চট্টগ্রামের বোয়ালখালীতে কওমি মাদ্রাসায় শিশুর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় সেখানকার শিক্ষকরা পরিবারের কাছে যেসব কথা বলেছেন, তার সঙ্গে ছাত্রদের বর্ণনা মিলছে না। আরও নানা অসংগতি উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়।
মাদ্রাসা থেকে শিশু ইফতেখার মালিকুল মাশফিকের গলাকাটা দেহ উদ্ধার করা হয় গত শনিবার। তার মৃত্যু কীভাবে হলো, এর সঙ্গে কে বা কারা জড়িত, সেই বিয়ষটি খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে এক শিক্ষককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সেদিনের ঘটনাপ্রবাহ জানার চেষ্টা করেছে নিউজবাংলা। এ বিষয়ে তার পরিবার, মাদ্রাসাশিক্ষকসহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা হয়।
মাদ্রাসাপ্রাঙ্গণে কোন প্রতিষ্ঠানের অবস্থান কোথায়
মাজারের মূল ফটক দিয়ে ঢুকে একটু এগোলেই হাতের বাম পাশে শেখ অছিয়র রহমান আল ফারুকীর রওজা (কবর)। বাম পাশে মাঝারি আকারের একটি পুকুর। সবকিছু গড়ে উঠেছে রওজাকে ঘিরেই।
রওজার সঙ্গে একই ভবনে মসজিদ, তার নাম গাউসুল আজম মাইজভান্ডারি। মসজিদের উত্তর পাশে শাহ অছিয়র রহমান হেফজখানা ও এতিমখানা। হেফজখানা ও মাসজিদের সামনে একটি ছোট্ট খোলা মাঠ।
মাঠের উল্টো দিকে মাওলানা শাহ অছিয়র রহমানের বংশধরদের বসতবাড়ি। এর দক্ষিণ-পূর্ব পাশে রয়েছে শাহ অছিয়র রহমান স্মৃতি অ্যাকাডেমি। তবে অ্যাকাডেমিতে যেতে হয় মূল রাস্তা দিয়ে ঘুরে।
মাশফির নিখোঁজ হওয়া
সময়- ভোর ৫টা ৩৫।
মাওলানা শেখ অছিয়র রহমান আল ফারুকীর মাজারসংলগ্ন মসজিদে হয় ফজরের নামাজ। প্রার্থনা শেষে মাজার জিয়ারত ও মুনাজাতে অংশ নেয় ছাত্ররা। পরে সকাল সাড়ে ৬টার দিকে ছাত্রদের ছবক (তালিম) দেয়া হয়।
সেদিন ছবক দেয়ার দায়িত্বে ছিলেন মাদ্রাসাশিক্ষক হাফেজ আবু জাফর।
মাশফির পরিবারের কাছে তার দেয়া বক্তব্য অনুযায়ী, সকাল ৭টায় মাশফি বাথরুমে যাওয়ার কথা বলে ছুটি নেয়। তার সঙ্গে ছিল আরও তিনজন।
সকালের নাশতার জন্য মাদ্রাসার শিক্ষার্থীদের বিরতি দেয়া হয় সকাল সাড়ে ৭টায় । এরপর মাশফির নিখোঁজের বিষয়টি জানতে পারেন জাফর হুজুর।
সে বাড়িতে গেছে কি না খোঁজ করতে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে দেড় কিলোমিটার দূরে ফকিরাখালী এলাকায় মাশফির নিজ বাড়িতে পাঠান তিনি। এর পরপরই প্রায় ৭০০ মিটার দূরে চরণদ্বীপ পাঠান পাড়ায় মাশফির নানার বাড়িতে মাশফিকে খুঁজতে যান জাফর হুজুর নিজেই।
যদিও হুজুরের কাছে মাশফির মা ও ভাইয়ের মোবাইল নম্বর ছিল। কিন্তু তিনি কাউকে ফোন না দিয়ে নিজেই ছুটে যান।
মাশফির নানাবাড়িতে কী কথা
জাফর হুজুর মাশফির নানাবাড়িতে গিয়ে ঘুম থেকে ডেকে তোলেন শিশুটির ছোট মামা মাসুদ খানকে। ভাগনের নিখোঁজের কথা শুনে হুজুরের সঙ্গে তিনিও মাদ্রাসায় গিয়ে খোঁজা শুরু করেন।
এর মধ্যে মোবাইল ফোনে মাশফির বড় ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদকে জানান মাসুদ। তিনি বিষয়টি শুনে মাদ্রাসার কাছাকাছি দুই বন্ধুকে মাদ্রাসায় পাঠান এবং নিজেও রওনা দেন।
যেভাবে মাদ্রাসায় পাওয়া গেল মরদেহ
তারা মাদ্রাসায় যখন এসে পৌঁছান, তখন সময় ৮টা ১৪ মিনিট।
মাশফির মামার ফোনে ওই সময়ে একটি কল আসায় সময় জানাতে পারেন তিনি। মূল ফটক দিয়ে মাদ্রাসায় ঢোকার সময় শুনতে পান কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে বলাবলি করছে ‘পা দেখেছি’, ‘পা দেখেছি’।
এরপর মাদ্রাসার দোতলায় যান মাসুদ খান। সেখানে দুই ছাত্রের সঙ্গে রুস্তম হুজুর ও শাহাদাত হুজুরকে দেখতে পান। তখন হুজুরের হাতে ছিল লোহার রড।
