রতিষ্ঠানকে ঋণ দেয়া সহজ। তাদের ঋণের পরিমাণ গড়ে ১০ থেকে ২০ কোটি টাকার বেশি। বড় ঋণ অনুমোদন দেয়া ব্যাংকের জন্য সহজ। সমস্যা হয় ক্ষুদ্র ক্ষুদ্র এসএমই প্রতিষ্ঠানকে ঋণ দেয়ার ক্ষেত্রে। ঋণ বিতরণে কিছু ব্যাংক এগিয়ে থাকলেও অনেক প্রতিষ্ঠান তা পারছে না।
ওইসব ব্যাংকের হয়ত এসএমই কার্যক্রম সেভাবে নেই। সব ব্যাংকই এসএমই খাতে ঋণ বিতরণ বাড়াতে পারবে তা ভাবা ঠিক নয়। বাংলাদেশ ব্যাংককে বলব, যারা সফলভাবে পারছে, তাদের মাধ্যমে আরও বেশি ঋণ দেয়া হোক। তা হলে এসএমইতে ঋণের প্রবাহ বাড়বে।
করোনা মহামারির মধ্যেও বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতায় পৌঁছেছে। এ অর্জনকে কীভাবে দেখছেন?
দুর্বল অর্থনীতিতে রিজার্ভ বাড়ে। এটা অনেক দেশেই পরীক্ষিত। পার্শ্ববর্তী দেশ ভারতে করোনার কারণে জিডিপি ১০ শতাংশ কমে গেছে।
ফলে তাদের রিজার্ভ দ্রুত বাড়ছে। কারণ হচ্ছে, যখন একটা দেশের অর্থনীতি দুবর্ল হয় তখন তাদের আমদানিও কম থাকে। আমদানি ব্যয় কম হলে ব্যালেন্স অব পেমেন্ট বা লেনদেনের ভারসাম্য শক্তিশালী হয়।
বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে। করোনাকালে কমে গেছে আমদানি। একইসঙ্গে আমাদের রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হওয়ায় বর্তমানে লেনদেনের ভারসাম্য একটা স্বস্তিদায়ক অবস্থায় আছে। এসব কারণে বেড়েছে রিজার্ভ। রিজার্ভ বৃদ্ধি সামগ্রিক অর্থনীতির দুর্বলতারই লক্ষণ। এটা শক্তিশালী অর্থনীতির কারণ হয় না।
যদি আমাদের জিডিপির প্রবৃদ্ধি, আমদানি ও রফতানি আরও ভালো হতো এবং এসবের মাধ্যমে রিজার্ভ বাড়ত তাহলে সেটা হতো ভিন্ন চিত্র। সেই চিত্র পাচ্ছি না। দুর্বল অর্থনীতির অংশ হিসেবে রির্জাভের উল্লম্ফন দেখতে পারছি।
রেমিট্যান্সে যে পরিবর্তনটা দেখতে পারছি তা পরিষ্কার নয়। এই সময়ে পৃথিবীর অন্য কোনো দেশে রেমিট্যান্স বাড়ছে না। প্রশ্ন হচ্ছে আমাদের কেন বাড়ছে?
অনেক কারণ হতে পারে। একটা কারণ হতে পারে প্রবাসীরা তাদের সঞ্চয় পাঠাচ্ছেন। অন্য কারণ হতে পারে, যারা স্থায়ীভাবে প্রবাসে বাস করছেন, দেশে তাদের আত্মীয়দের জন্য বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।
তৃতীয়ত, দেশে সঞ্চয়পত্রসহ অন্যখাতে বিনিয়োগের জন্য টাকা পাঠাচ্ছেন। চতুর্থত, এখন মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে তড়িৎগতিতে রেমিট্যান্স পাঠানো যায়।
সবশেষ, দুই শতাংশ নগদ প্রণোদনায় বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন প্রবাসীরা। সবমিলে রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
আইএমএফের সাম্প্রতিক ওয়ার্ল্ড আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জিডিপি অর্জনে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি। মাথাপিছু জাতীয় আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এ সাফল্য সম্পর্কে কিছু বলুন।
ভারতে গত কয়েক বছর ধরে জিডিপির প্রবৃদ্ধি ভালো হয়নি। নোট বাতিল (ডিমনিটালাইজেশন), ভ্যাট প্রবর্তন, বিভিন্ন প্রদেশে দাঙ্গাহাঙ্গামাসহ নানা কারণে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেই সঙ্গে আছে করোনার বিশাল ধাক্কা। করোনা প্রতিরোধে ব্যবস্থাপনা ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি ভারত সরকার। এসব কারণে সমাজে অস্থিরতার পাশাপাশি ভারতে অর্থনীতি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমি মনে করি, নিজেদের আয়নাতে আমাদেরকেই দেখতে হবে। ভারতের সঙ্গে তুলনা করে লাভ নেই। ভারত যখন আবার, নিজেদের ঘুড়িয়ে নিতে পারবে, তখন হয়ত বাংলাদেশেকে পেছনে ফেলে সামনে চলে যেতে পারবে। ভারতের দিকে না তাকিয়ে আমাদের বর্তমান অবস্থান নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
করোনা পরিস্থিতিতে বেশি প্রবৃদ্ধি হবে না, সেটা আমরা জানি। বিশ্বব্যাংক ও আইএমএফ যে পূর্বাভাস দিয়েছে, তা অর্জন করতে পারলে সেটি হবে দেশের জন্য বড় পাওনা।
তবে চলতি অর্থবছরের জন্য সরকারের প্রাক্কলিত ৮ দশমিক ২ শতাংশ জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা কোনোমতেই সম্ভব নয়। চীনের অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। তারপরেও চীনের প্রবৃদ্ধি হবে এবার ২ শতাংশ।
কাজেই বাংলাদেশে এবার ২ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি হলে সেটিই বড় অর্জন বলে আমি মনে করি। তবে আপেক্ষিকভাবে ভারতের চাইতে ভালো আছে বাংলাদেশ। তারই প্রতিফলন ঘটেছে মাথাপিছু জাতীয় আয়ের ক্ষেত্রে।
বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা ভালো। ফলে ডলারের সঙ্গে টাকার মূল্যমান স্থিতিশীল আছে। এটা একটা ভূমিকা রেখেছে বাংলাদেশকে এগিয়ে নিতে। পক্ষান্তরে ভারতের মুদ্রার মান আমাদের চেয় কমে গেছে। যে কারণে বাংলাদেশের তুলনায় পিছিয়ে ভারত।
করোনাকালে নিয়মিত ঋণের কিস্তি পরিশাধ না করলেও খলাপি বলা যাবে না। ডিসেম্বর পর্যন্ত ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনেকই সমালোচনা করে বলেছেন, খেলাপিদের আরও ছাড় দিয়েছে সরকার। অর্থমন্ত্রী বলেছেন ব্যবসার স্বার্থে এ ছাড় দেয়া হয়েছে। আপনি কি মনে করেন?
করোনার কারণে ব্যবসায়ীদের আরও সহায়তা দরকার। এই সময়ে ভারতসহ পৃথিবীর অনেক দেশ এ ধরনের সুবিধা দিয়েছে। বাংলাদেশ একই নীতি অনুসরণ করছে।
আমি মনে করি, বর্তমান প্রেক্ষাপটে এ সুবিধা ডিসেম্বর পর্যন্ত আছে। এটাকে বাড়িয়ে আগামী মার্চ-জুন পর্যন্ত করা যেতে পারে। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় এর প্রয়োজন রয়েছে।
ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে একটি ব্যাংক কমিশন গঠনের দাবি বহু পুরনো। সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে সরকার। ব্যাংক কমিশন গঠন করা উচিত বলে কি আপনি মনে করেন?