সেই হুজুর জিনের সমস্যার কথা বলে সবাইকে আজান দিতে বললে দুই ছাত্র ও মাসুদ খান আজান দেয়া শুরু করেন।
পরে মাদ্রাসার দ্বিতীয় তলার দক্ষিণ দিকে লেপ মোড়ানো অবস্থায় পা দেখতে পান দুই ছাত্র। লেপ উল্টে মাশফিকে দেখে চিৎকার দেয় তারা।
এর মধ্যে মাশফির ভাই ও আশপাশের আরও বেশ কয়েকজন যান মাদ্রাসায়।
এরপর মাসুদ মাশফিকে কোলে নিয়ে নিচে নেমে গলা কাটা দেখতে পান। দ্বিতীয় তলায় অন্ধকার হওয়ায় শুরুতে মাশফির গলা কাটা খেয়াল করেননি তিনি।
এলো পুলিশ, মেলে না হুজুরের বর্ণনা
এর বেশ কিছু সময় পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জাফর হুজুর ও রুস্তম হুজুর পুলিশকে জানান, ঘটনার পর থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ আছে, তারাই ঘটনাটি ঘটাতে পারে।
কিন্তু পরে জানা যায়, ওই দুজন শিক্ষার্থীকে দেড় কিলোমিটার দূরের মাশফির বাড়িতে তাকে খোঁজার জন্যই পাঠিয়েছিলেন জাফর হুজুর। কিন্তু হুজুরের বর্ণনার সঙ্গে শিক্ষার্থীর বর্ণনায় কিছু অমিল খুঁজে পায় পুলিশ।
ওই মাদ্রাসার অপেক্ষাকৃত সিনিয়র চার শিক্ষার্থীর একজন ইদু আলম সাকিব। যে দুই শিক্ষার্থীকে মাশফির বাড়িতে পাঠানো হয়েছিল, তাদের একজন এই সাকিব। তার সঙ্গে কথা হয় নিউজবাংলার।
সাকিব জানায়, নামাজের পর জিয়ারত শেষে ছবক দেয়ার ৩ থেকে ৪ মিনিট পর মাশফি বাথরুমে যাওয়ার জন্য ছুটি নেয়। তখন ঘড়িতে সময় ভোর ৬টা ৩৫ মিনিট।
মাশফিকে রুম থেকে বের হয়ে মাদ্রাসার বারান্দা পর্যন্ত যেতে দেখেছে সে। তবে এ সময় মাশফি একাই ছিল, সঙ্গে আর কেউ ছিল না।
পরে খাবারের ছুটি দেয়া হলে কয়েকজন সহপাঠী সাকিবকে জানায়, মাশফি নেই। তখন বিষয়টি জাফর হুজুরকে জানায় সাকিব।
হুজুর তখন মাদ্রাসায় দুই তলায় ওঠার সিঁড়ির মুখে চেয়ারে বসে ধূমপান করছিলেন। এর মধ্যে আরও একাধিক ছাত্র বাথরুমে গিয়েছিল। সেখান থেকে এসে মাশফিকে না দেখার কথাও হুজুরকে বলেছিল তারা।
তখন হুজুর বিষয়টা নিয়ে কিছু বলেননি। খাবারের ছুটিতে মাশফিকে না পাওয়ার বিষয়টি জেনে সাকিব ও আবু তাহের নামের এক ছাত্রকে তার বাড়িতে খুঁজতে পাঠান হুজুর।
সাকিব মাশফির বাড়ি ও বাড়ির কাছাকাছি একটি স্কুলে খুঁজে ফের মাদ্রাসায় এসে জানতে পারে, শিশুটির লাশ পাওয়া গেছে। ততক্ষণে পুলিশও চলে এসেছে। এ সময় সে ভেতরে যেতে চাইলেও পুলিশ তাকে ভেতরে যেতে দেয়নি।
বাচ্চাকে জিনে ধরেছে বলে আজান
মাদ্রাসার পরিচালক সানাউল্লাহ ফারুকী নিউজবাংলাকে বলেন, ‘শুরু থেকে শিক্ষকরা বলছিলেন কোনো বাচ্চাকে জিনে পেয়েছে- এ রকম । তারপর আজানও দেয়া হয়। পরে আমরা গিয়ে দেখি মাশফির লাশ পড়ে আছে।
‘আমাদের শিক্ষক আছেন তিনজন, এর মধ্যে দুজন হেফজ বিভাগের ও একজন অ্যাকাডেমির। অ্যাকাডেমির যে শিক্ষক, তিনি কেবল হেফজখানায় অবস্থান করেন।’
মাদ্রাসার দ্বিতীয় তলায় একটি বিছানা রয়েছে বলে জানান মাশফির ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ।
এই বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার পরিচালক সানাউল্লাহ ফারুকী বলেন, ‘আমরা এটা বলতে পারছি না, আইনশৃঙ্খলা বাহিনী এটা তদন্ত করছে। আশা করি ভালো একটা প্রতিবেদন দেবে।’
শিক্ষার্থীদের বিভিন্ন সময় শারীরিক নির্যাতনের কথা স্বীকার করে তিনি বলেন, ‘বিভিন্ন কারণে হয়তো হেফজখানায় কোনো বাচ্চাকে শাস্তি দিয়েছে। এ রকম অভিযোগ মাঝে মাঝে আসত। শিক্ষকদের যেভাবে শাসন করতে নির্দেশনা দেয়া হয়, তারা সেভাবেই করতেন। কখনও বড় সমস্যা হয়নি। বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে যৌন হেনস্থার কোনো অভিযোগ আমরা কখনও পাইনি।