কমিশন সরকার করুক আর না করুক, সমস্যা আছে এবং তা সমাধান করতে হবে। দুই-তিন বছর আগে সরকার কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। পরে এর কোনো অগ্রগতি দেখা যায়নি। আমরা দেখেছি, ভারতে তিনটি ব্যাংক বসে গেছে গত কয়েক মাসে। এ পরিপ্রেক্ষিতে, ওই সব খারাপ ব্যাংককে একীভূত (মার্জার) করা হয়েছে ভালো ব্যাংকের সঙ্গে।
বাংলাদেশেও একীভূত করতে হবে। ছোট ও দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে দিতে হবে বড় ব্যাংকগুলোর সঙ্গে। দুর্বল ব্যাংকগুলো থাকার কোনো মানে হয় না। সরকারের উচিত হবে কোন ব্যাংক টেকসই হবে আর কোনটি হবে না- তা শনাক্ত করে প্রকৃত চিত্র তুলে ধরা।
রাজস্ব আদায়ে ধীর গতি কীভাবে বাড়ানো যায়?
আপৎকালীন সময়ে হঠাৎ করে রাজস্ব আহরণ বাড়ানো যাবে না এবং এর জন্য অতিরিক্ত উদ্যোগ নেয়া ঠিক হবে না। সরকারকে বুঝতে হবে রাজস্ব আয়ে পতন একদিকে হয়নি। গত সাত-আট বছর ধরে চলছে। গত অর্থবছর নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে। এ বছর সামান্য প্রবৃদ্ধি হতে পারে।
এ বছর সরকারের প্রাক্কলিত প্রবৃদ্ধি হচ্ছে ৪০ শতাংশের বেশি। অবাস্তব এই প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। বর্তমানে রাজস্ব আয়ের যে প্রবণতা দেখা যায়, তা চলতে থাকলে অর্থবছর শেষে কমপক্ষে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার বেশি ঘাটতি হবে। এই ঘাটতি কীভাবে কমানো যায় সেটা নিয়ে ভাবতে হবে। সরকারের উচিত হবে বিশাল ঘাটতিকে সামনে রেখে কীভাবে ব্যয়কে পুনর্বিন্যাস করা যায় তার কর্মকৌশল ঠিক করা।
তবে এ বছর বাজেট ঘাটতি বাড়বে, তাতে উদ্বেগের কিছু নেই। ব্যয় বেশি সংকোচনের দরকার নেই। ঘাটতি বাড়িয়ে আপৎকালীন সময়ে পাড়ি দিতে হবে।
তবে এটাই শেষ নয়, আমাদের অবশ্যই রাজস্ব বাড়াতে হবে। রাজস্ব না বাড়ালে অচল হয়ে যাবে বাংলাদেশ। সরকারও অচল হয়ে যেতে পারে। সে জন্য রাজস্ব খাতকে ঢেলে সাজাতে হবে। আইন পরিবর্তন করতে হবে। প্রশাসনিক কাঠামো আধুনিক করতে হবে। এনবিআরসহ গোটা রাজস্ব বিভাগকে পূর্ণাঙ্গ অটোমেশন করতে হবে।
চাল, পেঁয়াজ, আলুসহ অনেক পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে। সরকার কি বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না? বাজার স্থিতিশীল করতে কী ব্যবস্থা নেয়া যেতে পারে বলে আপনি মনে করেন?
সরকারকে বুঝতে হবে চালের বাজারে ঘাটতি আছে। চালের বাজারে স্বয়ংসম্পূর্ণ নয়। সে জন্য আমদানিকে প্রাধান্য দিতে হবে। আমন ধান নেমে গেছে, তবু চালের দাম কমছে না। ব্যবসায়ীরা জানে এ বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। সরকারি গুদামে পর্যাপ্ত চাল মজুত নেই। এসব কারণে দাম বাড়ছে।
চালের দাম সহনশীল রাখতে হবে। এ জন্য আমদানি শুল্ক আরও কমানো বা প্রত্যাহার করতে হবে। তা হলে চাল আমদানি সহজ হবে।
শাক সবজির দাম নিয়ে চিন্তিত নই। আগামী ১৫ দিনে ২০ দিনে শাকসবজির সরবরাহ আরও বাড়বে। তখন দাম কমে যাবে। আলুর মৌসুমে ব্যাপক বৃষ্টি হয়েছে। ফলে আলুর ফলন তেমন হবে না। পেঁয়াজের ফলনও ভালো হবে না। ভারত হয়ত পেঁয়াজ রফতানি থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। সরবরাহ বাড়াতে পারলে দাম কমবে। এখানে মুদ্রা নীতি প্রয়োগ করে সরকারের কিছু করার নেই। বাজার নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না। বাজারের ক্ষেত্রে সরকার হচ্ছে ঠুঁটো জগন্নাথ।
চলতি অর্থবছরের পাঁচ মাস চলছে। সামনে অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ কী?
করোনাকে প্রতিরোধ করাই প্রধান চ্যালেঞ্জ। করোনা এখনও আমাদের সঙ্গে আছে এবং এর প্রভাবে আমাদের অর্থনীতি ও সমাজ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যহত হয়েছে।
দ্বিতীয় ঢেউ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। করোনাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারলে ২০২২ সালের মধ্যে দেশের অর্থনীতি আগের চেহারায় ফিরে যেতে পারবে বলে আমি আশাবাদী। এটা কিন্তু খারাপ নয়। যুক্তরাষ্ট্র ২০২৪ সালে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। ইউরোপ যাবে ২০২৩ এর শেষে। কাজেই আমরা ওই সব দেশের চেয়ে আগে স্বাভাবিক অবস্থায় যেতে পারব। বিশ্বপ্রেক্ষাপটে সেটা হবে আমাদের বড় অর্জন। এজন্য ভ্যাকসিন বিতরণ কর্মসূচির সফল বাস্তবায়নে এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে।
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দেশের তরুণ প্রজন্ম ও ফুটবলপ্রেমীদের সম্পৃক্ত করতে মাসব্যাপী ‘ওয়ার্ল্ড কাপ অ্যাক্টিভেশন’ কর্মসূচি শুরু করেছে দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচিটির উদ্বোধন হয়। দুই আয়োজনেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
বিশ্বকাপ চলাকালে দেশের ২৭টি জেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ ভেন্যুতে নগদ ব্র্যান্ডেড ক্যারাভানের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং জনপ্রিয় ক্রীড়া ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে বিশ্বকাপজুড়ে চলবে আয়োজনটি।
অংশগ্রহণকারীদের জন্য থাকছে ইন্টারঅ্যাকটিভ সেশন, স্পোর্টস কুইজ, ফুটবলভিত্তিক গেমস এবং প্লেস্টেশন ৫ গেমিং প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য রাখা হয়েছে মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি, রিস্টব্যান্ডসহ বিভিন্ন পুরস্কার।
প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের টেনিস কোর্টে। এতে জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া অংশ নেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কুইজ, ফুটবলভিত্তিক আয়োজন ও গেম শোতে অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রিয় ফুটবল তারকার সঙ্গে সরাসরি সময় কাটানোর সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজনীন নাহার নিপা বলেন, ক্যাম্পাসে এমন আয়োজন সত্যিই আমাদের চমকে দিয়েছে। মাতসুশিমা সুমাইয়ার মতো তারকাকে কাছ থেকে দেখা এবং বিভিন্ন ফুটবল ও গেমিং কার্যক্রমে অংশ নেওয়া ছিল দারুণ অভিজ্ঞতা। বিশ্বকাপের এই আমেজ আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নগদকে ধন্যবাদ।