‘অনেক আগে একজন শিক্ষকের বিরুদ্ধে এ রকম অভিযোগ পাওয়ায় আমরা তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করেছি। বর্তমান তিন শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কখনই ছিল না।’
শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের নিয়ম অনুযায়ী মারধর করার সুযোগ নেই, যদিও হেফজখানা ও মাদ্রাসাগুলোতে আগে থেকেই শিক্ষার্থীদের মারধর করার প্রথা চলে আসছে। কিন্তু আমরা হুজুরদের কাউন্সেলিং করতাম। শিক্ষার্থীদের বলে-বুঝিয়ে পড়াতে হবে, মারধর করা যাবে না- এসব আমরা সব সময় শিক্ষকদের বোঝাতাম।’
মাশফির ভাইয়ের অভিযোগ মাদ্রাসায় শিশুদের দিয়ে কাজ করানো হতো।
এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেখানে থাকে, সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজন হলে তারা ঝাড়ু দেয়া বা এই ধরনের কাজগুলো সাধারণত করত।’
তবে এসব কাজের জন্য মারধরের বিষয়টি অস্বীকার করেন তিনি।
কথায় অনেক গরমিল: মাশফির ভাই
মাশফির বড় ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ নিউজবাংলাকে বলেন, ‘আমার ছোট ভাই কখনও মাদ্রাসায় মারধরের কথা আমাদের বলেনি। তবে মৃত্যুর কয়েক দিন আগে দুষ্টুমি করায় তাকে একটু মেরেছে বলে জানায় সহপাঠীরা। এ রকম একটা ঘটনা হবে কল্পনাও করিনি।’
সন্দেহের তালিকায় কারা আছে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষক তিনজন আর মাদ্রাসার বড় ছেলেরা। সবচেয়ে বেশি জাফর হুজুর। কারণ, উনিই দুই তলায় সিগারেট খেতে যেতেন। ওই জায়গাটাতে তিনি সিগারেট খেতেন। এখনও সিগারেটের প্যাকেট পড়ে আছে সিঁড়ির নিচে।’
মাশফির মামা মাসুদ খান বলেন, ‘জাফর হুজুর বলছেন, সাতটার দিকে আমার ভাগনেকে টয়লেটে যেতে অনুমতি দিয়েছেন। আর সাড়ে সাতটায় মাদ্রাসা ছুটি দিয়েছেন। কিন্তু উনি সাড়ে সাতটায় ছিলেন আমাদের বাড়িতে। সময়ের একটা গরমিল হচ্ছে।
‘সব দিকে খুঁজেটুজে যখন আমি মাদ্রাসায় গিয়েছিলাম, তখন ৭টা ৫৪ বাজে। পরে বাইর থেকে যখন আবার মাদ্রাসায় আসি, তখন ৮টা ১৪ মিনিট। ওই সময় আমি একজনকে কল দিয়েছিলাম।
‘আমরা কর্তৃপক্ষকে দোষারোপ করছি না, কিন্তু তাদের একটা ঘাটতি আছে। ওরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, কিন্তু সচল না৷
‘তারপর বাচ্চারা যে পড়াশোনা করতেছে, তাদের জন্য বাথরুম ভেতরে থাকা দরকার। এখন বাথরুম মাদ্রাসা থেকে ১০০ থেকে ১৫০ গজ দূরে। হুজুর বলছে যে চারজন ছাড়া একটা ছাত্রকে বের হতে দেয় না, কিন্তু এখন বলছে মাশফি একা গেছে। মাশফি একা কেমনে যাবে? চারজন ছাড়া যে বের হতে দেয় না, এটা জাফর হুজুর বলেছেন, কমিটিও বলছে।’
গ্রেপ্তার ও রিমান্ডে যারা
মাদ্রাসাছাত্র ইফতেখার মালিকুল মাশফিকে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের নামে মামলা করেছেন মামা মাসুদ খান। এ ঘটনায় তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সব কোশ্চেনের জবাব জানান চেষ্টা করছি: তদন্ত কর্মকর্তা
মামলাটি তদন্ত করছেন বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। তিনি নিউজবাংলাকে বলেন, ‘গ্রেপ্তার তিনজনের মধ্যে জাফর রিমান্ডে আছেন। আমরা তার কাছ থেকে আর কোনো তথ্য পাওয়া যায় কি না দেখছি।‘
জিজ্ঞাসাবাদে কী জানা গেল- এমন প্রশ্নে তিনি বলেন, ‘যেহেতু এটা তদন্তাধীন, তাই আমি এখন খোলাখুলি সেভাবে কিছু বলতে পারছি না। এতটুকু বলি যে আপনাদের যা যা কোয়েশ্চেন, সেসব কোয়েশ্চেনের উত্তর আমরাও বের করার চেষ্টা করছি। দ্রুতই সবকিছু বের হবে আশা করি।’
মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন জাহিদ হোসেন। ছবি: বাসস
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাহিদ হোসেন।
এই হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসা উনি (বেগম খালেদা জিয়া) গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি উনি মেনটেইন করছেন।
তিনি বলেন- আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাই। এবং আল্লাহ রাব্বুল আলামীন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের উনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণে হয়তো বা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।
বেগম খালেদা জিয়ার এই ব্যাক্তিগত চিকিৎসক বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সঙ্গে কোন ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি।
আবেগপ্রবণ কণ্ঠে জাহিদ হোসেন বলেন, ‘সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে.... আমরা আবারো আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আজকে দেশের মানুষের অকৃতিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত, সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই।’
ডা. জাহিদ বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন- ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসাকার্য সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। কোন ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সব ধর্মের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।
যুক্তরাজ্যের চিকিৎসকরা আজ আসছেন জানিয়ে জাহিদ বলেন, ‘আজকেও ইউকে থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞরা আসবেন এবং উনারা দেখবেন। দেখার পরবর্তীতে উনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, উনার মেডিকেল বোর্ড মনে করে তখনই উনাকে যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।’
তিনি বলেন, ‘আমাদের সকল প্রস্তুতি আছে। কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোন কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।’
দলের নির্ধারিত ব্যক্তি ছাড়া কারো ব্রিফিংয়ে কান দেবেন না এমন আহ্বান জানিয়ে জাহিদ বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে- আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ উনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে-মাঝে ব্রিফ করবেন। আমি ডাক্তার এসএম জাহিদ হোসেন দলের একজন কর্মী, আমি আপনাদেরকে উনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব।’ এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোন ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন তাহলে আর কোন গুজব ছড়ানোর সুযোগ থাকে না।
তারেক রহমান সর্বক্ষণ তদারকি করছেন জানিয়ে বেগম খালেদা জিয়ার এই চিকিৎসক বলেন, বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে উনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে তিনি দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন।’
জাহিদ বলেন, ‘দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্যসহ সারা দেশের মানুষের মতো প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে উনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা, এই হাসপাতাল হাসপাতালের চিকিৎসক নার্স এবং সব কর্তৃপক্ষ দিয়ে যাচ্ছেন এবং আমরা সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।’
তিনি বলেন, আমাদের বন্ধু প্রতীম দেশ যারা অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান, ভারত, আমাদের সরকার ও রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