একই দিনে ঢাকা কলেজেও অনুষ্ঠিত হয় নগদের বিশ্বকাপ অ্যাক্টিভেশন কর্মসূচি। সেখানে শিক্ষার্থীরা স্পোর্টস কুইজ, গেমস ও বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
নগদের হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ উল্লেখ করেছেন, ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল আর্থিক সেবার সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। নগদ প্রতিদিন নিরাপদ, সহজ ও দ্রুত আর্থিক সেবার মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ ও গতিশীল করে তুলছে।
বিশ্বকাপের উন্মাদনা সাধারণ গ্রাহকদের মধ্যেও ছড়িয়ে দিতে এই কর্মসূচির পাশাপাশি বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইনও চালু করেছে নগদ। বিশ্বকাপ চলাকালে এসব ক্যাম্পেইনে অংশ নিয়ে গ্রাহকরা বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার পাশাপাশি বিদেশে জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক ম্যাচ সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করার সুযোগ পাবেন।
অগ্রণী ব্যাংক পিএলসি’র ২১ টি কর্পোরেট শাখার ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার) অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, আমদানি-রপ্তানি বৃদ্ধি, রেমিট্যান্স সংগ্রহের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও ২০২৬ সালের সকল ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর্পোরেট শাখা প্রধানগণকে নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, মো. আবুল বাশার ও রূবানা পারভীন, মহাব্যবস্থাপকগণ, সার্কেল প্রধান ও কর্পোরেট শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্ল্যাটফর্ম ইনটেক্স বাংলাদেশ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ব্যবসায়িক নেটওয়ার্কিং, উদ্ভাবন এবং আন্তঃসীমান্ত সহযোগিতার লক্ষ্যে একত্রিত হয়েছেন বস্ত্র প্রস্তুতকারক, সোর্সিং পেশাজীবী, ক্রেতা, ব্র্যান্ড, নীতিনির্ধারক এবং বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের শীর্ষ কর্মকর্তা, কূটনীতিক, শিল্প নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক প্রদর্শকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব রাজেশ ভগত (চেয়ারম্যান ও এমডি, ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়া), জনাব মুরালি বালকৃষ্ণ (জয়েন্ট ডিরেক্টর, টেক্সপ্রোসিল), জনাব মো. আব্দুল হামিদ পিন্টু (সভাপতি, বিজিবিএ) এবং জনাব মোহাম্মদ হাতেম (সভাপতি, বিকেএমইএ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এক্সপোর্ট উইং প্রধান জনাব আব্দুর রহিম খান।
ইনটেক্স বাংলাদেশ ২০২৬-এ ভারত, চীন, তাইওয়ান, জাপান, জার্মানি, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, পাকিস্তান, হংকং, উজবেকিস্তান এবং বাংলাদেশসহ ১২টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ৩০০-এর বেশি বুথ অংশগ্রহণ করছে, যা চারটি নির্ধারিত প্রদর্শনী হলে বিস্তৃত। প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক, কৃত্রিম ফাইবার, ট্রিমস, অ্যাকসেসরিজ, কম্প্লায়েন্স সলিউশন, ট্রেসেবিলিটি প্রযুক্তি এবং টেকসই বস্ত্র উদ্ভাবন।
টেক্সপ্রোসিল, মেটেক্সিল এবং পিডেক্সসিলের সহায়তায় পরিচালিত ‘ইনক্রেডিবল টেক্সটাইলস অব ইন্ডিয়া প্যাভিলিয়ন’-এ ৭৫টিরও বেশি ভারতীয় কোম্পানি অংশগ্রহণ করছে, যারা তুলা, এমএমএফ, টেকসই ফেব্রিক এবং মূল্য সংযোজিত সোর্সিং সমাধান উপস্থাপন করছে। ‘চায়না ফ্যাশন টেক্সটাইলস প্যাভিলিয়ন’-এ চীনের প্রধান বস্ত্র উৎপাদনকারী প্রদেশগুলো থেকে ৭০টিরও বেশি প্রস্তুতকারক অংশগ্রহণ করছে, যারা ফ্যাশন ফেব্রিক, ফাংশনাল ম্যাটেরিয়াল, প্রযুক্তিগত বস্ত্র এবং পোশাক অ্যাকসেসরিজ উপস্থাপন করছে।