অধ্যাপক জাহিদ জানান, গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতত্বে দেশি-বিদেশি চিকিৎসকরদের সমন্বয়ে মেডিকেল বেগম জিয়ার চিকিৎসা সেবায় কাজ করছেন। এই মেডিকেল বোর্ড রয়েছেন, অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ অধ্যাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, ডাক্তার জাফর ইকবাল. বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ, প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, যুক্তরাজ্য থেকে প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস, ডাক্তার জুবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিম কাজ করছেন।
গত ২৭ নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন বলে জানান অধ্যাপক জাহিদ। সূত্র: বাসস
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পশ্চিম বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন মেয়াদে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে অবসরে যাওয়া তিন প্রজন্মের তিনজন প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিদায়ী সংবর্ধনা গ্রহণকারী তিন প্রজন্মের তিনজন প্রধান শিক্ষক হলেন, সন্তোশ কুমার, মো: ফজলুল আমিন, মো: সোহরাওয়ার্দী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার টবগী ইউনিয়নে পশ্চিম বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রাক্তন প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সাইফুল ইসলাম কামরুছ, পরিচালক, পরিকল্পনা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রনজিৎ চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি), বোরহাউদ্দিন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাখাওয়াত হোসাইন হাওলাদার, উপদেষ্টা সম্পাদক, দৈনিক বাংলাদেশ বানী, কাজী শহীদুল আলম নাসিম, যুগ্ন আহ্বায়ক, বোরহানউদ্দিন উপজেলা বিএনপি, কাজল মিয়া হাওলাদার, সাধারণ সম্পাদক, টবগী ইউনিয়ন বিএনপি, বশির আহমেদ, সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, মানসুর হাওলাদার, জাকারিয়া আজম, অধ্যক্ষ, হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়, জসিমউদ্দিন হাওলাদার, চেয়ারম্যান, টবগী ইউনিয়ন পরিষদ, কামাল হাওলাদার, সাবেক চেয়ারম্যান, টবগী ইউনিয়ন পরিষদ, আঃ হান্নান মিঠু, সভাপতি, হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসা, তন্ময় শিকদার, সাধারণ সম্পাদক মলংচড়া ইউনিয়ন বিএনপি। এছাড়াও বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দীর্ঘ ১০ মাস ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজারের পদ শূন্য রয়েছে। এতে ব্যাহত হচ্ছে উপজেলার শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ডিসেম্বর পর্যন্ত সারিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে ছিলেন সরোয়ার ইউসুফ জামান এবং একাডেমিক সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন মিলন হোসেন। শিক্ষা কর্মকর্তা অবসরে যান এবং একাডেমিক সুপারভাইজার বদলি হয়ে অন্যত্র যোগদান করেন। এরপর থেকে এ দুই পদে কেউ নিয়োগ না হওয়ায় শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
বর্তমানে গাবতলী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সারিয়াকান্দির কার্যক্রম দেখছেন। তবে একাধারে দুই উপজেলার দায়িত্ব পালন করায় সারিয়াকান্দিতে প্রয়োজনীয় নজরদারি ও তদারকি হচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
এ অবস্থায় বিদ্যালয়গুলোতে নানা প্রশাসনিক ও একাডেমিক সমস্যার সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষকদের কাজের সমন্বয়, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম, বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের পেশাগত উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে স্থবিরতা দেখা দিয়েছে।
সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাকী মো. জাকিউল আলম বলেন, “দীর্ঘদিন শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা নষ্ট হচ্ছে। ফাইলপত্র জমা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা না পাওয়ায় শিক্ষকরা ভোগান্তিতে পড়েছেন।”
মথুরপাড়া কাজী বছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. তোফায়েল আহম্মেদ বলেন, “নিয়মিত শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষার মান উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষকদের সমস্যা ও সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে।”
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান বলেন, “বিষয়টি শিক্ষা বিভাগের হলেও আমি ইতোমধ্যে জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। দ্রুত পদায়নের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছি।”
বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, “সারিয়াকান্দির শূন্য পদে নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত গাবতলীর শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে কাজ করছেন। দ্রুত পদ পূরণের চেষ্টা চলছে।”
স্থানীয় শিক্ষাবন্ধুরা মনে করছেন, দ্রুত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার নিয়োগ না হলে উপজেলার শিক্ষার মান আরও পিছিয়ে পড়বে।
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের একটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। রোববার সকালের এ ঘটনায় দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কারখানাটির নিচ তলায় কাজ করছিলেন ওই শ্রমিকেরা। এক পর্যায়ে গ্যাস লাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। এতে ছয় শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সবার অবস্থাই গুরুতর। দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিরাপত্তাহীনতায় পুনরায় বাংলাদেশে অনুপ্রবেশের সময় গারো পাহাড় সীমান্তে মানব পাচারকারী চক্রের দুই সদস্যসহ ৭ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার (২৫ আগস্ট) সকাল পৌণে সাতটার দিকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নকশি সীমান্ত পথে নকশি ক্যাম্পের টহলরত বজিবি সদস্যরা তাদের আটক করে বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি ২৬ আগষ্ট সকালে বিজিবি পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলো মানব পাচারকারী চক্রের সদস্য নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪) ও আসমত আলীর ছেলে রাসেল (১৬)। আটক অনুপ্রবেশকারীরা হলো, নড়াইল জেলার কালিয়া থানার বোমবাঘ গ্রামের শামীম শেখ (২৩), আফসানা খানম (২২), রুমা বেগম (৩২), মিলিনা বিশ্বাস (২৮) ও তিন বছর বয়সী শিশু কাশেম বিশ্বাস।
বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মাথাপিছু ২০ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে গত ২৩ আগস্ট রাতের আধারে নালিতাবাড়ীর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে নারী এবং শিশুসহ ৫ বাংলাদেশীকে ভারতে পাঠায় মানব পাচারকারী রমজান আলী ও রাসেল। কিন্তু ভারতীয় পুলিশের তৎপরতায় নিরাপত্তাহীনতায় পড়ে এ পাঁচ বাংলাদেশী। এ কারণে ২৫ আগষ্ট সোমবার সকাল পৌণে সাতটার দিকে ঝিনাইগাতির নকশি সীমান্তের কালিমন্দির এলাকা দিয়ে পুনরায় তারা বাংলাদেশে প্রবেশ করে। এসময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে সবাইকে আটক করে। পরে মানব পাচারে জড়িত দুইজনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে এবং অন্য ৫ জনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয় এবং সবাইকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ময়মনসিংহ বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।
ঝালকাঠিতে গ্রাহকদের চাহিদা বিবেচনায় এনে ব্রান্ডশপ লোটো ও লি কুপার প্রতিষ্ঠানটি তাদের ১৩২তম ফ্লাগশিপ আউটলেট উদ্বোধন করেছে।
এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী জাভেদ ইসলাম সহ কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে ফিতা কেটে আউটলেটটি উদ্বোধন করেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
পৌর শহরের সাধনার মোড়ে মঙ্গলবার ২৬ আগষ্ট সকাল ১০টায় লোটো ও লি কুপারের ফ্ল্যাগশিপ আউটলেটদ্বয়ের শুভ উদ্বোধন আনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঝালকাঠিতে কোম্পানীর এ যাত্রার প্রথম দিনে স্থানীয় ফ্যাশন সচেতন তরুণ তরুণীরা তাদের পছন্দের পন্য কালেকশন বেছে নিতে ভীর জমায়।
কোম্পানীর পক্ষ থেকে জানানো হয় প্রথম তিনদিনের প্রতিদিন প্রথম ৩০ জন পাবেন ৫০% ছাড়, ২য় ৩০ জন পাবেন ৪০% ছাড়, ৩য় ৩০ জন পাবেন ৩০% ছাড়, ৪র্থ ৩০ জন পাবেন ২০% ছাড় এবং তৎপরবর্তী সকল কাস্টমার পাবেন ১০% ছাড়। এই বিশেষ ছাড় ২৬শে আগষ্ট থেকে শুরু হয়ে ২৮ তারিখ পর্যন্ত চলমান থাকবে
নওগাঁয় সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণ মামলায় আ: সালাম (৩৮) নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আ: সালাম সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ভিকটিম ওই শিক্ষার্থীর পরিবার পত্নীতলা উপজেলায় ভাড়া থাকতেন। ভাঙ্গারী ব্যবসার সুবাদে আসামী আ: সালামও পাশাপাশি একটি বাড়িতে ভাড়া থাকতেন। ভিকটিম মাদ্রাসায় যাওয়া আসার পথে আ: সালাম বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো এবং রাস্তাঘাটে বিরক্ত করতো। বিষয়টি জানাজানি হলে আসামী আ: সালাম ওই ভিকটিমের পরিবারকে গালিগালাজ ও ভয়ভীতি দেখাতো। এরই একপর্যায়ে ২০২২ সালের ১১ জুলাই বিকেল তিনটার দিকে আসামী আ: সালাম একটি বাজার এলাকা থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিন পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের ভাড়া বাড়িতে আটক রেখে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি বুঝতে পেরে ওই শিক্ষার্থীর বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র্যাব ওই বাড়ি থেকে আসামিকে গ্রেফতার ও মেয়েকে উদ্ধার করে। পরে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামী আ: সালামসহ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ আ: সালামকে যাবজ্জীবন কারাদন্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। বাকি আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়।
মামলার এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম সন্তোষ প্রকাশ করেন। আসামী পক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।
মন্তব্য