‘ইন্টারন্যাশনাল প্যাভিলিয়ন’ এই পরিসরকে আরও বিস্তৃত করেছে, যেখানে তাইওয়ান, জাপান, জার্মানি, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, পাকিস্তান, হংকং এবং উজবেকিস্তান থেকে আগত প্রদর্শকরা সোর্সিং পেশাজীবীদের জন্য উন্নত বস্ত্র প্রযুক্তি এবং পারফরম্যান্স ফেব্রিক উপস্থাপন করছেন।
জনাব আব্দুর রহিম খান বলেন, "উদ্ভাবন, কম্প্লায়েন্স এবং দক্ষ মানবসম্পদে সুনির্দিষ্ট বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ দায়িত্বশীল ফ্যাশন ও বস্ত্র সোর্সিংয়ের পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা বিশ্বাস করি, ইনটেক্স বাংলাদেশের মতো একটি প্ল্যাটফর্ম আমাদের কৌশলগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশাপাশি বিশ্ব বাজারে প্রতিযোগিতামূলক মানসম্পন্ন পণ্য সরবরাহে সহায়তা করবে।"
জনাব রাজেশ ভগত বলেন, "ইনটেক্স বাংলাদেশের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো এই শিল্পখাতকে উচ্চমানের সরবরাহকারী, বৈচিত্র্যময় পণ্য উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার সুযোগ প্রদান করা। এই প্ল্যাটফর্মটি একটি বিশ্বাসযোগ্য মাধ্যম হিসেবে গড়ে উঠেছে, যেখানে বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্ব বাজারে যুক্ত হতে পারে — কেবল সরবরাহকারী হিসেবে নয়, বরং এক কৌশলগত অংশীদার হিসেবে।"
প্রদর্শনীর পাশাপাশি, হল ৪-এর ‘ইন্টারঅ্যাকটিভ বিজনেস ফোরাম (আইবিএফ) সেমিনার সিরিজ’-এ অনুষ্ঠিত হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ সেশন: “স্কেলিং সাসটেইনেবল ম্যাটেরিয়ালস অ্যাক্রস গ্লোবাল সাপ্লাই চেইনস” (১৮ জুন, টেক্সটাইলজেনেসিসের সহযোগিতায়) এবং “ফ্রম ফ্যাক্টরি ফ্লোর টু গ্লোবাল ফ্যাশন ইনফ্লুয়েন্স” (২০ জুন, ফ্যাশন বিজনেস জার্নালের সহযোগিতায়), যেখানে আলোচনা করা হচ্ছে ট্রেসেবিলিটি, টেকসইতা এবং বিশ্ব পোশাক উৎপাদনে বাংলাদেশের পরিবর্তনশীল ভূমিকা নিয়ে।
এই প্রদর্শনীতে বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, ভারত, হংকং, চীন, জাপান, জার্মানি, যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজার থেকে সোর্সিং পেশাজীবী এবং ক্রেতা প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয়েছে।
পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) মোহাম্মদ মামুন ফারুক।
তিনি এখন হোলসেল ব্যাংকিং বিভাগের (ডব্লিউবিডি) প্রধানের দায়িত্ব পালন করবেন বলে ব্যাংক কর্তৃপক্ষ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মামুন ফারুক ১৯৯৯ সালে সিটি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১০ সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যোগ দেন। ব্যাংকিং পেশায় তার অভিজ্ঞতা ২৬ বছরের বেশি সময়ের।
এমটিবিতে তিনি শাখা ব্যাংকিং, ট্রেড অপারেশনস ও রিলেশনশিপ ব্যাংকিং এবং করপোরেট ব্যাংকিংয়ে দায়িত্ব পালন করেন।
ঢাকার অন্যতম বাণিজ্যিক স্থাপনা শান্তা পিনাকলে নতুন আউটলেট চালু করেছে বিউটি ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড ‘সুন্দরা’।
নতুন এই আউটলেটে ১৫০টির বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের বিউটি, পারফিউম, স্কিনকেয়ার ও অন্যান্য লাইফস্টাইল পণ্য পাওয়া যাবে।
দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা স্টোর নেটওয়ার্কের পাশাপাশি অনলাইন প্ল্যাটফরম sundora.com.bd -এর মাধ্যমেও গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বাজারে পরোটার চাহিদা বেড়েই চলছে। তাই উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন পরোটা উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানিটি জানিয়েছে, বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৮৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুরে অবস্থিত কারখানায় একটি নতুন পরোটা উৎপাদন লাইন কিনে স্থাপন করা হবে। বিদ্যমান বাজার চাহিদা মোকাবিলা এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কোম্পানি মনে করছে, নতুন উৎপাদন লাইন চালু হলে পরোটা উৎপাদনের সক্ষমতা বাড়বে। ফলে বাজারে পণ্যের সরবরাহ আরও জোরদার করা সম্ভব হবে। একই সঙ্গে ক্রমবর্ধমান ভোক্তা চাহিদা পূরণে প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়বে।
তবে নতুন উৎপাদন লাইনের জন্য সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ, স্থাপনের সময়সীমা কিংবা উৎপাদন সক্ষমতা কতটা বাড়বে— এসব বিষয়ে কোম্পানির পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ডিএসইর প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত কোম্পানির ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গোল্ডেন হারভেস্টের অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১৩ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির মোট পরিশোধিত মূলধন ২১৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৬২১টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৩০ দশমিক ৪২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৭ দশমিক ৯৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০ দশমিক ২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।
বাংলাদেশে তাদের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দারাজ বাংলাদেশ। একই সঙ্গে প্রতিষ্ঠানটি প্রযুক্তিনির্ভর বিনিয়োগ, বিক্রেতা নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সম্প্রতি গণমাধ্যমে দারাজের বিনিয়োগ ও পরিচালনা কার্যক্রম নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি এ অবস্থান স্পষ্ট করে। দারাজ জানিয়েছে, আলোচিত বিষয়গুলো তাদের বর্তমান কৌশলগত অগ্রাধিকার বা দৈনন্দিন কার্যক্রমের প্রতিফলন নয়।
প্রতিষ্ঠানটি জানায়, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে প্রযুক্তিনির্ভর সমাধানে বিনিয়োগ অব্যাহত রয়েছে। বাংলাদেশে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।
গত এক বছরে দারাজ প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি নতুন বিক্রেতা যুক্ত হয়েছেন। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিক্রেতা ইকোসিস্টেম সম্প্রসারণের ফলে কর্মসংস্থান ও আয়ের সুযোগও বৃদ্ধি পেয়েছে।
সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে দারাজ। ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় বিভিন্ন মানবিক সংস্থার সঙ্গে অংশীদারিত্ব এবং প্রতিষ্ঠান ও কর্মীদের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১ কোটি ২০ লাখ টাকার বেশি অনুদান দেওয়া হয়।
দারাজ বাংলাদেশের এক মুখপাত্র উল্লেখ করেছেন, “দারাজ বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। আমরা টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং দেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে কাজ করে যাচ্ছি। ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে সাংগঠনিক কাঠামো নিয়মিত পর্যালোচনা করা হয়, যাতে দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে কার্যক্রমের সামঞ্জস্য বজায় থাকে।”
দারাজ জানিয়েছে, বিক্রেতা সক্ষমতা বৃদ্ধি, গ্রাহক অভিজ্ঞতার উন্নয়ন এবং ডিজিটাল বাণিজ্যের প্রসারে তারা কাজ চালিয়ে যাবে। ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের বিস্তারকে সামনে রেখে শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রতিষ্ঠানটি মনে করে।
মন্তব্য